আপনার প্রশ্ন, চিকিৎসকের পরামর্শ
উচ্চতা বাড়ছে না, কী করতে পারি?
রোগবালাই যেমন আছে, তেমনি আছে উপশমের উপায়। স্বাস্থ্য ও বিভিন্ন রোগ নিয়ে পাঠকদের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
মেডিসিন
প্রশ্ন :
আমার বয়স ২৫। এক বছরের বেশি সময় ধরে শ্বাসকষ্টে ভুগছি। মাঝেমধ্যে বেড়ে যায়, আবার কমেও যায়। তবে স্বাভাবিক সময়েও কিছুটা শ্বাসকষ্ট অনুভূত হয়। পাশাপাশি বুক ধড়ফড় করে। আমার অ্যালার্জি নেই, গ্যাস্ট্রিকের সমস্যা আছে। করণীয় কী?—নাজমুস সাকিব
শ্বাসকষ্টের সঙ্গে বুক ধড়ফড়ানি থাকলে বুকের এক্স–রে ও ইসিজি করে একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত। শ্বাসকষ্ট পরিশ্রমে বা হাঁটাহাঁটিতে বাড়ে কি না, শীতকালে বা ধুলাবালি লাগলে বাড়ে কি না ইত্যাদিও জানা দরকার। পরিবারে হাঁপানির ইতিহাস থাকলে এ বয়সে অ্যাজমা বা হাঁপানি হওয়ার আশঙ্কা বেশি। তবে সবচেয়ে ভালো হয় একজন চিকিৎসককে দিয়ে বুক পরীক্ষা করিয়ে নিলে।
পরামর্শ দিয়েছেন—ডা. আ ফ ম হেলালউদ্দিন, মেডিসিন বিশেষজ্ঞ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা
বাতরোগ
প্রশ্ন :
আমার বয়স ১৯ বছর, ওজন ৫৭ কেজি। দেড় বছর ধরে কোমরে ব্যথা। প্রথমে সিঁড়ি দিয়ে ওঠানামা ও বেশি হাঁটাচলা করলে ব্যথা হতো। পরে দেখলাম এটি নিত্যদিনের সঙ্গী হয়ে যাচ্ছে। ব্যথা হলে ওই অংশটুকু ফুলে যায়। তখন বিছানাতেও কোমর লাগাতে পারি না। গত বছর রক্ত পরীক্ষায় ভিটামিন ডি কম ছিল। কোনো এক্স-রে বা এমআরআই করা হয়নি। দিন দিন এই ব্যথা বাড়ছে। আমার করণীয় কী?—রাইসা ইসলাম
কোমরব্যথার সঠিক কারণ নির্ণয় করা জরুরি। অল্প বয়সে বাতরোগ হয় না, তা নয়। আবার মেরুদণ্ডের নানা সমস্যাতেও এমন হতে পারে। মোট কথা, প্রথমে কারণ বের করে তারপর চিকিৎসা নিতে হবে। চিকিৎসকের পরামর্শ নিয়ে দরকারি পরীক্ষা–নিরীক্ষা করে আগে রোগটি নির্ণয় করুন। ভিটামিন ডি কম, আপনার ব্যথার কোনো কারণ নয়। চিকিৎসক না দেখানো পর্যন্ত সাময়িকভাবে ব্যথানাশক ওষুধ খেতে পারেন এবং ব্যায়াম করতে পারেন।
পরামর্শ দিয়েছেন—অধ্যাপক রওশন আরা, মেডিসিন ও রিউমাটোলজি বিশেষজ্ঞ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা।
হরমোন
প্রশ্ন :
আমার বয়স ১৫ বছর (কিশোরী)। এক বছর আগে উচ্চতা ছিল ৫ ফুট ২ ইঞ্চি। এখনো উচ্চতা একই রয়ে গেছে। সবাই বলছে আমার উচ্চতা থেমে গেছে। উচ্চতা বাড়াতে বিভিন্ন ধরনের যোগব্যায়াম করছি, শাকসবজি, ফলমূলও খাচ্ছি। ভিটামিন ডি–এর জন্য প্রতিদিন আধা ঘণ্টা সূর্যের আলোতে বসে থাকছি। কিন্তু উচ্চতা বাড়ছে না। কী করতে পারি?—তনু চ্যাটার্জি, রাজশাহী
টিনএজে অর্থাৎ আপনার এই বয়সে উচ্চতা বেশ দ্রুত বাড়ার কথা। বয়স অনুযায়ী উচ্চতা একেবারে কমও নয়। আমাদের উচ্চতার অনেকটাই কিন্তু জিনগত, মানে মা–বাবার উচ্চতার ওপর নির্ভর করে। তারপরও থাইরয়েড পরীক্ষা করে দেখে নিতে পারেন। কারণ, হাইপোথাইরয়েডের জন্য উচ্চতা বৃদ্ধি ধীরগতির হতে পারে। শাকসবজির সঙ্গে আমিষজাতীয় খাবারও গ্রহণ করুন। হতাশ হওয়ার কিছু নেই। ১৮ বছর বয়স পর্যন্ত উচ্চতা বাড়ার সুযোগ আছে।
পরামর্শ দিয়েছেন—ডা. ইন্দ্রজিত প্রসাদ, সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ
প্রশ্ন পাঠানোর ঠিকানা
স্বাস্থ্য জিজ্ঞাসা
ই-মেইল: [email protected]
ফেসবুক পেজ: fb.com/ProShastho
ডাকযোগে: প্র স্বাস্থ্য, প্রথম আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫