ঈদে অন্য সময়ের মতো খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের সুযোগ কম। বাড়িতেও আয়োজন, আবার আত্মীয়-বন্ধুর বাড়ি গিয়েও সবার মন রাখতে খাওয়াটা একটু বেশিই হয়ে যায়। ঈদের ছুটির সময় রোজকার ব্যায়ামের নিয়মেও পরিবর্তন চলে আসে অনেকের। সুস্থ থাকার জন্য তাই কিছু বিষয় খেয়াল রাখা প্রয়োজন।
ঈদের সময় বাড়িতেই প্রচুর কাজ। সবার সঙ্গে কাজে অংশ নিন। ভারী পাত্র বহন করাও কিন্তু ব্যায়ামের অংশ। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজেও যুক্ত করুন নিজেকে। ঈদের কাজ শেষে খোলা হাওয়ায় সাইকেল নিয়ে বেরিয়ে পড়তে পারেন বন্ধুদের সঙ্গে, সেটি ঈদের দিন না পারলেও পরদিন থেকে শুরু করুন। গবেষণায় প্রাপ্ত তথ্যমতে, সাইকেলে করে ৩০ মিনিটে ৫ মাইল বা ১৫ মিনিটে ৪ মাইল পথ পেরোলে ১৫০ ক্যালরি পোড়ানো সম্ভব। পরিবার নিয়ে বিকেলে গাড়ি করে ঘুরতে গেলে সাইকেল চালানোর সুযোগ হয়তো পাবেন না, সে ক্ষেত্রে পরদিন গাড়ি ধোয়ার কাজটি না হয় নিজেই করলেন।
আসলে বাড়ির কাজ নিজ হাতে করলে আলাদা ব্যায়াম ছাড়াই কিছু ক্যালরি পোড়ানো সম্ভব। দুই-তিন তলায় বাসা হলে হেঁটেই ওঠানামা করার অভ্যাসটা না হয় এই ঈদেই গড়ে তুলুন, যদি হাঁটুব্যথা না থাকে।
প্রতি গ্রাম গরুর মাংসে গড়ে ২ থেকে ৩ ক্যালরি থাকে। ১ গ্রাম খাসির মাংসে থাকে ১ ক্যালরি, ১ গ্রাম ভেড়ার মাংসে ৩ ক্যালরি। তবে রান্নার উপকরণ ও পদ্ধতির ওপর নির্ভর করে ক্যালরি গ্রহণের পুরো হিসাব। কতটা বাড়তি ক্যালরি গ্রহণ করছেন, এর ওপর নির্ভর করে কতটা বাড়তি ব্যায়াম প্রয়োজন আপনার। ঈদে ব্যায়ামাগারে গেলে নিয়মিত ব্যায়ামের পাশাপাশি কিছুটা বাড়তি সময় দিতে পারেন সেখানে। আবার ছুটিতে ব্যায়ামাগারে যাওয়া না-ও হতে পারে। সে ক্ষেত্রে বাড়ির বাগানে একটু বেশি সময় দিন। ৩০-৪৫ মিনিট বাগানে কাজ করলে গড়পড়তা ১৫০ ক্যালরি পোড়ে।
ঘরের ব্যায়ামের মধ্যে দড়িলাফ বা অন্যান্য ব্যায়ামে সময় দিন একটু বেশি। ১৫ মিনিট দড়িলাফে ১৫০ ক্যালরি পোড়ানো সম্ভব। ৩০ মিনিটে ২ মাইল হাঁটুন বা ১৫ মিনিটে দেড় মাইল দৌড়ান, তাতেও একই পরিমাণ ক্যালরি পোড়ানো হবে।
ডা. রাফিয়া আলম
স্কয়ার হাসপাতাল