ঈদে যাঁরা ছোট শিশুদের নিয়ে শহর ছাড়ছেন, তাঁদের কিছু বিষয়ে বাড়তি সাবধানতা থাকা দরকার। প্রতিবছর এই সময় নানা দুর্ঘটনার খবর মেলে। তাই শিশুরা বিপদের ঝুঁকির মধ্যে থাকে। এ বিষয়ে কয়েকটি পরামর্শ:
যাত্রার প্রস্তুতিপর্বে শিশুর প্রয়োজনীয় সুতি কাপড়, ডায়াপার নিন পর্যাপ্ত। বিশুদ্ধ পানীয় এবং শিশুর খাবার নিতে হবে বাসা থেকেই, বাইরের কিছু খাওয়াবেন না। গাড়িতে, ট্রেনে বা লঞ্চে উঠতে তাড়াহুড়া করবেন না, রাস্তায় যানজটের কথা বিবেচনায় রেখে পর্যাপ্ত সময় নিয়েই বাসা থেকে বেরোবেন। শিশুদের কখনো জানালার কাছে বসাবেন না। লঞ্চের ডেকেও শিশুকে নিয়ে ওঠা উচিত নয়। স্টেশন, ঘাটে ভিড়ের মধ্যে শিশুকে কখনো একা ছেড়ে দেবেন না।
ঈদের দিন উচ্ছ্বাসের মাঝেও সতর্ক থাকুন। আশপাশে যদি পুকুর বা জলাধার থাকে, শিশুদের দিকে বেশি খেয়াল রাখুন। ওরা ছোটাছুটি করতে গিয়ে কোথাও যেন আঘাত না পায়, সেদিকটাও দেখবেন। তাই বলে অতিরিক্ত শাসন করবেন না। খেলতে গিয়ে সামান্য একটু ছড়ে বা কেটে যেতেই পারে, এগুলো তেমন গুরুতর কিছু নয়। লক্ষ রাখবেন, শিশুরা উঁচু কোনো স্থান বা গাছে উঠছে কি না, আগুন কিংবা ধারালো কিছু নিয়ে যেন না খেলে।
ছোটাছুটির ফলে শিশুর জামা ভিজে ঠান্ডা লাগতে পারে, তাই ভিজে গেলে জামা পাল্টে দিন। এই সময়ে বৃষ্টিতে গ্রামাঞ্চলে সাপ ও পোকামাকড়ের উপদ্রব আছে, বিষয়টিও মাথায় রাখতে হবে।
ট্রাভেল ব্যাগে প্রাথমিক চিকিৎসার জন্য ব্যান্ডেজ, গজ, অ্যান্টিসেপ্টিক নিন। সাধারণ কিছু ওষুধ, যেমন প্যারাসিটামল, কাশির জন্য সালবিউটামল, সর্দির জন্য অ্যান্টিহিস্টামিন ইত্যাদি সঙ্গে রাখুন। জ্বর বেশি হলে সাপোজিটরিও লাগতে পারে। এগুলো আগে থেকেই কিনে রাখুন। শিশু নিয়মিত যেসব ওষুধ খায়, সেগুলো বেশি করে সঙ্গে নিতে ভুলবেন না।
ডা. আবু সাঈদ
শিশু বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল