বক্ষব্যাধি
জিজ্ঞাসা: আমার বয়স ২৩। প্রায় দেড় বছর আগে ফুসফুসে পানি আসে। যক্ষ্মা ধরা পড়ে। ছয় মাস ওষুধ খাওয়ার পর যক্ষ্মা সেরে যায়। তবে এক্স-রেতে এখনো দাগ দেখা যায়। এটার জন্য আমায় প্রতিনিয়ত মোনাস-১০ ওষুধ খেতে হয়। এখনো জোরে শ্বাস নিলে বুকের ডান পাশে টান লাগে। আমার অল্পে ঠান্ডা লাগে। কাশি-হাঁচি লেগেই থাকে। আমার ফুসফুসের এই সমস্যাটা কি সমাধান হাওয়ার মতো নয়?
রিদওয়ান আহমেদ, রংপুর
পরামর্শ: ফুসফুসের পর্দা বা আবরণীতে যক্ষ্মা হলে তা চিকিৎসায় সেরে যাওয়ার পরেও এক্স-রেতে সাদা দাগ দেখা যেতে পারে। তা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। ধূমপানের অভ্যাস থাকলে তা ত্যাগ করুন। অল্পতেই যেহেতু সর্দি, হাঁচি ও কাশি লেগে থাকে, সে ক্ষেত্রে একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া যেতে পারে।
পরামর্শ দিয়েছেন—অধ্যাপক ডা. মো. আজিজুর রহমান, বক্ষব্যাধি বিশেষজ্ঞ
মেডিসিন
জিজ্ঞাসা: আমার মায়ের বয়স ৪৫ বছর। ৪-৫ মাস ধরে বুকের দুই পাশের পাঁজরে চাপ ধরে থাকে। কিছুদিন ধরে আবার বুকের বাঁ পাশে বেশি চাপ ধরে থাকে। ভারী কাজ করলে গা হাঁপিয়ে ওঠে, মেরুদণ্ড বরাবর ব্যথা করে। এ অবস্থায় কী করা উচিত?
অহনা মোর্শেদ
পরামর্শ: আপনার মায়ের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ইত্যাদি আছে কি না, তা জানা দরকার। হৃদ্রোগের ঝুঁকি কতটুকু, তা বোঝা যাবে। তবে লক্ষণ বিচারে তাঁর একটি ইসিজি করিয়ে মেডিসিন বা হৃদ্রোগ বিশেষজ্ঞ দেখানো উচিত। অনেক সময় ইসিজিতে বোঝা না গেলে ইটিটি বা আরও কোনো পরীক্ষা করা লাগতে পারে, যা বিশেষজ্ঞ চিকিৎসক পরামর্শ দেবেন।
পরামর্শ দিয়েছেন—ডা. রাশেদুল হাসান, মেডিসিন বিশেষজ্ঞ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ, ঢাকা।
জিজ্ঞাসা: আমার বয়স ২৪ বছর। ৮ মাস ধরে বুকের নিচ বরাবর পেটের ওপরের দিকে ব্যথা অনুভব করি। যদি খাবার খাই, তাহলে ব্যথা ওঠে হালকা করে। আমার মাজায় ব্যথা আছে। সারা দিন বসে থাকা হয়। তা ছাড়া পেটের নিচে কখনো ডান বা বাঁ দিকে ব্যথা করে। চিকিৎসককে দেখানোর পর আমার প্রস্রাবের সংক্রমণ ধরা পড়ে। কী করতে পারি?
মো. হাসান, ঢাকা।
পরামর্শ: আপনার পেটের ব্যথাটি পেপটিক আলসার বা পিত্তথলির কোনো সমস্যার কারণে হতে পারে। সাধারণত খাবারের সঙ্গে এই ব্যথাগুলোর সম্পর্ক থাকে। কোমরে ও পেটের নিচের দিকে ব্যথা প্রস্রাবের সংক্রমণেরই লক্ষণ ছিল। কিন্তু একজন কম বয়স্ক পুরুষের কোনো কারণ ছাড়া প্রস্রাবে সংক্রমণ হয় না। কারণটা জানা জরুরি।
পরামর্শ দিয়েছেন—ডা. আ ফ ম হেলালউদ্দিন, মেডিসিন বিশেষজ্ঞ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা।
হরমোন
জিজ্ঞাসা: আমার বয়স ২০ বছর। ওজন ৫৩ কেজি, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। ১২ বছর বয়স থেকেই মুখ ও গালের পাশ দিয়ে অনেক লোম। আর আমার প্রচুর ঘাম হয়, বিশেষ করে মুখে। সামান্য গরমেও সারা শরীর ঘেমে–নেয়ে একাকার হয়ে যায়। আমার পিরিয়ড স্বাভাবিক। কী করলে এই সমস্যা থেকে মুক্তি পাব?
নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক
পরামর্শ: পলিসিস্টিক ওভারি সিনড্রোম থাকতে পারে। এতে মুখে লোম গজায়। হরমোন পরীক্ষা আর আলট্রাসনোগ্রাম করলে শনাক্ত করা যাবে। ওজন বাড়তে দেবেন না। খাদ্য নিয়ন্ত্রণ আর নিয়মিত ব্যায়াম করবেন। অনেকের হরমোনের সমস্যা না থাকলেও পারিবারিক কারণে মুখে লোম থাকে। এর জন্য মুখে খাবার আর লাগানোর ওষুধ ব্যবহার করা যায়।
পরামর্শ দিয়েছেন—ডা. ইন্দ্রজিত প্রসাদ, সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ।
প্রশ্ন পাঠানোর ঠিকানা
স্বাস্থ্য জিজ্ঞাসা
ই-মেইল: [email protected]
ফেসবুক পেজ: fb.com/ProShastho
ডাকযোগে: প্র স্বাস্থ্য, প্রথম আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫