আনন্দভ্রমণে সঙ্গী যখন শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুদের সঙ্গে নিয়ে বেড়াতে গেলে স্বাস্থ্যসতর্কতা জরুরি l ফাইল ছবি
শিশুদের সঙ্গে নিয়ে বেড়াতে গেলে স্বাস্থ্যসতর্কতা জরুরি l ফাইল ছবি

সামনে বার্ষিক পরীক্ষা, আর তা শেষ হলেই হয়তো ভাবছেন সন্তানদের নিয়ে গ্রামের বাড়ি বা দূরে কোথাও বেড়াতে যাবেন, কিন্তু বাড়ির ছোট্ট সদস্যদের দিকে তাকিয়ে ঠিক সাহস করে উঠতে পারছেন না। তা কেন হবে? বরং একটু সতর্কতা বজায় রেখে পুরো আনন্দটাই নিন।
বমি বা বমি ভাব: শিশুদের প্রায়ই ভ্রমণে বমি হয় বা বমির ভাব হয়। একে বলা হয়, মোশন সিকনেস। অন্তঃকর্ণ আমাদের শরীরের গতি ও জড়তার ভারসাম্য রক্ষা করে। যখন গাড়িতে চড়ি তখন অন্তঃকর্ণ মস্তিষ্কে খবর পাঠায় যে সে গতিশীল। কিন্তু চোখ বলে ভিন্ন কথা। কারণ, তার সামনের বা পাশের মানুষগুলো কিংবা গাড়ির আসনগুলো তো স্থির। চোখ আর অন্তঃকর্ণের এই সমন্বয়হীনতার ফলে তৈরি হয় ‘মোশন সিকনেস’। শিশুদের ক্ষেত্রে এটি বেশিই হয়। এ থেকে বাঁচতে তাদের ভ্রমণের আগে খুব অল্প ও শুকনো খাবার খাওয়াবেন। গাড়িতে উঠে চুপচাপ বসে থাকতে বলুন। বাইরে বেশি তাকানোর দরকার নেই। প্রয়োজনে চিকিৎসকের কাছ থেকে মাত্রা জেনে ডমপেরিডন-জাতীয় ওষুধ ভ্রমণের ৩০ মিনিট আগে খাইয়ে দিন। গাড়িতে ওঠার ৩০ মিনিট পর আরেকটা খাওয়ান। অবশ্যই ভ্রমণে হাতের ব্যাগে পলিথিন ব্যাগ, টিস্যু, রুমাল বা তোয়ালে এবং বাড়তি কাপড়-চোপড় রাখুন। সঙ্গে রাখুন পানির বোতলও।
ছোট শিশুর যত্ন-আত্তি: খুব ছোট শিশুকে নিয়ে দীর্ঘ ভ্রমণ করতে গেলে অবশ্যই বাড়তি ডায়াপার সঙ্গে নিন, ভিজে গেলে গাড়িতে বা বাসে বসেই পাল্টে দিন ডায়াপার। পাল্টানোর জন্য দরকার হলে একটি পলিথিন সঙ্গে নিন, আরও নিন ময়লা জিনিসপত্র ফেলার জন্য একটি ব্যাগ। চলন্ত গাড়িতে বা ট্রেনে বুকের দুধ খাওয়াতে অসুবিধা হলে তা চেপে একটি বোতলে নিতে পারেন, পরিষ্কার বাটি চামচ ব্যবহার করে খাইয়ে দিতে পারবেন।
শিশুর খাবার-দাবার: বাইরের বা পথে-ঘাটের খাবার না বুঝে শিশুদের না খাওয়ানোই ভালো। পথে খাবার জন্য বিস্কুট, মুড়ি, ফলমূল বা শুকনো খাবার রাখুন। ভ্রমণে বিশুদ্ধ পানি সঙ্গে নিতে ভুলবেন না। ভ্রমণে গিয়ে পেটের গন্ডগোল হয় অনেকেরই, তাই রাস্তার পাশের খাবার খাবেন না। রেস্টুরেন্টে খেলেও খাওয়ার আগে কিন্তু সাবান দিয়ে হাত ধুতে হবে।
রোদে ঘোরাঘুরি: বেড়াতে গেলে শিশুরা তো উন্মুক্ত পরিবেশে দৌড়াবেই। কিন্তু রোদে পুড়ে তাদের ত্বকের ক্ষতি হতে পারে। এ জন্য মাথা ও মুখ ঢাকে এমন ক্যাপ এবং রোদচশমা পরা জরুরি ।
শিশুর ওষুধ: ভ্রমণে দরকারি ওষুধ নিতে ভুলবেন না। বিশেষ করে খাবার স্যালাইনের প্যাকেট, ডেটল-সেভলন, কটন, ব্যান্ডেজ, জ্বরের জন্য প্যারাসিটামল ইত্যাদি। কারণ, আপনি যেখানে যাচ্ছেন সেখানে হয়তো সব ওষুধ পাওয়া নাও যেতে পারে। এ ছাড়া শিশুদের জন্য নিতে হবে নাকের ড্রপ নরসল, জ্বরের ওষুধ প্যারাসিটামল, কফ সিরাপ এবং সর্দির জন্য অ্যান্টিহিস্টামিন। অনেক সময়ই দেখা যায়, শিশুর অসুখের কারণে ভ্রমণ সংক্ষিপ্ত করতে হচ্ছে। এ জন্য শিশুর স্বাস্থ্যের দিকে আলাদা করে খেয়াল রাখা উচিত।
শিশু বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল|