ইউনাইটেড হবে মূলধারার সেবাপ্রতিষ্ঠান

হৃদ্‌রোগের চিকিৎসায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সুখ্যাতি আছে। করোনাভাইরাসের মহামারির সময়ও অন্যান্য সেবার পাশাপাশি প্রতিষ্ঠানটি হৃদ্‌রোগের সেবা বন্ধ রাখেনি। বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ ফাইজুর রহমান মহামারি পরিস্থিতিতে সেবা কার্যক্রম ও ভবিষ্যৎ কিছু পরিকল্পনা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন। সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুহাদা আফরিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ইউনাইটেড হাসপাতাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফাইজুর রহমান
ছবি: তানভীর আহাম্মেদ

প্রশ্ন :

করোনাভাইরাসের মহামারির সময় সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসক, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীরা কিছুটা উদ্বেগে ছিলেন। শুরুর দিকে মানুষ জরুরি সেবা নেওয়া থেকে দূরে ছিলেন। কিছু ক্ষেত্রে হৃদ্‌রোগের চিকিৎসাও জরুরি সেবার পর্যায়ে পড়ে। আপনারা এ পরিস্থিতি কীভাবে সামাল দিয়েছেন বা এখনো দিচ্ছেন?

মোহাম্মদ ফাইজুর রহমান: এ ধরনের মহামারির জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। পৃথিবীর কেউ ছিল না। প্রথমদিকে সবার মধ্যেই একটা দোটানা ছিল—কী করা যাবে, কী করা যাবে না। রোগীরাও হাসপাতালে আসবে কি আসবে না—এ রকম একটা ব্যাপার ছিল। তবে আমরা মহামারি পরিস্থিতির মধ্যে অনেক কিছু দ্রুত শিখে নিয়েছি। সরকার, জাতিসংঘের বিভিন্ন সংস্থার সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ করেছি। তাদের কাছ থেকে জেনেছি, শিখেছি। আমাদের যাঁরা কনসালট্যান্ট আছেন, তাঁরাও নিয়মিত বিভিন্ন জায়গা থেকে শিখেছেন, নতুন নতুন বিষয় সম্পর্কে অবহিত হয়েছেন। ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী (পিপিই) জোগাড় করার দিকেও আমরা মনোযোগী ছিলাম।

প্রথমদিকে আমাদের রোগী আসার সংখ্যা কমে গিয়েছিল। কিন্তু পরে ধীরে ধীরে মানুষ বুঝতে পারল যে অন্য রোগের জন্য চিকিৎসা না নিলে তা করোনার চেয়ে মারাত্মক হয়ে উঠতে পারে। কাজেই বিলম্ব না করে চিকিৎসা নিতে হবে। এর মধ্যে আমরাও শিখে নিলাম যে একজন রোগী এলে কীভাবে করোনা–ঝুঁকি এড়িয়ে তাঁকে সেবা দেব।

  • ৭ হাজার ৫০০ জনের বেশি করোনা রোগীকে সেবা দিয়েছি।

  • করপোরেট হাসপাতাল পরিচয় থেকে বের হওয়ার চেষ্টা করছি।

  • ইউনাইটেড গ্রুপের অধীনে ১ হাজার ৭০০ শয্যার স্বাস্থ্যসেবার সক্ষমতা গড়ে তোলা হবে।

প্রশ্ন :

মহামারির শুরুতে অনেক বিষয়ে কারও পরিষ্কার ধারণা ছিল না। চিকিৎসা অব্যাহত রাখতে আপনারা কোন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন?

মোহাম্মদ ফাইজুর রহমান: কাকে কীভাবে চিকিৎসা দেব, এটা একটা চ্যালেঞ্জ ছিল। স্বাস্থ্য অধিদপ্তর থেকে কিছু নির্দেশনা পেয়েছিলাম। প্রথমে নিবেদিত কোভিড হাসপাতালেই শুধু করোনা রোগীর চিকিৎসা দেওয়ার নির্দেশ এসেছিল। কিন্তু পরবর্তী সময়ে সব হাসপাতালেই আইসোলেশন সেন্টার খুলতে বলা হলো। তারপর একই হাসপাতালে কোভিড ও নন–কোভিড দুই ধরনের রোগীরই চিকিৎসাসেবা দেওয়ার নির্দেশ দেওয়া হলো। এ প্রক্রিয়াগুলো আমাদের খুব সাহায্য করেছে পরিস্থিতি বোঝার জন্য।

আমাদের ইমার্জেন্সিতে যখন কোনো রোগী আসে কিংবা স্বাভাবিকভাবেই হাসপাতালে ভর্তি হয়, সবাইকে আমরা করোনা পরীক্ষা করি। এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

প্রশ্ন :

করোনার চিকিৎসা ও এর পাশাপাশি এ ব্যাপারে মানুষকে সচেতন করতে কী কী পদক্ষেপ আপনারা নিয়েছিলেন?

মোহাম্মদ ফাইজুর রহমান: প্রথমেই আমরা নিজেদের কর্মীদের সচেতনতা ও তাঁদের মানোন্নয়নের দিকে জোর দিই। পাশাপাশি আমাদের কনসালট্যান্টদের মাধ্যমে অন্যদের সঙ্গে, করপোরেট হাউস, ফেসবুকে নানা কর্মসূচি পরিচালনা করি।

করোনা গুরুতর না হলে বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নেওয়ার জন্য ভিডিও কনসালটেশন, সব সুরক্ষাসামগ্রী, ওষুধসহ প্যাকেজ তৈরি করা হয়েছে।

করোনা নেগেটিভ হয়ে বাড়ি ফেরার পরও অনেক সময় ফুসফুসে সমস্যা থেকে যায়। এ ধরনের রোগীর জন্য করোনা–পরবর্তী পুনর্বাসনের চিকিৎসাও আমরা প্যাকেজের মাধ্যমে দিই। প্যাকেজের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত রোগীর মূল্যায়ন করা হয়। এতে রোগী বুঝতে পারে, তার কতটা উন্নতি হয়েছে।

অবকাঠামোগত দিক দিয়ে আমরা সম্পূর্ণ আলাদা পরিসরে কোভিড উইং সাজিয়েছি। এতে ১৬ শয্যার নতুন নিবিড় পরিচর্যাকেন্দ্রসহ (আইসিইউ) এখন আমাদের মোট ৪০ শয্যার আইসিইউ সক্ষমতা রয়েছে। এ ছাড়া করোনা রোগীদের জন্য ৬ শয্যার করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) ও ৭ শয্যার ডায়ালাইসিসের ব্যবস্থাও করেছি।

এই মহামারিতেও আমাদের ডায়ালাইসিসের জন্য নিয়মিত তিন শিফটের পাশাপাশি রোগী সংকুলানের জন্য চতুর্থ শিফট চালু করতে হয়েছে। ক্যানসার রোগীদের নিরবচ্ছিন্ন সেবা দিতে প্রতিদিন ৯০টির বেশি রেডিওথেরাপির সেশন হচ্ছে।

এযাবৎ করোনা টেস্টসহ, বহির্বিভাগে আগত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মিলিয়ে আমরা ৭ হাজার ৫০০ জনের বেশি করোনা রোগীকে সেবা দিয়েছি। তাদের মধ্যে ৭৫০ জনের বেশি রোগীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিয়েছি।

প্রশ্ন :

ভবিষ্যতে ইউনাইটেড হাসপাতালের চিকিৎসাসেবায় কি বিশেষ কোনো পরিবর্তন আসবে?

মোহাম্মদ ফাইজুর রহমান: ইউনাইটেড হাসপাতাল নিয়ে আরও পরিবর্ধনের পরিকল্পনা আমাদের আছে। কর্তৃপক্ষের অনুমতি পেলেই আমরা রাজধানীর সাতারকুলে ২৫০ শয্যার ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণকাজ শুরু করব। পরবর্তী সময়ে এর শয্যাসংখ্যা বাড়িয়ে ৫০০ করা হবে। পিপিপির (সরকারি–বেসরকারি অংশীদারত্ব) মাধ্যমে চট্টগ্রামে বাংলাদেশ রেলওয়ের সঙ্গে ৫০০ শয্যার একটি হাসপাতাল নির্মাণের চুক্তি হয়েছে। ইউনাইটেড ট্রাস্টের মাধ্যমে জামালপুরে ২০০ শয্যার একটি টারশিয়ারি কেয়ার হাসপাতাল করতে যাচ্ছি। আমাদের লক্ষ্য আগামী দুই–তিন বছরে ইউনাইটেড গ্রুপের অধীনে সব মিলিয়ে ১ হাজার ৭০০ শয্যার স্বাস্থ্যসেবা প্রদানের সক্ষমতা গড়ে তোলা।

প্রশ্ন :

আপনারা কি বিশেষায়িত সেবার পরিধি বাড়াতে চাইছেন? আপনাদের পরিকল্পনা কী?

মোহাম্মদ ফাইজুর রহমান: এ দেশে স্বাস্থ্য খাতে সরকারি–বেসরকারিসহ যত প্রতিষ্ঠান আছে, সব মিলিয়ে আমরা দেশের ১৭ কোটি মানুষকে খুব সামান্যই সেবা দিতে পারব। তাই আমাদের রোগ প্রতিরোধের দিকে জোর দিতে হবে। আমরা করপোরেট হাসপাতাল পরিচয় থেকে বের হয়ে চেষ্টা করছি নিজেদের মূলধারার হাসপাতাল হিসেবে গড়ে তুলতে। আমরা সব সময়ই চাই হৃদ্‌রোগে আক্রান্ত কোনো রোগী যেন আমাদের এখান থেকে ফিরে না যায়। সাশ্রয়ী সব ধরনের প্যাকেজের ব্যবস্থা আমাদের আছে, যাতে করে যে কেউ তাদের প্রয়োজন অনুযায়ী সেবাটা নিতে পারে।

দেশের অনেক মানুষ বিদেশে যায় চিকিৎসার জন্য। কিন্তু করোনার জন্য এখন তারা যেতে পারছে না। তারা আমাদের পরিবার বা সমাজেরই কেউ। আমাদের এখন সুযোগ আছে এই বিদেশগামী মানুষগুলোকে আশানুরূপ সেবা দিয়ে একটা আস্থার জায়গা তৈরি করা এবং তাদের সমর্থন পাওয়া। আমি মানতে পারি না যে আমার দেশের মানুষের জন্য অন্য দেশের চিকিৎসাব্যবস্থায় কেউ বেশি কেয়ার করবে, আমি কম কেয়ার করব। এ জন্য আমাদের অনেক বেশি রোগীবান্ধব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান তৈরি করতে হবে। আমাদের দেশে হেলথ ইনস্যুরেন্স (স্বাস্থ্যবিমা) সুবিধাও ডেভেলপ করতে হবে। এটার ভালো ব্যবস্থা না থাকায় রোগীর ওপরে চিকিৎসার খরচের চাপও বেশি হয়ে যাচ্ছে।

প্রশ্ন :

বাংলাদেশের স্বাস্থ্যসেবা তথা চিকিৎসা খাত কোন দিকে যাচ্ছে?

মোহাম্মদ ফাইজুর রহমান: করোনার প্রভাবে বাংলাদেশে স্বাস্থ্যসেবা খাতকে এখন একটা গুরুত্বপূর্ণ খাত হিসেবে গণ্য করার সুযোগ এসেছে। ওই লক্ষ্যেই আমরা কাজ করছি।

আমাদের চেষ্টা থাকবে আমাদের প্রতিষ্ঠানকে একটা রোল মডেল হিসেবে দাঁড় করানো, সেন্টার অব এক্সিলেন্স হিসেবে তৈরি করা। আরও ১০ জনকে স্বাস্থ্যসেবাকেন্দ্র বা হাসপাতাল করার পরামর্শ দেওয়ার সময় যেন আমরা বলতে পারি যে তারা আমাদের গড়ে তোলা প্রতিষ্ঠানকে অনুকরণ করতে পারবে।

স্বাস্থ্যসেবা খাতের মাধ্যমে কিন্তু অনেক কর্মসংস্থানও তৈরি হচ্ছে। এসব যদি আমরা সফলতার সঙ্গে করতে পারি, তাহলে স্বাস্থ্য খাত তৈরি পোশাক খাতের তুলনায় পিছিয়ে থাকবে না।