আপনার প্রশ্ন, চিকিৎসকের পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন :

আমার বয়স ২০ বছর। কয়েক সপ্তাহ পরপর আমার জিব ও ঠোঁটে সাদা ফুসকুড়ির মতো হয়। শাকসবজিসহ ভিটামিন–জাতীয় খাবার খাই। এরপরও কিছুদিন পরপর এগুলো হওয়ার কারণ কী? প্রতিকারের উপায় জানতে চাই।—তাসলিম উদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

মনে হচ্ছে এটা অ্যাপথাস আলসার। সাধারণত মানসিক চাপ, আঘাত, ভিটামিন ও মিনারেল স্বল্পতা (যেমন জিংক, বি১২), রক্তস্বল্পতা, কোষ্ঠকাঠিন্য, পারিবারিক ইতিহাস, ভাইরাস সংক্রমণ, বদহজম, হরমোনাল তারতম্য প্রভৃতি এর কারণ। দুশ্চিন্তামুক্ত থাকুন, পর্যাপ্ত ঘুম দরকার। উষ্ণ পানিতে লবণ মিশিয়ে কুলকুচি, মুখের সঠিক স্বাস্থ্য পরিচর্চা, পুষ্টিকর খাবার, পর্যাপ্ত তরল পান ও চিকিৎসকের পরামর্শ এ রোগের প্রবণতা কমাতে সাহায্য করবে। সাময়িক আরামের জন্য বেকিং সোডা, মিল্ক অব ম্যাগনেশিয়া লাগানো যেতে পারে। ১৪ দিনেও সেরে না উঠলে অবশ্যই দন্ত চিকিৎসকের পরামর্শ জরুরি।

পরামর্শ দিয়েছেন—ডা. মো. আসাফুজ্জোহা, রাজ ডেন্টাল সেন্টার, কলাবাগান, ঢাকা।

প্রশ্ন :

আমার বয়স ৩৯ বছর। শরীর ব্যথা ও দুর্বলতায় ভুগছিলাম। সম্প্রতি অবসাদ ও কাজের প্রতি বিরক্তি, বিশেষ করে হাড়ের ব্যথায় প্রায় অচল হওয়ার উপক্রম। সঙ্গে মাথায় প্রচণ্ড যন্ত্রণা হয়, ঘুম একেবারেই ঠিকমতো হয় না। মেডিসিন বিশেষজ্ঞ দেখালে তিনি বিভিন্ন পরীক্ষা করে রিপোর্ট ভালো হওয়ায় দুশ্চিন্তা কমানোর ওষুধ, অস্টিওআর্থ্রাইটিস বা গেঁটে বাতের জন্য ব্যথার ওষুধ ও ক্যালসিয়াম দেন। কয়েক মাস আগে আমার নবম শ্রেণিপড়ুয়া মেয়ের টিবি বা যক্ষ্মা হয়েছিল। আমার শরীরে কি যক্ষ্মার জীবাণু থাকতে পারে?—নাম প্রকাশে অনিচ্ছুক, নারায়ণগঞ্জ।

যক্ষ্মা হলে ওজন কমা, অরুচি, জ্বর জ্বর ভাব ইত্যাদি থাকার কথা। শরীরে কোনো গ্রন্থি ফোলা আছে কি না, তা চিকিৎসক নিশ্চয় দেখেছেন। মাথা যন্ত্রণা ও অনিদ্রার জন্য আপনার অ্যাংজাইটি কমানোর ওষুধ লাগতে পারে, যা বিশেষজ্ঞ মনোবিদ দেখিয়ে নিয়ে গ্রহণ করাই ভালো। যক্ষ্মা হয়ে থাকলে আপনার মেডিসিন বিশেষজ্ঞ তা শারীরিক পরীক্ষা ও ল্যাব রিপোর্ট থেকে আঁচ করতে পারতেন।

পরামর্শ দিয়েছেন—ডা. আ ফ ম হেলালউদ্দিন, মেডিসিন বিশেষজ্ঞ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা।

প্রশ্ন :

আমার বয়স ২৪ বছর। ছোটবেলা থেকেই অতিরিক্ত ঘামি আমি। আমার অন্য কোনো সমস্যা হয় না। আমি এটা স্বাভাবিক বলে ধরে নিয়েছি। আমার এক চিকিৎসক বন্ধু বলেছিল এটা থাইরয়েডের সমস্যা হতে পারে। আমার আব্বা বলেছেন, বেশি করে পেঁয়াজ খেতে, তাহলেই নাকি সেরে যাবে। আমার কী করা উচিত?—আসিফ ইকবাল, পাটকেলঘাটা, সাতক্ষীরা।

যদি থাইরয়েডের সমস্যার কারণে অতিরিক্ত ঘাম হতো, তাহলে আপনার আরও কিছু সমস্যাও হওয়ার কথা। যেমন ওজন হ্রাস, নরম পায়খানা, বুক ধড়ফড়, থাইরয়েড ফুলে যাওয়া ইত্যাদি। এসব যখন নেই, তাহলে এটা স্বাভাবিকই ধরে নিতে হবে। অনেকের এটা জিনগত। পেঁয়াজ খাওয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

পরামর্শ দিয়েছেন—ডা. ইন্দ্রজিত প্রসাদ, সহযোগী অধ্যাপক, হরমোন ও ডায়াবেটিস বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল।

প্রশ্ন :

আমার বয়স ১৭ বছর। পেট, পা, কাঁধে অনেক ফাটা দাগ আছে। এগুলো দূর করার উপায় কী?—আরিফা ইসলাম

এসব স্থানে ফাটা দাগের কারণ হতে পারে অতিরিক্ত ওজন, স্টেরয়েড ওষুধ সেবন বা হরমোনজনিত কিছু সমস্যা। অন্তর্নিহিত সমস্যা থাকলে তার চিকিৎসা করুন। নয়তো দাগ পুরোপুরি দূর হবে না। ওজন কমান। মেডার্মা এন্ট স্ট্রেচ মার্ক জেল ব্যবহার করে দেখতে পারেন।

পরামর্শ দিয়েছেন—অধ্যাপক ডা. মো. আসিফুজ্জামান, চর্ম বিভাগ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ।