অতিমারীকালে যেভাবে ভালো থাকবে মন আর ফুসফুস
লকডাউনে বাড়ছে মানসিক চাপ। সেখান থেকে নানা মানসিক জটিলতা। আর সেটা তৈরি করছে নানা শারীরিক জটিলতা। করোনা মহামারিকালে ফুসফুস ভালো রাখা যেকোনো সময়ের চেয়ে আরও বেশি জরুরি হয়ে পড়েছে। এসকেএফ নিবেদিত সুস্বাস্থ্য নিয়ে আর নয় মাথাব্যথার চতুর্থ পর্বের বিষয় ছিল লকডাউনে কীভাবে মানসিক চাপমুক্ত থেকে ফুসফুস ভালো রাখা যায়।
এদিন অতিথি হিসেবে আমেরিকা থেকে লাইভে যুক্ত ছিলেন ইয়োগা সার্টিফায়েড যোগ চিকিৎসক কুশল রায় জয়। আরও ছিলেন মনোরোগ বিশেষজ্ঞ ডা. আহমেদ হেলাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অর্চি রহমান।
কুশল রায় জয় ঘুম থেকে উঠেই খুব সহজ অথচ কার্যকরী কিছু ব্যায়ামের কথা বলেন। যেমন বিছানায় শুয়ে থেকেই হাত ওপরের দিকে নিয়ে লম্বা করে ধীরে ধীরে শ্বাস নেওয়া ও ছাড়া। আবার বিছানায় বসেও নাকের এ পাশ বন্ধ করে অন্য পাশ দিয়ে দম নিতে হবে। আবার যে পাশ দিয়ে দম নেওয়া হলো, সে পাশ বন্ধ করে অন্য পাশ দিয়ে ধীরে ধীরে দম ছাড়তে হবে।
কিছুক্ষণ এভাবে করার পর একটু বিরতি নিতে হবে। এরপর আবার দুই হাত ওপরের দিকে নিয়ে বসে লম্বা করে শ্বাস নিতে হবে আর ধীরে ধীরে ছাড়তে হবে। হাত ওপরে রাখার অর্থ ফুসফুসে বাতাস যাওয়ার জায়গাটা প্রশস্ত করা, যাতে বেশি বাতাস যেতে পারে।
ডা. আহমেদ হেলাল জানান, এই সময়ে নিজে নিজে করা যায়, এমন কিছু সহজ ব্যায়াম অনেক কাজে দেবে। মাইন্ডফুলনেস যোগব্যায়াম, রিল্যাক্সেশন ব্যায়াম কাজে দেবে। পাঁচ মিনিটের এই ব্যায়ামগুলো ইন্টারনেটেই খুঁজে পাওয়া যাবে। প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে এসব ব্যায়াম জরুরি। এই দুই চিকিৎসকের সঙ্গে মহামারিকালে যেসব রোগী বিভিন্ন সমস্যায় দেখা করেছেন, তাঁদের ৭০ শতাংশ মানসিক সমস্যাজনিত কারণে।
কিন্তু রোগীরা নিজেরাই জানেন না যে এগুলো মানসিক সমস্যা। যেমন কারও রাতে ঘুম হচ্ছে না, উচ্চ রক্তচাপ বা হঠাৎ করেই বেড়ে গেছে ডায়াবেটিস। এগুলো সব মানসিক চাপ, টেনশন থেকে সৃষ্ট। করোনার পর স্বাভাবিক অবস্থায় ফিরতেও শ্বাসের কিছু ব্যায়াম, স্পেশাল ফিজিওথেরাপি এগুলো জরুরি।
মহামারিকালে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য নিয়মিত হাঁটাহাটি, খেলাধুলা, বাগান করা বা শারীরিক পরিশ্রম করা জরুরি। সবচেয়ে বেশি জরুরি ধূমপান থেকে দূরে থাকা। ধূমপান ফুসফুসের সবচেয়ে বড় শত্রু। যেমনভাবে চোখ বা চুলের যত্ন নেওয়া প্রয়োজন, একইভাবে মনের যত্ন নেওয়াও জরুরি। মনের জন্য ক্ষতিকর, এমন সব বিষয় এড়িয়ে চলা দরকার। প্রতিদিন নিজেকে ধন্যবাদ দেওয়া দরকার।
মনের যত্ন নিতে হবে, মনের জন্য ক্ষতিকর বিষয়গুলো এড়িয়ে চলতে হবে। একে অপরকে ধন্যবাদ দিতে হবে। একইভাবে প্রতিদিন একবার করে নিজেকেও ধন্যবাদ দেওয়া দরকার।