এই গরমে কোন সবজি খাবেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রচণ্ড গরম আর রোদে যাঁরা বাইরে কাজ করছেন, তাঁদের শরীর দ্রুত পানি হারায়। ফলে বারবার পানি পান করতে হয়। কিন্তু শুধু পানি পান করেই যে আমরা শরীরের নিত্যদিনের পানির চাহিদা পূরণ করি, তা নয়। খাবারের মাধ্যমেও প্রায় ২০ শতাংশ পানি আমরা গ্রহণ করে থাকি। তাই এ গরমে পানির চাহিদা পূরণ করতে এমন খাবার খেতে হবে, যাতে জলীয় অংশের পরিমাণ বেশি। জেনে নিন এ রকম কয়েকটি খাবার সম্পর্কে:
শসা: এই সবজির ৯৬ দশমিক ৭ শতাংশই পানি। তাই শরীরের পানিশূন্যতা পূরণে শসার জুড়ি নেই। আস্ত বা সালাদ করে খাওয়ার পাশাপাশি পুদিনা ও দইয়ের সঙ্গে মিশিয়ে (ব্লেন্ড করে) খাওয়া যায়।
টমেটো: এতে জলীয় অংশ প্রায় ৯৬ শতাংশ। টমেটো একটি অ্যান্টি-অক্সিডেন্ট এবং ভিটামিন ‘এ’ ও ভিটামিন ‘সি’-এর চমৎকার উৎস। তাই দিনের কোনো এক সময় কেবল নাশতা হিসেবেও টুকরো করা তাজা টমেটো খেতে পারেন।

ক্যাপসিকাম: এই সবজিতে যথেষ্ট পরিমাণে পানি থাকে। তবে সবচেয়ে বেশি (৯৩ শতাংশ) পানি আছে সবুজ ক্যাপসিকামে। তাই সালাদ বা নাশতায় সবুজ ক্যাপসিকাম যোগ করতে পারেন।

লাউ: গরমে খেতে পারেন লাউ, জালি কুমড়া ইত্যাদি সবজি। এগুলোতে পানি ছাড়াও ফলেট, ভিটামিন ‘সি’ ইত্যাদি বেশি পরিমাণে থাকে। এসব সবজিতে ক্যালরির পরিমাণ কম বলে বেশি খেলেও শরীরের ওজন বাড়ে না।

শাকপাতা: লেটুস পাতা ও পালংশাকেও পানির পরিমাণ অনেক। এগুলোতে ভিটামিনও পাওয়া যায় অনেক।

মুলা: মুলাতেও (সাদা বা গোলাপি) আছে প্রায় ৯৫ শতাংশ পানি। 

আখতারুন নাহার