নীরব ঘাতক ডিম্বাশয়ের ক্যানসার

নারী প্রজননতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো ওভারি বা ডিম্বাশয়। প্রত্যেক নারীর এক জোড়া ডিম্বাশয় থাকে, যার কাজ প্রতি মাসে ডিম্বাণু তৈরির পাশাপাশি শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন হরমোন তৈরি করা। এ ডিম্বাশয়ে হতে পারে প্রাণঘাতী ক্যানসার। নারীস্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়লেও এ ক্যানসার সম্পর্কে জনগণের ধারণা এখনো সীমিত।

কেন নীরব ঘাতক

ডিম্বাশয়ের ক্যানসারের উপসর্গ সাধারণত অস্পষ্ট। পেট ফাঁপা, পেটে ব্যথা, অল্প খাবারেই পেট ভরে যাওয়া, ওজন কমে যাওয়া, প্রস্রাব বা পায়খানার অভ্যাসে পরিবর্তন ইত্যাদি উপসর্গকে বেশির ভাগ ক্ষেত্রেই গ্যাস্ট্রিকের সমস্যা বা হজমের গোলমাল হিসেবে তেমন গুরুত্ব দেওয়া হয় না। আর এ কারণে প্রায় ৭০ শতাংশ ক্ষেত্রে এ ক্যানসার শেষ পর্যায়ে ধরা পড়ে, যখন চিকিৎসা করা কঠিন হয়ে পড়ে।

যা জানা প্রয়োজন

বর্তমানে ডিম্বাশয় ক্যানসারের চিকিৎসায় উন্নত অস্ত্রোপচার, কেমোথেরাপি ও অত্যাধুনিক টার্গেটেড থেরাপি ব্যবহৃত হচ্ছে। চিকিৎসার সাফল্য অনেকাংশে নির্ভর করে, রোগটি কোন পর্যায়ে শনাক্ত হয়েছে, তার ওপর।

দ্রুত রোগ শনাক্ত হওয়ার জন্য নারীদের ঝুঁকিগুলো জানা প্রয়োজন। যাঁদের পরিবারে স্তন বা ডিম্বাশয়ের ক্যানসারের ইতিহাস আছে, তাঁদের রোগটি হওয়ার আশঙ্কা বেশি। এ ছাড়া সন্তান না হওয়া, দেরিতে সন্তান নেওয়া, স্থূলতা ও বয়সও ঝুঁকির কারণ হতে পারে। দুঃখজনক হলেও সত্য যে ডিম্বাশয় ক্যানসারের জন্য কার্যকর কোনো স্ক্রিনিং টেস্ট নেই। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা দরকার। লক্ষণ দেখা দেওয়ামাত্র চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

এ রোগ প্রতিরোধের নির্দিষ্ট কোনো উপায় না থাকলেও স্বাস্থ্যকর জীবনযাপন ঝুঁকি কমাতে সাহায্য করে। সুষম খাদ্য গ্রহণ, ব্যায়াম, ধূমপান পরিহার ও ওজন নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা ও দ্রুত চিকিৎসা নেওয়া। মনে রাখতে হবে, প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে ডিম্বাশয়ের ক্যানসার চিকিৎসাযোগ্য।

প্রতিবছর ৮ মে বিশ্ব ‘ওভারিয়ান ক্যানসার’ দিবস হিসেবে পালিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল নো উইমেন লেফট বিহাইন্ড’ অর্থাৎ ‘কোনো নারী যেন বাদ না পড়ে’। এর মূল উদ্দেশ্য হলো, এ ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং উন্নত চিকিৎসা ও গবেষণার গুরুত্ব তুলে ধরা।

  • ডা. মোছা. ফারহানা তারান্নুম খান, সহযোগী অধ্যাপক, গাইনি অনকোলজি, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা