আঁকাবাঁকা শিরার চিকিৎসা জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকের পায়ের শিরাগুলো চামড়ার নিচে ফুলে ওঠে। আর বাইরে থেকে সেগুলোকে আঁকাবাঁকা মনে হয়। এই সমস্যার নাম ভ্যারিকোস ভেইন বা বর্ধিত শিরা। এটি রক্তনালির রোগ।
কারণ: জন্মগতভাবে পায়ের শিরার ভাল্ভ ত্রুটিপূর্ণ থাকলে, শিরার দেয়াল দুর্বল থাকলে এ রোগ হতে পারে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করলে ভ্যারিকোস ভেইন হওয়ার আশঙ্কা বেশি। এ জন্য রোগটিকে একসময় ট্রাফিক পুলিশের রোগ বলা হতো। অবশ্য যেকোনো পেশার মানুষই এ সমস্যায় আক্রান্ত হতে পারেন। গর্ভাবস্থা, পেটে বড় কোনো টিউমার অথবা পানি জমলেও রক্তনালি এভাবে ফুলে উঠতে পারে।
চিকিৎসা: প্রাথমিক পর্যায়ে শুধু জীবনযাপন পদ্ধতিতে কিছু পরিবর্তন এনে বর্ধিত শিরা সমস্যায় উপকার পাওয়া যায়, যেমন শোয়ার সময় পা উঁচু রাখা, হাঁটার সময় পায়ে বিশেষ ধরনের মোজা পরা ইত্যাদি। এতে কাজ না হলে অন্য চিকিৎসা নিতে হবে। এ রোগের চিকিৎসা হিসেবে অস্ত্রোপচার, লেজার চিকিৎসা, ইনজেকশন ইত্যাদি পদ্ধতি প্রচলিত রয়েছে। এসব চিকিৎসা দেশেই আছে।
চিকিৎসা না করালে ভ্যারিকোস ভেইন থেকে কিছু জটিলতা হতে পারে। যেমন পায়ের চারপাশ কালো হয়ে যাওয়া, আলসার বা ঘা, হঠাৎ করে পা থেকে রক্তপাত হওয়া ইত্যাদি। আর ভ্যারিকোস ভেইনের রোগীরা চাকরি নিয়ে বিদেশ যেতে পারেন না। প্রতিরক্ষা বাহিনীতে চাকরির অযোগ্য বলে বিবেচিত হন তাঁরা।
ডা. এস এম জি সাকলায়েন
ভাসকুলার সার্জারি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

প্রশ্নোত্তর
প্রশ্ন: মুখে বেশি লালা জমে থাকলে কী করা উচিত?
উত্তর: মুখে লালা তৈরি হওয়া একটা স্বাভাবিক প্রক্রিয়া এবং এই লালা স্বাভাবিকভাবেই গলাধঃকরণ হয়ে যায়। কোনো কারণে লালাগ্রন্থি থেকে বেশি লালা তৈরি হলে বা তা গলাধঃকরণে সমস্যা হলে মুখে জমে থাকতে পারে। নানা ধরনের শারীরিক সমস্যার কারণে এমনটা হয়। এ বিষয়ে নাক-কান-গলা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
অধ্যাপক এ এফ মহিউদ্দিন খান
বিভাগীয় প্রধান, নাক-কান-গলা বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ