স্বাস্থ্য জিজ্ঞাসা
১৮ বছরেই মাথার চুল পাকতে শুরু করেছে
রোগবালাই যেমন আছে, তেমনি আছে উপশমের উপায়। স্বাস্থ্য ও বিভিন্ন রোগ নিয়ে পাঠকদের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
পরিপাকতন্ত্র
প্রশ্ন :
আমার ভিন্ন একটা সমস্যার কারণে পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে আলট্রাসনোগ্রাফিতে পিত্তথলিতে পলিপ ধরা পড়ে। সব থেকে বড়টার আকার ৩ মিলিমিটার। এটা সম্পর্কে আগে কোনো ধারণা ছিল না। এ অবস্থায় করণীয় কী?—নাম প্রকাশে অনিচ্ছুক
পিত্তথলির পলিপ ৮ মিলিমিটারের বেশি হলে অপারেশন করিয়ে নেওয়া উচিত। ছোট হলে পর্যবেক্ষণে রাখা যায়। তবে যদি পারিবারিক ও নিকটজনের কোনো ক্যানসারের ইতিহাস থাকে অথবা পলিপ দ্রুত বড় হতে থাকে, তবে ৩ মিলিমিটার হলেও অপারেশন করিয়ে নেওয়া দরকার হতে পারে।
পরামর্শ দিয়েছেন—ডা. মোহাম্মদ জাকির হোসেন, সহযোগী অধ্যাপক, পরিপাকতন্ত্র বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা।
দন্তরোগ
প্রশ্ন :
আমার বয়স ১৮ বছর। সকালে ঘুম থেকে ওঠার পর মুখ লালায় ভরে যায় এবং গলা শুকিয়ে যায়। পাঁচ থেকে ছয় বছর ধরে এটি হচ্ছে। এর সমাধান কী?—ইমরানুল রাতুল
অ্যালার্জি, মুখের মধ্যকার টিউমার, সংক্রমণ, এমনকি সাইনোসাইটিসসহ নানা কারণে এমনটি হতে পারে। তবে আপনার সংক্ষিপ্ত ইতিহাস বলছে, হয়তো আপনি জিইআরডি (গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্ল্যাক্স ডিজিজ) সমস্যায় ভুগছেন। রাতে শোবার কমপক্ষে ৩০ মিনিট আগে পানি পান ও এক ঘণ্টা আগে খাবার শেষ করবেন, মাথার নিচে উঁচু বালিশ রাখুন ও ঢিলে আরামদায়ক পোশাক পরুন। আদা, টকমুক্ত ফল, লং, অ্যালোভেরা, ওটমিল, ডিমের সাদা অংশ, সোডা পানি ও ধীরে ধীরে চিবিয়ে খাবার অভ্যাস গ্যাস্ট্রিক অ্যাসিড নিয়ন্ত্রণে সাহায্য করে। একজন দন্তচিকিৎসক ও গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের পরামর্শ নিতে পারেন।
পরামর্শ দিয়েছেন—ডা. মো. আসাফুজ্জোহা, দন্তবিশেষজ্ঞ, ঢাকা।
ত্বক
প্রশ্ন :
আমার বয়স ১৮। কিন্তু এই বয়সেই আমার চুল পাকা শুরু হয়েছে এবং অনেকখানিই পেকে গেছে। সবাই বলে এটা বন্ধ করা সম্ভব নয়। এখন চুল পাকা বন্ধ করতে আমার কী করা উচিত?—ইস্রাফিল, দাগনভূঞা, ফেনী
বেশির ভাগ ক্ষেত্রে এটি জিন ও বংশগত কারণে হয়ে থাকে। তাই বন্ধ করা যায় না আর এর কোনো চিকিৎসা হয় না। তবে কখনো কখনো বায়োটিন ও আমিষের অভাবে চুল পাকতে পারে। যদি তা হয়, তবে এই অভাবগুলো পূরণ করতে হবে।
প্রশ্ন :
আমার বয়স ১৩ বছর। ২০১৮ সালে কান ফুটো করেছি। ২০১৯ সালের শেষের দিকে কানে ব্যথা করার কারণে আমি কোনো কানের দুল পরতে পারতাম না, তার কয়েক দিন পর থেকে আমার কানের ফুটার পেছনে ফুলতে শুরু করে। কানে কোনো দুল পরলে ফুলা আরও বেড়ে যায়। এখন আমি কী করব?—নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা।
আপনার যে সমস্যাটি হয়েছে তার নাম কিলোয়েড। এর চিকিৎসা দুই ধাপে করতে হবে। প্রথমে একজন নাক কান গলা বিশেষজ্ঞ বা প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞকে দিয়ে কিলোয়েডটি অস্ত্রোপচার করতে হবে। তারপর একজন চর্ম বা ত্বক বিশেষজ্ঞর পরামর্শমতো সেখানে ইন্ট্রালেশনাল স্টেরয়েড ইনজেকশন দিতে হবে প্রতি মাসে একটা করে।
পরামর্শগুলো দিয়েছেন—অধ্যাপক ডা. মোহাম্মদ আসিফুজ্জামান, বিভাগীয় প্রধান, ডার্মাটোলজি, গ্রিন লাইফ মেডিকেল কলেজ, ঢাকা।
প্রশ্ন :
আমার শরীরের চামড়া (বিশেষ করে তলপেটে, রানের ওপরে কোমরের দুই পাশে, হাতের পাশে) ফাটা দাগ আছে ৮-৯ বছর ধরে, কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। ওজন ৮৫-৯০ কেজি, বয়স ২৬ বছর।—হৃদয় দেবনাথ
স্থূলতার কারণে এ ধরনের ফাটা দাগ পড়ে। এ ছাড়া হরমোনজনিত কারণে বিশেষ করে স্টেরয়েড হরমোনের আধিক্য থাকলে এই সমস্যা হয়। কেউ যদি দীর্ঘ মেয়াদে স্টেরয়েড সেবন করেন, তাতেও হতে পারে। এই হরমোনের আধিক্যে ওজনও বাড়ে। আপনার ওজনাধিক্য এবং এই ফাটা দাগের পেছনে কোনো হরমোনজনিত অসামঞ্জস্য আছে কি না, তা যাচাই করে দেখতে একজন হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নিন।
পরামর্শ দিয়েছেন—ডা. ইন্দ্রজিত প্রসাদ, সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম, ঢাকা মেডিকেল কলেজ
মেডিসিন
প্রশ্ন :
আমি ২০১৭ সালে টাইফয়েডে আক্রান্ত হই। এর পরই আমার একটি অণ্ডকোষ ছোট হয়ে যায়। এটা কি কোনো সমস্যা? সমস্যা হলে এর সমাধান কী? ভবিষ্যতে কোনো সমস্যা হবে কি?—নাম প্রকাশে অনিচ্ছুক
সাধারণত টাইফয়েড জ্বর অণ্ডকোষকে প্রভাবিত করে না। খুব কমই এটি টাইফয়েড সংক্রমণের পর দেখা দিতে পারে। একজন মূত্রতন্ত্র বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করতে হবে। সঙ্গে অণ্ডকোষের একটি ইউএসজি করুন।
পরামর্শ দিয়েছেন—ডা. যুবায়ের আহমদ, কনসালট্যান্ট, মেডিসিন, অ্যালার্জি ও রিম্যাটোলজি, ল্যাবএইড হাসপাতাল, ঢাকা
প্রশ্ন পাঠানোর ঠিকানা
স্বাস্থ্য জিজ্ঞাসা
ই-মেইল: [email protected]
ফেসবুক পেজ: fb.com/ProShastho
ডাকযোগে: প্র স্বাস্থ্য, প্রথম আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫