আমার হাত ও পা অন্যদের তুলনায় বেশি ঘামে কেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোভিড–১৯

প্রশ্ন :

আমি কোভিডে আক্রান্ত হয়েছিলাম প্রায় দেড় মাস আগে। হাসপাতালে ভর্তি হয়ে তিন দিন অক্সিজেন নিতে হয়েছিল। হাসপাতালে আমাকে ইনজেকশন দেওয়া হয়। তারপর সুস্থ হয়ে ওঠায় ছুটি দেওয়া হয়। কিন্তু প্রথম রিপোর্টের ১৭ দিন ও ২১ দিন পর দুটো রিপোর্টে আবার পজিটিভ আসে। যদিও আমার এখন কোনো সমস্যা নেই। আমি কি অফিসে যেতে পারব?—ইমতিয়াজ আহমেদ, ঢাকা

কোভিড থেকে সেরে ওঠার বেশ কিছুদিন পরও পিসিআর পরীক্ষায় পজিটিভ হতে পারে। কিন্তু বলা হচ্ছে এটি আসলে মৃত ভাইরাসের ভগ্নাংশ। ১৪ দিন পর ভাইরাস আর বংশবৃদ্ধি করে না বা সংক্রমণ ছড়ায় না। তাই পজিটিভ এলেও ভয়ের কিছু নেই। আপনি চিকিৎসকের পরামর্শমতো চলুন ও নিয়মিত ফলোআপ করুন। আর পরীক্ষা করারও প্রয়োজন নেই। তবে আপনার অফিসের নিয়ম যদি থাকে নেগেটিভ না হওয়া পর্যন্ত যোগ দিতে পারবেন না, তাহলে অপেক্ষা করতে পারেন।

পরামর্শ দিয়েছেন—অধ্যাপক সোহেল মাহমুদ আরাফাত, চেয়ারম্যান, মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

উদ্বেগ

প্রশ্ন :

আমার বয়স ১৫ বছর। আমার হাত ও পা প্রায়ই ঘামে, তবে অন্যদের তুলনায় অনেক বেশি। পরীক্ষার সময় আমার উত্তর লেখার খাতা হাত ঘেমে ভিজে যায়। সমস্যাটা ছোটবেলা থেকেই, আমি অনেক হোমিওপ্যাথি ওষুধও খেয়েছি, কিন্তু কোনো সুফল পাইনি। আমার এখন কী করা উচিত?—নাম প্রকাশে অনিচ্ছুক, সিলেট

অতিরিক্ত উদ্বিগ্নতা থেকে এমনটা হতে পারে। উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি হলে বড় বড় করে শ্বাস নেবে, যেন ফুসফুসে যথেষ্ট অক্সিজেন প্রবেশ করতে পারে। উদ্বিগ্নতা হ্রাসের জন্য প্রতিদিন হালকা ব্যায়াম, হাঁটাহাঁটি এবং সাঁতার কাটা খুব উপকারী। সবচেয়ে ভালো হয় যদি ইউটিউবের সাহায্য নিয়ে ধ্যান, ইয়োগা, শ্বাসের ব্যায়াম বা মাইন্ডফুলনেস চর্চা করতে পারেন। উদ্বিগ্নতার মাত্রা বেশি হলে কেবল বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে উদ্বিগ্নতানাশক ওষুধ (অ্যাংজিওলাইটিক) সেবন করতে পারেন। এ ছাড়া হরমোনজনিত জটিলতার জন্যও অস্বাভাবিক ঘাম হতে পারে। তবে সে ক্ষেত্রে শুধু হাত–পা নয়, সারা শরীর ঘামার কথা আর অন্যান্য আরও উপসর্গ থাকার কথা। ওপরের পরামর্শগুলো মেনে চলার পাশাপাশি একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন।

পরামর্শ দিয়েছেন—ডা. হেলাল উদ্দিন আহমেদ, সহযোগী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা

ডায়াবেটিস

প্রশ্ন :

আমার বয়স ৫০ বছর। উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি, ওজন ৬৮ কেজি। খালি পেটে রক্তে গ্লুকোজ ৭, নাশতার ২ ঘণ্টা পর ৮ মিলিমোল/লিটার; এইচবিএ১সি ৫. ৮%, ক্রিয়েটিন ০. ৯ ও ট্রাইগ্লিসারাইড ২০০ মিলিগ্রাম/ডেসিলিটার। আমার কি ডায়াবেটিসের ওষুধ প্রয়োজন?—মাঈনুল হক মিয়াজী

যদি কোনো ওষুধ ছাড়াই এই রিপোর্ট হয়ে থাকে, তবে তা সন্তোষজনকই বলতে হবে। খালি পেটে গ্লুকোজ ৬–এ নামিয়ে আনতে আর ট্রাইগ্লিসারাইড ১৫০–এর নিচে আনার জন্য প্রথমে খাদ্যাভ্যাস পরিবর্তন করুন ও নিয়মিত হাঁটার অভ্যাস করুন। শর্করাজাতীয় খাবার কম গ্রহণ করুন, ক্যালরি মেপে খান। সপ্তাহে অন্তত ১৫০ মিনিট অ্যারোবিক ব্যায়াম বা হাঁটা, জগিং, সাইক্লিং ইত্যাদি চালিয়ে যান। এই মুহূর্তে ওষুধের প্রয়োজন নেই।

পরামর্শ দিয়েছেন—ডা. ইন্দ্রজিত প্রসাদ, সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ

মেডিসিন

প্রশ্ন :

খাবার পর আমার বমি বমি বোধ হয়। অস্বস্তি লাগে। খাবার খাওয়ার পর মনে হয় গলায় উঠেছে, টক ঢেকুর হয়, অনেকক্ষণ পরও আস্ত খাবার বেরিয়ে আসে। বুকে আগে বেশি জ্বালাপোড়া করত। ভারী খাবার যেমন পোলাও গরুর মাংস বা মাংসজাতীয় কিছু খেলে হজম হয় না। টয়লেট হয় কম। ক্লান্তি লাগে। শুয়ে থাকতে ইচ্ছা করে। হাইপোথাইরয়েড ধরা পড়েছে। টিএসএইচ ১৫ ছিল। পেট ফুলে থাকে। ওজন বেড়ে যাচ্ছে। ভুঁড়ি অনেক বড় হয়ে গেছে। গ্যাস্ট্রিকের ওষুধ আর থাইরক্সিন খাচ্ছি।—আরিফুল হক

টিএসএইচ যথাযথ মাত্রায় (৫–এর কম) রাখার জন্য নিয়মিত পরীক্ষা করে একজন হরমোন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ নিয়ে থাইরক্সিনের মাত্রা ঠিক করবেন। ওজন বাড়া, কোষ্ঠকাঠিন্য, ক্লান্তি, শুয়ে থাকার ইচ্ছা ইত্যাদি হাইপোথাইরয়েডের উপসর্গ। বমি ভাব ও টক ঢেকুরের জন্য চিকিৎসকের পরামর্শে গ্যাস্ট্রিকের ওষুধ, ডমপেরিডনজাতীয় ওষুধ সেবন করুন, টয়লেট পরিষ্কার রাখুন। দরকার হলে খাদ্যাভ্যাস পরিবর্তন করুন। একবারে বেশি না খেয়ে অল্প করে খান, তৈলাক্ত খাবার পরিহার করুন। খেয়ে শোবেন না। পিত্তথলির সমস্যায় চর্বিযুক্ত খাবার খেলে বদহজম হয়, তাই একটি আলট্রাসাউন্ড করে নিতে পারেন।

পরামর্শ দিয়েছেন—ডা. আ ফ ম হেলালউদ্দিন, মেডিসিন বিশেষজ্ঞ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা

প্রশ্ন পাঠানোর ঠিকানা

স্বাস্থ্য জিজ্ঞাসা

ই-মেইল: [email protected]

ফেসবুক পেজ: fb.com/ProShastho

ডাকযোগে: প্র স্বাস্থ্য, প্রথম আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫