আইইডিসিআর ও আইসিডিডিআরবির যৌথ গবেষণার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) যৌথভাবে এ বছর ঢাকা শহরের চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব নিয়ে একটি গবেষণার উদ্যোগ নিয়েছে। গবেষণায় ঢাকা শহরের ৪ হাজার ৫৩৬টি পরিবার থেকে তথ্য নেওয়া হবে।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক মীরজাদি সেব্রিনা প্রথম আলোকে বলেন, প্রশ্নপত্রের মাধ্যমে তথ্য সংগ্রহ ও রক্তের নমুনা সংগ্রহের কাজ শুরু হয়েছে। দুই মাস ধরে এই সংগ্রহের কাজ চলবে। এরপর শুরু হবে রক্ত পরীক্ষা ও তথ্য বিশ্লেষণের কাজ। সেই কাজ কবে শেষ হবে এবং গবেষণা ফলাফল কবে প্রকাশ করা হবে, তা তিনি নির্দিষ্ট করে বলতে পারেননি। তিনি শুধু বলেছেন, ‘যত দ্রুত সম্ভব আমরা ফলাফল চূড়ান্ত করব এবং তা প্রকাশ করব।’

এ বছরের এপ্রিল মাসের শুরু থেকে ঢাকা শহরে চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়। শুরুর দিকে বিষয়টিকে গুরুত্ব দেয়নি কর্তৃপক্ষ। সরকারের পক্ষ থেকে বলা হয়, চিকুনগুনিয়া সাধারণ রোগ, এতে মানুষ মারা যায় না। প্যারাসিটামলেই রোগ ভালো হয়ে যায়। মে মাসের মাঝামাঝি এসে এডিস মসা নিধনের ওপর জোর দেওয়া হয়।

ইতিমধ্যে অনেক রোগী জ্বর থেকে সেরে ওঠার পর শরীরে নানা জটিলতার কথা বলতে থাকে। ভিড় জমাতে থাকে হাসপাতাল, ক্লিনিক ও চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারে। চিকিৎসকদের মধ্যে চিকিৎসা নিয়ে নানা বিভ্রান্তি দেখা দেয়। রাস্তাঘাট, অফিস-আদালত, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়, আড্ডা, বিয়েবাড়ি—সব জায়গাতে চিকুনগুনিয়ার আলাপ শোনা যেতে থাকে। কত মানুষ এই রোগে আক্রান্ত হয়েছে বা হতে পারে, তার কোনো পরিসংখ্যান স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়নি। একটি গবেষণার উদ্যোগ আইইডিসিআর শুরু করলেও তা আর চূড়ান্ত করা হয়নি। অন্যদিকে একাধিক বিশেষজ্ঞ পরিস্থিতিকে মহামারি বলে উল্লেখ করেন। সরকার একে মহামারি বলেনি। কত মানুষ এই মশাবাহিত রোগে আক্রান্ত হয়েছিল, তা হিসাব করারও উদ্যোগ নেওয়া হয়নি। তবে মানুষের জানার আগ্রহ ছিল। সেই কারণে গবেষণার এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছে।

‘২০১৭ সালে ঢাকা শহরে চিকুনগুনিয়া প্রাদুর্ভাবের প্রভাব অনুসন্ধান’ শীর্ষক গবেষণার উদ্দেশ্য দুটি। এক. ঢাকা মহানগরীর বাসিন্দাদের মধ্যে যাঁরা সাম্প্রতিক চিকুনগুনিয়া ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাঁদের রক্তের সিরাম ইমিউনোগ্লোব্যুলিন এম (আইজিএম)–এর উপস্থিতির ভিত্তিতে কত ভাগ মানুষ আক্রান্ত হয়েছেন, তার হিসাব করা। দুই. চিকুনগুনিয়া ভাইরাস সংক্রমণের সঙ্গে যুক্ত ব্যক্তি এবং পরিবারের ঝুঁকিসম্পর্কিত বিষয়গুলো চিহ্নিত করা।

গবেষণার তথ্য সংগ্রহের পদ্ধতি হিসেবে বলা হয়েছে, দৈবচয়নের ভিত্তিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ১০টি অঞ্চল থেকে ১০টি ওয়ার্ড বাছাই করা হবে। বাছাইকৃত ওয়ার্ডগুলো থেকে মোট ৪ হাজার ৫৩৬টি পরিবারের তথ্য নেওয়া হবে। বর্তমানে আক্রান্ত সন্দেহভাজন রোগীর এবং দৈবচয়নের ভিত্তিতে প্রতিটি পরিবারের একজন ব্যক্তি থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হবে। আইইডিসিআর পরীক্ষাগারে বর্তমানে আক্রান্ত রোগীর পিসিআর (পলিমারেজ জেইন রিঅ্যাকশন) পরীক্ষা করা হয়। অন্যান্য সন্দেহভাজন রোগী এবং উপসর্গ নেই এমন প্রত্যেকের ক্ষেত্রে রক্তের নমুনা সংগ্রহ করে এলাইজা পদ্ধতির দ্বারা ইমিউনোগ্লোব্যুলিন এম পরীক্ষা করা হবে। এই পরীক্ষার মাধ্যমে কোনো ব্যক্তি চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছিল কি না তা জানা যাবে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই পরীক্ষা থেকে শতভাগ সঠিক তথ্য পাওয়া যায় না।

ডেঙ্গু

ডেঙ্গু হচ্ছে ভাইরাসজনিত একটি জ্বর। এডিস মশা এই রোগের বাহক। মশা থেকে মানুষে এবং আক্রান্ত মানুষ থেকে মশায় এই রোগ ছড়ায়।

এ রেগের লক্ষণগুলো হচ্ছে–

l শরীরের তাপমাত্রা ১০৪ ডিগ্রি থেকে ১০৫ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পায়।

l জ্বরের সঙ্গে মাথা ব্যথা এবং মাংসপেশী, চোখের পেছনে, মেরুদণ্ডে ও হাড়ে ব্যথা থাকে।

l চামড়ার নিচে লালচে র‍্যাশ দেখা দেয়।

l এছাড়া, দাঁতের মাড়ি, নাক–মুখ ও পায়খানার রাস্তা দিয়ে রক্তপাত হতে পারে।

চিকিৎসা

সাধারণ ডেঙ্গুজ্বর এমনিতেই সেরে যায়। তবে জ্বরের সঙ্গে রক্তক্ষরণ থাকলে অর্থাৎ হেমোরেজিক ডেঙ্গুজ্বর মারাত্মক হতে পারে।

l জ্বর ও ব্যথা কমাতে প্যারাসিটামল–জাতীয় ওষুধ দেওয়া যেতে পারে। তবে কোনো অবস্থাতেই অ্যাসপিরিন জাতীয় ওষুধ দেওয়া যাবে না।

l রোগীকে প্রচুর পানি ও তরল খাবার খেতে দিতে হবে।

l জ্বর কমাতে মাথায় পানি দিতে হবে এবং ভেজা কাপড় দিয়ে রোগীর গা মুছিয়ে দিতে হবে।

l রোগীকে সব সময় মশারির ভেতর রাখতে হবে।

l রক্তক্ষরণ হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে।

প্রতিরোধ

l আবদ্ধ ও স্বচ্ছ পানিতে ডেঙ্গুরোগ বহনকারী এডিস মশা জন্মে। তাই ফুলের টব, ভাঙা হাড়ি, ফেলে দেওয়া গাড়ির টায়ার, টিন–প্লাস্টিকের কৌটা, ড্রাম, নারকেলের খোসা এবং এয়ারকন্ডিশনার–রেপ্রিজারেটরের তলায় পানি জমতে দেওয়া যাবে না।

l বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখতে হবে।

l এই মশা দিনের বেলায় কামড়ায়। তাই মৌসুমে দিনে ঘুমানোর সময়ও মশারি ব্যবহার করতে হবে।