স্বাস্থ্য জিজ্ঞাসা
ঘুমালে মুখে লালা জমে থাকে, এখন কী করব?
রোগবালাই যেমন আছে, তেমনি আছে উপশমের উপায়। স্বাস্থ্য ও বিভিন্ন রোগ নিয়ে পাঠকদের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
মেডিসিন
প্রশ্ন :
আমার বয়স ২৩ বছর। আমি দিনে দুই থেকে আড়াই লিটার পানি পান করি। রাতে খাওয়ার ৩০ মিনিট পর অনেকটা এবং ঘুমানোর দুই ঘণ্টা আগপর্যন্ত অল্প অল্প পানি পান করি এবং প্রস্রাব করে ঘুমাতে যাই। কিন্তু ঘুম আসে না। কারণ, আরও প্রস্রাবের চাপ অনুভব করি। এভাবে কখনো কখনো দুই থেকে তিনবার উঠতে হয়। আমার কী করা উচিত?—মুন্না
রাত নয়টার পর থেকে বেশি পানি পান করবেন না। সন্ধ্যার পর চা-কফি পান না করাই ভালো। ঘুমানোর আগে প্রস্রাবের থলি খালি করে ঘুমাবেন, দরকার হলে দুবার বাথরুমে যাবেন। যদিও বয়স কম, তবু রক্তে চিনি আর প্রস্রাবে কোনো সংক্রমণ আছে কি না, তা পরীক্ষা করে নিন। মূত্রথলিতে কোনো বাধা আছে কি না, তা জানতে একটা আলট্রাসনোগ্রাফিও করে নিতে পারেন।
পরামর্শ দিয়েছেন—ডা. আ ফ ম হেলালউদ্দিন, মেডিসিন বিশেষজ্ঞ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ।
মানসিক
প্রশ্ন :
আমার বয়স ২১ বছর। ছোটবেলা থেকে আমি দাঁত দিয়ে হাতের নখ কাটি। কোনোভাবেই এটা বন্ধ করতে পারি না। আমার ইচ্ছা বা অনিচ্ছায় যখন তখন নখ কাটতে থাকি। মাঝেমধ্যে মনেও থাকে না যে আমি কী করছি। এর চিকিৎসা বিষয়ে পরামর্শ চাই।—ওমর ফারুক
দুশ্চিন্তা, মানসিক চাপ, অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার (ওসিডি) এবং অহেতুক ভীতি থেকে দাঁত দিয়ে নখ কাটার প্রবণতা হতে পারে। এ থেকে মুক্তির জন্য প্রথমত কী কারণে এটি হচ্ছে, তা নির্ণয় করে চিকিৎসা নেওয়া প্রয়োজন। চিকিৎসার অন্যতম প্রক্রিয়া হচ্ছে হাতের নখ সব সময় সমান করে কাটা, নখ বড় হতে না দেওয়া। হাত টেবিলের ওপর বা শরীরের পেছনে রাখার অভ্যাস করা। হাতে সব সময় কোনো বস্তু ধরে থাকা, যাতে হাত মুখে না যায় অথবা হাতের নখে নন–টক্সিক কিন্তু তেতো স্বাদের রংহীন নেইলপলিশ দিয়ে রাখা যায়। এতে করে হাত মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মুখ থেকে হাত বের হয়ে যাবে। আমাদের দেশে এই রংহীন মেডিকেল গ্রেড নেইলপলিশ সচরাচর পাওয়া যায় না। এ ছাড়া চাপ কমানোর প্রক্রিয়াগুলো অনুসরণ করা—মাইন্ডফুলনেস, যোগব্যায়াম, ধ্যান, রিলাক্সেশন, এক্সারসাইজ ইত্যাদি উপকারে আসতে পারে। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে উদ্বিগ্নতা নাশক বা বিষণ্নতা নাশক ওষুধ সেবন করেও ভালো ফল পাওয়া যায়।
পরামর্শ দিয়েছেন—ডা. হেলাল উদ্দিন আহমেদ, সহযোগী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা।
অর্থোপেডিক
প্রশ্ন :
আমার বয়স ২০ বছর। উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি আর ওজন ৮০ কেজি। আমার শরীরের তুলনায় দুই হাত খুব সরু, বিশেষ করে কনুই থেকে কবজি পর্যন্ত। কবজির অস্থি দুর্বল হওয়ায় শক্ত কাজ করতে কষ্ট হয়। করণীয় কী? —সিয়াম
আপনার হাত কনুইয়ের নিচ থেকে শুকিয়ে যাওয়ার এই প্রবণতা নার্ভ কমপ্রেশনের জন্য হতে পারে। হাতের মিডিয়ান, আলনার, রেডিয়াল নার্ভে সংকোচন (কমপ্রেশন) ঘটলে মাংসপেশি দুর্বল হয়ে যায়। আপনার যেহেতু দুই হাতেই সমস্যা আছে সেহেতু নার্ভ কমপ্রেশনের আশঙ্কাই বেশি। নার্ভ কনডাকশন স্টাডি করে দেখতে পারলে স্পষ্ট ধারণা পাওয়া যেত। আপাতত ভিটামিন–বি ট্যাবলেট সকালে ও রাতে এক মাস খেয়ে দেখতে পারেন। পরিবর্তন না এলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।
পরামর্শ দিয়েছেন—ডা. কাজী শহীদ-উল আলম, অর্থোপেডিক সার্জন, ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতাল, ঢাকা
দন্ত
প্রশ্ন :
আমার বয়স ২৩ বছর। ছয় কি সাত বছর ধরে ঘুমালে মুখে লালা জমে থাকে। চিকিৎসক মাউথওয়াশ ব্যবহার করতে পরামর্শ দিয়েছিলেন, করেছি কিন্তু কোনো কাজ হয়নি। এখন কী করব?—শাকিল
অতিরিক্ত লালা নিঃসরণের নানা কারণ আছে, যেমন শরীরের কিছু রোগ, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, নাক বা সাইনাসের সমস্যা, অস্বাভাবিক ঘুমের অভ্যাস, মাত্রাতিরিক্ত তরল পান, মাংসপেশি ও স্নায়ুর অস্বাভাবিকতা, অনেক সময় নির্দিষ্ট কারণও পাওয়া যায় না। দন্ত চিকিৎসকের পরামর্শে বিশেষ ব্যায়াম, প্রয়োজনে ওষুধ, এমনকি লালাগ্রন্থির চিকিৎসার প্রয়োজন হতে পারে।
পরামর্শ দিয়েছেন—ডা. মো. আসাফুজ্জোহা রাজ, দন্ত বিশেষজ্ঞ, ঢাকা।
প্রশ্ন পাঠানোর ঠিকানা
স্বাস্থ্য জিজ্ঞাসা
ই–মেইল: [email protected]
ফেসবুক: www.facebook.com/ProShastho
ডাকযোগে: প্র স্বাস্থ্য, প্রথম আলো, ১৯ কারওয়ার বাজার, ঢাকা ১২১৫