আপনার প্রশ্ন, চিকিৎসকের পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুকব্যথা

l মাস দুয়েক থেকে বুকের ঠিক মাঝ বরাবর ব্যথা অনুভব করছি। সঙ্গে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। চিকিৎসকের পরামর্শে ইসিজি, রক্ত পরীক্ষা ও এক্স-রে করেছিলাম। কোনো রোগের লক্ষণ ধরা পড়েনি। চিকিৎসক আমাকে যে ওষুধ দিয়েছিলেন তা খেয়ে কোনো উপকার পাচ্ছি না। আমার বয়স ২২ বছর। কী করব?

নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক

পরামর্শ: বুকের ঠিক কোন জায়গায় ব্যথা, ব্যথাটি নড়াচড়ায় বাড়ে নাকি পরিশ্রম করলে বাড়ে, ব্যথা বুক থেকে অন্য কোথাও ছড়িয়ে পড়ে কি না বিস্তারিত ব্যাখ্যার দরকার ছিল। এই বয়সে হৃদ্‌রোগ হওয়ার আশঙ্কা কম। তবে বুকের পাঁজর, পাঁজরের হাড়ের জোড় (জয়েন্ট) বা পেশির কোনো সমস্যা হতে পারে। আবার ফুসফুসের ও এর আবরণ প্লুরার প্রদাহ হলে ব্যথা ও শ্বাসকষ্ট হয়। একজন অভিজ্ঞ মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিন ও সব ইতিহাস বিস্তারিত বলুন।

পরামর্শ দিয়েছেন—

ডা. আ ফ ম হেলালউদ্দিন

সহযোগী অধ্যাপক, মেডিসিন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা।

হরমোন

l আমার বয়স ১৬ বছর। মাথার ত্বক ও মুখ প্রচুর ঘামে। বিশেষ করে খাওয়ার সময় মুখ ঘেমে একাকার হয়ে যায়। শরীরের অন্য অংশ এমনভাবে ঘামে না। আমি এই মুখ ঘামা নিয়ে অনেক বিব্রতকর পরিস্থিতিতে আছি। এটা কী কোনো রোগ?

রাগীব রাফাত, শেরপুর।

পরামর্শ: মুখ ও মাথায় অনেক বেশি ঘর্মগ্রন্থি থাকে বলে এই জায়গাগুলো বেশি ঘামে। একে হাইপারহাইড্রোসিস বলা হয়। অনেক সময় থাইরয়েডের সমস্যায়, ডায়াবেটিসের জটিলতার কারণে, কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে এমন হতে পারে। আবার অনেকের তেমন কোনো কারণ নেই তবে পারিবারিক ইতিহাস থাকে। গাসটেটরি সোয়েটিং বা খাওয়ার সময় অতিরিক্ত ঘাম স্নায়ুজনিত সমস্যার লক্ষণ। আপনার থাইরয়েড হরমোন পরীক্ষা করা উচিত। এতে কোনো সমস্যা না থাকলে কিছু ওষুধ ও অভ্যাসের মাধ্যমে একে নিয়ন্ত্রণ করা সম্ভব। চিন্তা কমাতে হবে, ঝাল মসলাযুক্ত খাবার কম খাবেন।

পরামর্শ দিয়েছেন—

ডা. তানজিনা হোসেন, হরমোন বিশেষজ্ঞ।

l আমার বয়স ২৫ বছর। মুখে এখনো ভালোমতো দাড়ি গজায়নি, গালে হালকা লোম আছে, আর থুতনিতে কিছু দাড়ি আছে। এই বিষয়টা নিয়ে আমি খুব চিন্তিত।

ইমরান, বরগুনা।

পরামর্শ: এটা নিয়ে বিশেষ দুশ্চিন্তার কিছু নেই। কয়েকটি হরমোন পরীক্ষা করতে হবে। টেস্টোস্টেরন, প্রলেকটিন প্রভৃতি কিছু হরমোন ভারসাম্যহীনতা থাকতে পারে। আপনি একজন হরমোন বিশেষজ্ঞর সঙ্গে পরামর্শ করুন।

পরামর্শ দিয়েছেন—

ডা. ইন্দ্রজিত প্রসাদ

সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি, ঢাকা মেডিকেল কলেজ।

চর্মরোগ

l আমার বয়স ২৭ বছর। অনেক দিন থেকেই আমার আঙুলের চামড়া উঠছে। সব আঙুলের চামড়া পাতলা হয়ে লাল হয়ে যায়। আঙুল চুলকায় না। ফেটে মাঝেমধ্যে রক্ত বের হয়। শীতে সমস্যাটা বেশি। তবে গরমেও ওঠে। শুরুতে চামড়ার নিচে ফুসকুড়ি ওঠে। তারপর ফাটা শুরু হয়। এর সমাধান কী?

সৈয়দ আহমেদ উল্লাহ

পরামর্শ: আপনার বিবরণ থেকে এটা একজিমা মনে হচ্ছে। তবে ত্বকের সোরিয়াসিস বলে একটি জটিল রোগ আছে, সেটা হওয়ার আশঙ্কাও আছে। আপনি আপাতত প্যারাফিন ক্রিম বা অয়েন্টমেন্ট ব্যবহার করুন যেটা ত্বক মসৃণ রাখবে, ফলে ত্বক ফাটবে না। তবে সঠিক রোগ নির্ণয়ের জন্য একজন চর্মরোগ বিশেষজ্ঞকে দেখাতে হবে।

পরামর্শ দিয়েছেন—

অধ্যাপক মো. আসিফুজ্জামান

বিভাগীয় প্রধান, চর্ম বিভাগ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ, ঢাকা।

মনোরোগ

l আমি যখন দ্বিতীয় শ্রেণিতে পড়ি, তখন দুষ্টুমি করার কারণে এক শিক্ষক আমার ব্যাগ নিয়ে যান। ঘটনার আকস্মিকতায় আমি এত ভয় পাই যে সেটির ছাপ আমার মনে এখনো রয়ে গেছে। আমার বয়স এখন ১৫ বছর। তখন থেকে রাতে শোয়ার পর একা একা কথা বলতাম। সেটা বাড়তে বাড়তে আমার মাথায় শুধু বাজে চিন্তা আসে। আমি পত্রিকা পড়ে জেনেছি ওসিডি নামক রোগের সঙ্গে আমার লক্ষণ মিলে যায়। আমি একদম ভেঙে পড়েছি। পড়াশোনায় পিছিয়ে পড়ছি। চিকিৎসকের কাছে যাওয়া ছাড়া স্বাভাবিক হওয়ার কোনো উপায় আছে?

নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক

পরামর্শ: চিকিৎসকের কাছে যেতে ভয় পাবেন না। যদি সত্যিই কোনো শারীরিক বা মানসিক অসুবিধা হয়ে থাকে, তাহলে তো চিকিৎসকের পরামর্শ নিতেই হবে। আপনার সমস্যাটি অবসেসিভ-কম্পালসিভ ডিস-অর্ডারের (ওসিডি) লক্ষণ হতে পারে অথবা কোনো ধরনের এনজাইটি ডিস-অর্ডার লক্ষণও হতে পারে। এটা মূলত মনোচিকিৎসকের সাহায্য নিয়ে চিকিৎসা করাই উত্তম।

ছোটবেলার ঘটনাটি আপনার সমস্যাটাকে হয়তো আরও খানিকটা বাড়িয়ে তুলেছে, তবে শুধু সেটিকেই দায়ী করার কারণ নেই। চিকিৎসকের সাহায্য নিয়ে রোগ শনাক্ত ও তার উপযুক্ত চিকিৎসা গ্রহণ করা উচিত। আর যদি আপনি একান্তই চিকিৎসকের কাছে যেতে এই মুহূর্তে অপারগ হন, তাহলে যা করতে পারেন—মনে যখন আপনার সেই বাজে চিন্তা ও অপ্রয়োজনীয় চিন্তাগুলো বারবার আসতে থাকে, তখন আপনি অন্য কোনো চিন্তা আর কাজের মধ্য দিয়ে অপ্রয়োজনীয় চিন্তার গতিকে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করবেন। মনটাকে নানান কাজে ব্যস্ত রাখার চেষ্টা করবেন। নিজের মন ও আবেগকে নিয়ন্ত্রণের জন্য মাইন্ডফুলনেস, রিলাক্সেশন বা ইয়োগার চর্চা করা কার্যকর হতে পারে। আর যদি আপনার ওসিডি হয়ে থাকে তবে কিন্তু ওষুধের কোনো বিকল্প নেই। সবার আগে সমস্যাটা শনাক্ত করা জরুরি।

পরামর্শ দিয়েছেন—

ডা. হেলাল উদ্দিন আহমেদ

সহযোগী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা।

আপনার প্রশ্ন, চিকিৎসকের পরামর্শ

প্রিয় পাঠক,

আপনার সুন্দর স্বাস্থ্য আর নীরোগ জীবনের প্রত্যাশা করে প্র স্বাস্থ্য। তবু যাঁরা স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, প্র স্বাস্থ্য আছে তাঁদের পাশে। যেকোনো স্বাস্থ্যবিষয়ক সমস্যার কথা লিখুন, আর পাঠিয়ে দিন প্র স্বাস্থ্যের ঠিকানায়। পরামর্শ দেবেন সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক।

খামের ওপর বা ই-মেইলের সাবজেক্টে লিখুন ‘স্বাস্থ্য জিজ্ঞাসা’। প্রশ্ন পাঠানোর ঠিকানা:

ই-মেইল: [email protected] ফেসবুক পেজ: fb.com/ProShastho

ডাকযোগে: প্র স্বাস্থ্য, প্রথম আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫