স্বাস্থ্য জিজ্ঞাসা
আপনার প্রশ্ন, চিকিৎসকের পরামর্শ
রোগবালাই যেমন আছে, তেমনি আছে উপশমের উপায়। স্বাস্থ্য ও বিভিন্ন রোগ নিয়ে পাঠকদের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
প্রশ্ন :
আমার কানের ভেতর চুলকায়, সামান্য ব্যথাও হয়, কখনো কখনো তালা ধরে বা শব্দ হয়। কটনবাড দিয়ে চুলকালে কিছুক্ষণ ভালো লাগে। এ সময় কানের ভেতর থেকে কিছু ময়লা ও লোম বেরিয়ে আসে। এ জন্য চিকিৎসক আমাকে কিছু ওষুধ ও ড্রপ দিয়েছিলেন। কিন্তু ওষুধ খাওয়ার পরও সমস্যাটা থেকেই গেছে। কী করলে এটা ভালো হবে? এমন কোনো ড্রপ আছে, যেটা দীর্ঘদিন ধরে ব্যবহার করা যায়?—জ্যোতির্ময় রায়
স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় কানের মধ্যে কিছুটা ময়লা জমতেই পারে। তবে কোনো অবস্থাতেই কান খোঁচানো যাবে না। হাতের আঙুল, কটনবাড, ক্লিপ—কোনো কিছু দিয়েই কান খোঁচানো উচিত নয়। এভাবে কানে দীর্ঘদিন ড্রপ ব্যবহার করাও ঠিক নয়। শুধু জলপাই তেল ব্যবহার করা যাবে (পাঁচ-সাত ফোঁটা করে দিনে সাত-আটবার পর্যন্ত)। আর কানে যাতে পানি না ঢোকে, সেদিকে খেয়াল রাখতে হবে। গোসলের সময় তেল মাখানো তুলা কানে দিয়ে নিতে পারেন। এ ছাড়া সপ্তাহখানেক ‘জাইরিল ২৫ মিলিগ্রাম’ ট্যাবলেট খেতে পারেন। কানে বড় লোম থাকলে কারও সাহায্য নিয়ে সাবধানে তা ছেঁটে ফেলতে পারেন। এসবের পরও সমস্যা অনুভব করলে নাক কান গলা বিশেষজ্ঞের শরণাপন্ন হোন।
প্রশ্ন :
আমার বয়স সাড়ে ১৮ বছর। আমার প্রায় সব সময় হাঁচি হয়। ঠান্ডা লেগেই থাকে। শরীর প্রচুর ঘামে। একটু কাজ করলেও হাঁচি হয়, নাকে হাত দিলেও হাঁচি হয়। ঘ্রাণশক্তিও কমে গেছে। সমস্যাটা শুরু হয় গত শীতকাল থেকে। তখন জোরে নিশ্বাস নিলে বুকের মধ্যে ঘড়ঘড় শব্দ হতো। ঠান্ডা, হাঁচি—এসবের ওষুধ খেয়েছি, কাজ হয়নি। কী করতে পারি?—নাম প্রকাশে অনিচ্ছুক, ফরিদপুর
আপনি অ্যালার্জিক রাইনাইটিসে ভুগছেন। সম্ভবত সমস্যাটি থেকে অ্যাজমা বা বুকের অন্য কোনো সমস্যা সৃষ্টি হচ্ছে। আপনি অতিসত্বর নাক কান গলা বিশেষজ্ঞের শরণাপন্ন হোন। এর আগপর্যন্ত সেসব জিনিস এড়িয়ে চলুন, যেগুলোর সংস্পর্শে এলে আপনার সমস্যা বাড়ে। আপনার দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন। নিজে নিজে ওষুধ সেবন করা থেকে বিরত থাকুন।
প্রশ্ন :
আমার বয়স ২৬ বছর। গত দুই মাস থেকে ভাত, তরকারি, ফলমূল, সাবান, মধুসহ সবকিছুতে দুর্গন্ধ পাচ্ছি। স্নায়ুরোগ বিশেষজ্ঞ দেখালে তিনি বিভিন্ন পরীক্ষার রিপোর্ট ভালো হওয়ায় ওষুধ দেন। কিন্তু তাতে কোনো উন্নতি হয়নি।—সুরাইয়া, ঢাকা
সাইনাসজনিত সমস্যায় এ রকম হতে পারে। একজন নাক কান গলা বিশেষজ্ঞকে দেখানো প্রয়োজন।
পরামর্শগুলো দিয়েছেন—অধ্যাপক ডা. এ এফ মহিউদ্দিন খান, সিনিয়র কনসালট্যান্ট, নাক কান গলা বিভাগ, জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল, ঢাকা।
প্রশ্ন :
আমার বয়স ২০ বছর। নারী। ওজন ৬০ কেজি। আমি পর্যাপ্ত পরিমাণে খাওয়াদাওয়া করি। শাকসবজি প্রচুর খাই। কিন্তু দিন দিন আমি শুকিয়ে যাচ্ছি। কিন্তু ওজন কমছে না। চোখ দুটি ভেতরে দেবে যাচ্ছে। দেখলে মনে হয়, অনেক রাত জাগি। আমার গ্যাস্ট্রিকের সমস্যা আছে। এখন আমার কী করণীয়?—নাম প্রকাশে অনিচ্ছুক
ওজন না কমলে তাকে শুকিয়ে যাওয়া বলে না। হতে পারে আপনার চেহারার লাবণ্য কমে যাচ্ছে বলে এমন মনে হচ্ছে। রক্তশূন্যতা বা ভিটামিনের স্বল্পতা আছে কি না, দেখে নিন। পর্যাপ্ত খাওয়াদাওয়া করলে সেটাও হওয়ার কথা নয়। গ্যাস্ট্রিকের সমস্যার জন্য অল্প মেয়াদে ওষুধ খেতে পারেন চিকিৎসকের পরামর্শে। ওজন হ্রাস, অরুচি, বদহজম, বুক ধড়ফড়, মাসিকের অনিয়ম ইত্যাদি সমস্যা না থাকলে অযথা দুশ্চিন্তা করবেন না।
পরামর্শ দিয়েছেন— ডা. আ ফ ম হেলালউদ্দিন, মেডিসিন বিশেষজ্ঞ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা।
এ বিভাগে প্রশ্ন পাঠানোর ঠিকানা—
ই–মেইল: [email protected]
ডাকযোগে: প্র স্বাস্থ্য, প্রথম আলো, ১৯ কারওয়ার বাজার, ঢাকা ১২১৫