‘আমি কি চিকিৎসার মাধ্যমে ফরসা হতে পারব?’

রোগবালাই যেমন আছে, তেমনি আছে উপশমের উপায়। স্বাস্থ্য ও বিভিন্ন রোগ নিয়ে পাঠকদের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: ১

আমার বয়স ২৩ বছর। সব সময় শরীর বরফের মতো ঠান্ডা হয়ে থাকে, বিশেষ করে শীতকালে অতিরিক্ত ঠান্ডা হয়ে শরীর কাঁপুনি হতে থাকে। আমার হাত অতিরিক্ত ঠান্ডা। যখন মানুষ টি-শার্ট পরে ঘোরে, তখনো আমাকে গরম মোটা কাপড় পরতে হয়। এর কারণ কী, প্রতিকারই বা কী?—মোহাম্মদ মনিরুল আলম

থাইরয়েড হরমোনের ঘাটতি হলে অতিরিক্ত শীত অনুভূত হয়
ছবি: সংগৃহীত

পরামর্শ: ১

সাধারণত হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড হরমোনের ঘাটতি হলে এ রকম অতিরিক্ত শীত অনুভূত হয়। তবে পিটুইটারি বা হাইপোথ্যালামাসের সমস্যায়ও হতে পারে, যদিও ওগুলো হাইপোথাইরয়েডের মতো সাধারণ সমস্যা নয়। রক্তশূন্যতা, ভাসকুলার কিছু সমস্যাও এমন হতে পারে।

পরামর্শ দিয়েছেন—অধ্যাপক ইন্দ্রজিত প্রসাদ, বিভাগীয় প্রধান, এন্ডোক্রাইনোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ

প্রশ্ন: ২

আমার গায়ের রং শ্যামবর্ণ। এ জন্য সবার কাছ থেকে অনেক কথা শুনতে হয়। আমি কি চিকিৎসার মাধ্যমে ফরসা হতে পারব? চিকিৎসার মাধ্যমে ফরসা হলে কি দেহে খারাপ কোনো প্রভাব পড়বে? আমার বয়স ১৫ বছর।—স্পর্শী

পরামর্শ: ২

প্রকৃত গায়ের রং পাল্টানোর চেষ্টা করা উচিত নয়। বরং ত্বক সুস্থ ও সতেজ রাখার চেষ্টা করো। পুষ্টিকর খাবার গ্রহণ করো। প্রচুর পানি পান করো। পর্যাপ্ত ঘুম দরকার। ত্বক পরিষ্কার রাখো। সূর্যের আলোতে গেলে সানস্ক্রিন লাগাবে। শীতকালে ময়েশ্চারাইজার লাগাবে। ত্বকের যত্ন নেবে। এতেই ত্বক সুন্দর থাকবে।

পরামর্শ দিয়েছেন—অধ্যাপক মো. আসিফুজ্জামান, বিভাগীয় প্রধান, চর্ম বিভাগ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ, ঢাকা

প্রশ্ন পাঠানোর ঠিকানা

স্বাস্থ্য জিজ্ঞাসা

ই–মেইল: [email protected]

ফেসবুক: www.facebook.com/ProShastho

ডাকযোগে: প্র স্বাস্থ্য, প্রথম আলো, ১৯ কারওয়ার বাজার, ঢাকা ১২১৫