
কদিন পরপর গলাব্যথা, জ্বর, খেতে গিয়ে কান্না—শিশুদের টনসিলের এমন প্রদাহ ও সংক্রমণ একটু বেশিই হয়। টনসিলের এই সমস্যাকে বলা হয় টনসিলাইটিস বা টনসিলের প্রদাহ। এমনিতেই টনসিলের এই প্রদাহ ব্যথানাশক ও অ্যান্টিবায়োটিক চিকিৎসায় ৩ থেকে ৭ দিনেই ভালো হয়ে যায়। কিন্তু বারবার এসব ঝামেলা সহ্য হয়? তাহলে অস্ত্রোপচার করে টনসিল ফেলে দেওয়াই কি ভালো সমাধান?
একটু বড় শিশুদের এই রোগ বেশি হয়। কারণ, এই বয়সের শিশুরা চঞ্চল, পানি ধরে, বৃষ্টিতে ভেজে। ফ্রিজের পানি আর আইসক্রিম তো আছেই। টনসিলের প্রদাহ থেকে রক্ষা পেতে এসব থেকে শিশুকে বিরত রাখতে হবে।
অনেক ক্ষেত্রে দেখা যায়, টনসিলের চিকিৎসা করার পর কোনো ব্যথা বা উপসর্গই নেই কিন্তু টনসিলগুলো স্থায়ীভাবে ফুলে রয়েছে। এ ক্ষেত্রে পুনরায় অ্যান্টিবায়োটিক দেওয়ার কোনো প্রয়োজন নেই। আবার টনসিল বড় হলেই যে অস্ত্রোপচার করতে হবে, তা-ও নয়। আসুন জেনে নিই কোন কোন পরিস্থিতিতে টনসিলে অস্ত্রোপচার করা দরকার।
১. বছরে চার-পাঁচবার করে একাধারে দুই বছর টনসিলের সংক্রমণ হলে।
২. প্রতিবছর একাধারে দু-তিনবার করে পরপর তিন বছর টনসিলের সংক্রমণ হলে।
৩. টনসিল বড় হওয়ার জন্য ঘুমের মধ্যে শ্বাসকষ্ট হলে বা নাক ডাকলে এবং বৃদ্ধি ব্যাহত হলে।
৪. টনসিলের ফোড়া বা পুঁজ অ্যান্টিবায়োটিকেও না সারলে।
৫. ছয় মাস যথাযথ চিকিৎসার পরও রোগ না সারলে।
টনসিলে অস্ত্রোপচারে শরীরের কোনো ক্ষতি হয় না। অনেকে বলেন, টনসিল রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধিকারী অঙ্গ, তাই ফেলে দিলে কী হবে? আসলে রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধিতে টনসিল সাহায্য করলেও এটা ছাড়াও শরীরে আরও অঙ্গ রয়েছে, যেগুলো আমাদের জীবাণুর হাত থেকে বাঁচায়। তাই টনসিলে অস্ত্রোপচার নিয়ে অহেতুক ভয় পাওয়া ঠিক নয়। খুব ছোট শিশুদেরও কোনো জটিলতা ছাড়াই অস্ত্রোপচার সফল হচ্ছে। তবে আগে থেকে নাক-কান-গলা বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে নিশ্চিত হয়ে নিন আসলেই শিশুর অস্ত্রোপচার লাগবে কি না।
শিশু বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল