বছর ঘুরে এসেছে নববর্ষ। বাংলা নববর্ষ শুরু হয় গ্রীষ্মকাল দিয়ে। বৈশাখে মাঝে মাঝে কালবৈশাখী আর ঝড়-জলের ঝাপটা এলেও সময়টায় মূলত দেশজুড়ে তীব্র দাবদাহ থাকে। সেই সঙ্গে আর্দ্রতা বেড়ে যায়। দিনভর প্রচণ্ড তাপে অনেকে অসুস্থ হয়ে পড়তে পারেন। পয়লা বৈশাখে বাইরে আনন্দ-কোলাহল উৎসবে যোগ দিতে গিয়ে কাহিল হয়ে পড়লে তো চলবে না। তাই আজ যাঁরা বের হবেন, তাঁদের কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে।
* প্রচণ্ড তাপ ও গরমে শরীর দ্রুত পানিশূন্য হয়ে পড়বে। তাই সঙ্গে আর যা-ই থাকুক, খাওয়ার পানি পর্যাপ্ত পরিমাণে রাখতে হবে। একটু পর পর বিশুদ্ধ পানি পান করবেন। মনে রাখবেন, পানির চাহিদা পানি ছাড়া অন্যান্য পানীয়, যেমন জুস, কোলা ইত্যাদিতে যথেষ্ট পূরণ হয় না।
* ঘামের সঙ্গে পানির পাশাপাশি শরীর থেকে লবণও বেরিয়ে যায়। লবণশূন্যতা হলে মাথা ঝিমঝিম, ঝাপসা দৃষ্টি, এমনকি অসংলগ্ন কথাবার্তা শুরু হয়ে যেতে পারে। এ রকম হলে আক্রান্ত ব্যক্তিকে অবিলম্বে তুলনামূলক ঠান্ডা জায়গায় নিয়ে লবণ-পানি বা স্যালাইন খেতে দিন।
* প্রচণ্ড গরমে দীর্ঘক্ষণ বাইরে থাকলে হিটস্ট্রোকের আক্রমণের আশঙ্কা থাকে। এতে পিপাসার পাশাপাশি দুর্বলতা, মাথাব্যথা, সারা শরীরে ব্যথা, অসংলগ্ন আচরণ হতে পারে। শরীরের তাপমাত্রার নিয়ন্ত্রণ বা ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। মাথা ঝিমঝিম, শ্বাসকষ্ট, রক্তচাপ হ্রাস, খিঁচুনিতে আক্রান্ত হয়ে অজ্ঞানও হয়ে যেতে পারেন কেউ।
* এ ছাড়া দীর্ঘক্ষণ রোদে ঘোরাঘুরি করলে ত্বকে ঘামাচি, জ্বালাপোড়া, সানবার্ন, চুলকানি ও ফোসকা হতে পারে।
নববর্ষ তো পালন করবেনই। কিন্তু নিজের ও পরিবারের সদস্যদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে ভুলবেন না। এমনকি আপনি যখন শোভাযাত্রায় বা মেলায় বা উৎসবে থাকবেন, তখন পাশের কেউ অসুস্থ হয়ে পড়লেও দায়িত্ব নিয়ে এগিয়ে যান।
* কাউকে হঠাৎ অচেতন হতে দেখলে বা অসংলগ্ন আচরণ করতে দেখলে হিটস্ট্রোকের কথা মাথায় রেখে আক্রান্ত ব্যক্তিকে তৎক্ষণাৎ কোলাহল ও গরম থেকে সরিয়ে শীতল স্থানে নিয়ে বাতাস করুন এবং পরনের জামাকাপড় ঢিলে করে সারা শরীর ভেজা কাপড় দিয়ে বারবার মুছে দিন। রোগীর চেতনা থাকলে প্রচুর পানি বা তরল খেতে দিন। সংজ্ঞা হারিয়ে ফেললে তাঁকে কাছের কোনো হাসপাতালে নিয়ে যান। মনে রাখবেন, হিটস্ট্রোক থেকে মৃত্যুও হতে পারে।
* পয়লা বৈশাখে বেরোনোর সময় হালকা সুতি জামাকাপড় পরুন। ভারী সাজসজ্জার প্রয়োজন নেই। সঙ্গে প্রচুর পানি রাখুন। অতিরিক্ত ভিড় থেকে শিশুদের দূরে রাখুন। টুপি, ছাতা, সানগ্লাস ব্যবহার করুন। রাস্তা থেকে কেনা আখের রস, শরবত, কাটা ফল খাবেন না। বরং ডাব খেতে পারেন। এই সময়ে বেশি চা, কফি, কোমল পানীয় বর্জন করুন। উৎসব হলেও গুরুপাক খাবেন না। শিশুদের দিকে বিশেষ নজর দিন।
ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ
বিআইএইচএস হাসপাতাল, মিরপুর, ঢাকা