আপনার প্রশ্ন, চিকিৎসকের পরামর্শ

রোগবালাই যেমন আছে, তেমনি আছে উপশমের উপায়। স্বাস্থ্য ও বিভিন্ন রোগ নিয়ে পাঠকদের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন :

দুই বছর আগে আমার ঘাড়ের দুই পাশে, বুকের ওপরে, গলার পাশে এবং বাঁ হাতে ছুলি দেখা দেয়। এ জন্য হাইপো ও লেবুর রস ব্যবহার করেছিলাম। কিন্তু হাইপো ও লেবুর মিশ্রণ ভীষণ দুর্গন্ধ হওয়ায় আমি আর এটা ব্যবহার করিনি। আমি সঠিক সমাধান চাই।—সুকৃতি সানা, ঢাকা

এসব টোটকা ব্যবহার না করে কিটোকোনাজল ২% শ্যাম্পু প্রতিদিন গোসলের ১০ মিনিট আগে লাগাবেন এবং ধুয়ে ফেলবেন। দুই মাস পর্যন্ত ব্যবহার করুন। এটি একধরনের ছত্রাক সংক্রমণ। লেবুর রস বা এ ধরনের জিনিস ব্যবহার করবেন না।

প্রশ্ন :

আমার বয়স ১৮ বছর (নারী)। ওজন ৪৮ কেজি। পরিমিত খাই, ঠিক সময়ে ঘুমাই, কিন্তু তিন–চার বছর ধরে আমার চোখের নিচে কালি পড়ছে। দিন দিন সেটা বাড়ছে। কী করতে পারি? —সায়রা, খুলনা।

বেশির ভাগ ক্ষেত্রে এটা বংশগত (জেনেটিক)। দূর করা মুশকিল। চোখের নিচে ব্যবহারের জন্য কিছু ভালো আন্ডার আই ক্রিম পাওয়া যায়। তা ব্যবহার করে দেখতে পারেন। তবে পিআরপি (প্লাটিলেট–রিচ প্লজমা) চিকিৎসা করা যায়। এতে কিছু সুফল মেলে।

পরামর্শ দিয়েছেন—অধ্যাপক ডা. মো. আসিফুজ্জামান, চর্ম বিভাগ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ, ঢাকা।

প্রশ্ন :

আমি একজন নারী। বয়স ২১, উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, ওজন ৪৪ কেজি। পর্যাপ্ত খাওয়াদাওয়া সত্ত্বেও আমার ওজন বাড়ে না। অল্পতেই ক্লান্তিবোধ হয়। কয়েক দিন আগে রক্ত পরীক্ষা করা হয়েছিল, রক্তস্বল্পতা নেই। প্রচুর ঘাম হয়, যা স্বাভাবিকের তুলনায় বেশি। ওজন বাড়ানোর জন্য কী করণীয়? —নাম প্রকাশে অনিচ্ছুক

ওজন কমানোর সঙ্গে বুক ধড়ফড়, নরম পায়খানা, অতিরিক্ত ঘাম হলে থাইরয়েড পরীক্ষা করা উচিত। মাসিক নিয়মিত হয় কি না উল্লেখ করেননি। যথেষ্ট পুষ্টিকর খাবার খেয়েও ওজন কমলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

পরামর্শ দিয়েছেন—ডা. আ ফ ম হেলালউদ্দিন, মেডিসিন বিশেষজ্ঞ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা।

প্রশ্ন :

আমার ছোট বোনের বয়স ১৮। ওর প্রস্রাবের রাস্তা অনেক চুলকায়। এখন করণীয় কী? —নাম প্রকাশে অনিচ্ছুক, রংপুর।

সাধারণত ছত্রাক সংক্রমণে এমন হয়। যথাযথ হাইজিন মেনে চলতে হবে। পরিচ্ছন্ন থাকতে হবে। অন্তর্বাস পরিষ্কার রাখতে হবে। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে অ্যান্টিফাঙ্গাল মলম বা স্পাইনাল ট্যাবলেট ব্যবহার করতে হবে।

পরামর্শ দিয়েছেন—ডা. শামীমা ইয়াসমিন, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগ, মুগদা জেনারেল হাসপাতাল, ঢাকা।

এ বিভাগে প্রশ্ন পাঠানোর ঠিকানা—

ই–মেইল: [email protected]

ফেসবুক: www.facebook.com/ProShastho

ডাকযোগে: প্র স্বাস্থ্য, প্রথম আলো, ১৯ কারওয়ার বাজার, ঢাকা ১২১৫