‘মশাল’ নিয়ে বন্যার্তদের পাশে মুমু
পাঁচজনের দল নিয়ে ১৭ ঘণ্টার জার্নি শেষে মারিয়া মুমু যখন সিলেটের জগন্নাথপুরে পৌঁছান, ততক্ষণে সন্ধ্যা নেমে গেছে। গ্রামের মানুষেরা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন। মারিয়া ভেবেছিলেন, তাঁদের হয়তোবা বের করে দেবেন গ্রামের লোকেরা। কেননা, তিনি যে ত্রাণ নিয়ে গেছেন, শুরুতেই কাউকে বলেননি। বলেছেন যে কেবল কথা বলতে এসেছেন। ভয়াবহ বন্যা শেষে গ্রামের মানুষদের কাছে শহর থেকে একটা দল যে কেবল কথা শুনতে আসতে পারে, সেটি অবাক করেছিল গ্রামের মানুষদের।
২১ বছর বয়সী মারিয়া মুমু একের ভেতর অনেক। ‘মশাল’ তাঁর মানসিক স্বাস্থ্যসেবাবিষয়ক উদ্যোগ। এ ছাড়া তিনি মিস ইউনিভার্স বাংলাদেশে অংশ নিয়ে চতুর্থ হয়েছিলেন, সামাজিক কাজে পেয়েছেন প্রিন্সেস ডায়ানার স্মরণে তাঁর দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি পরিচালিত সম্মানজনক ডায়ানা অ্যাওয়ার্ড। এই মশালের উদ্যোগেই গিয়েছিলেন সিলেট ও সুনামগঞ্জের বন্যায় আক্রান্ত মানুষের পাশে।
গ্রামে বিদ্যুতের ব্যবস্থা নেই। কীভাবে যেন একটা লাইট জ্বালানোর ব্যবস্থা হলো।
গ্রামের লোকেরা কোনোরকমে এক বেলা বা দুবেলা খেয়ে থাকেন। এর ভেতরে অনেকে ব্যস্ত হয়ে উঠলেন অতিথিদের চা খাওয়ানোর জন্য। যাঁর বাড়ির উঠানে গিয়ে পৌঁছালেন, তাঁকে দিয়েই প্রশ্ন শুরু করলেন। প্রশ্ন করার আগে স্বাক্ষর অথবা আঙুলের ছাপে সম্মতি নিয়ে নিলেন। সিলেট থেকে স্থানীয় একজনকে নিয়ে গিয়েছিলেন, কথা বলতে যাতে সুবিধা হয়। মারিয়া বলেন, ‘আমি ভেবেছি, তাঁরা আমাদের সেভাবে সহযোগিতা করবেন না। কিন্তু অবাক হয়ে গেলাম যে তাঁরা কথা বলার জন্য উন্মুখ হয়ে আছেন। তাঁদের আন্তরিকতায় আমরা সিক্ত। আমার বিশ্বাস, তাঁরাও মন খুলে কথা বলে অনেকটাই হালকা হয়েছেন। কেননা, কিছু কিছু সময় কেবল গুরুত্ব দিয়ে, মন দিয়ে আরেকজনের কথা শোনাই মানসিক সমস্যার সবচেয়ে বড় সমাধান।’
সবার প্রথমে যিনি কথা বলেছেন, তাঁর নাম স্বপ্না বেগম। প্রতিটা প্রশ্নের উত্তর দিয়েছেন। বন্যার সময়কার ভয়াবহ অভিজ্ঞতার কথা বলেছেন। নিজের দুঃখকষ্টের কথা বলেছেন। বন্যার পর কি হার্টবিট বেশি? বুকের ভেতর ধুঁকপুক করে? হাত–পা জ্বালাপোড়া করে? প্রতিটা প্রশ্নের উত্তর এল, ‘হ্যাঁ, করে।’ বন্যার পর আগের চেয়ে কি কাজের আগ্রহ কমে গেছে? ‘হ্যাঁ’ উত্তর আসে। এখনো কি মনে হয়, যেকোনো সময় বন্যা হতে পারে? ‘হ্যাঁ হয়।’ মনে হয় যে আপনার জীবনের তেমন কোনো দাম নেই? ‘আমাদের ভিটা নেই, জমি নেই। খাওয়াদাওয়া নেই। থাকার জায়গা নেই। নানান অসুখবিসুখে ভুগছি। ভয়ে ভয়ে কোনোরকমে বেঁচে আছি। আমাদের জীবনের কী দাম?’ এসবই পিটিডি বা পোস্ট ট্রমাটিক ডিজঅর্ডারের লক্ষণ।
মারিয়া প্রশ্ন করছিলেন। পাশেই একজন সাইকোলজিস্ট সেসব নাম, বয়সসহকারে টুকে নিচ্ছিলেন। আরেকজন ক্যামেরা চালাচ্ছিলেন। যাতে ক্যামেরায় সব রেকর্ড থাকে। তাঁর একজন সহকারী ছিল। একজন ছবি তুলেছেন আর পুরো বিষয়টির সমন্বয় করেছেন। স্বপ্না বেগমের স্বামী তাজউদ্দিন প্রথম দিকের প্রশ্নগুলোর বেশ কয়েকটিতে উত্তর দিয়েছেন ‘না’। আজেবাজে স্বপ্ন দেখা, বুক ধড়ফড় করা—এগুলো তাঁর নেই। তবে পরের দিকের প্রশ্ন, যেমন আগের মতো কাজে আগ্রহ পাচ্ছেন কি না, এমন প্রশ্নের উত্তরে স্ত্রী স্বপ্নার মতোই জানিয়েছেন, পাচ্ছেন না। আর তাঁরও মনে হয়েছে যে তাঁর জীবনের বিশেষ দাম নেই।
পরদিন সকাল থেকে মারিয়ারা পৌঁছাতেই গ্রামের গাছতলায় লাইন দিয়ে দাঁড়িয়ে গেলেন ২০ থেকে ২৫ জন। সবাই তাঁদের মনের কথা বলতে চান। কেননা, সেই গ্রামের সবারই কমবেশি একই রকম অবস্থা। কেউ কারও কথা শোনার মতো মানসিক অবস্থায় নেই। সেখানে, ঢাকা থেকে একদল মানুষ গিয়েছেন কেবল তাঁদের কথা শোনার জন্য, বিষয়টিতে গ্রামের মানুষেরা ব্যাপক আগ্রহ দেখালেন।
এভাবে দুই দিনে সিলেট আর সুনামগঞ্জের তিন গ্রাম চিলাউড়া, জয়কলস আর মানিকগঞ্জের ৩৬ জন নারী–পুরুষকে ২১টি প্রশ্নের বিপরীতে তাঁদের গল্প শোনেন। এ ছাড়া গ্রামের ৫০০ জনকে তাঁরা পুনরায় ব্যবহারযোগ্য কাপড়ের স্যানিটারি ন্যাপকিন, ঠান্ডা-কাশি-জ্বরের ওষুধ, করোনার সময় খাওয়ার মতো কিছু ওষুধ, খাওয়ার স্যালাইন আর সাবানের প্যাকেট দেন। এর অর্থায়নে ছিলেন এক্সটেসির সিইও তানজীম হক।
যতজনের সঙ্গে কথা বলা হয়েছে, সেই প্রশ্নোত্তরগুলো অস্ট্রেলিয়ার মোনাশ ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ইউনিভার্সিটির ‘পোস্ট ট্রমাটিক ডিজঅর্ডার’ নিয়ে গবেষণার কাজে ব্যবহৃত হবে।