এই বর্ষায় সোনামণির যত্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষায় প্রকৃতিতে চলে রোদ-বৃষ্টির লুকোচুরি। এই হয়তো তীব্র গরমের ভ্রুকুটি আবার পরক্ষণেই মেঘ কালো করে ঝুম বৃষ্টি। তবে বৃষ্টি তো আর বলে-কয়ে আসে না, তাই বর্ষায় বাচ্চার স্কুলব্যাগে ছাতা বা রেইনকোট রেখে দিন। খুব ছোট বাচ্চাকে নিয়ে বাড়ির বাইরে বের হলে আপনিও ছাতা সঙ্গে রাখুন।

বৃষ্টিতে কাদামাখা পিছল রাস্তায় বাচ্চাকে নিয়ে সাবধানে পথ চলুন। বাড়ির ভেতরে, বিশেষ করে বারান্দার মেঝে বৃষ্টির ছটায় পিছল হয়ে দুর্ঘটনা ঘটতে পারে। খালি পায়ে থাকলে এই দুর্ঘটনার আশঙ্কা বেশি, তাই বাচ্চাকে স্যান্ডেল পরিয়ে রাখুন আর মেঝে দ্রুত মুছে দিন। বাইরে বৃষ্টিতে ভিজলে বাচ্চাকেও দ্রুত মুছে দিতে হবে। তার আগে ভেজা জামা পাল্টে দিন। এ সময় অনেকেই ভেজা জামা-জুতা শুকানোর জন্য গ্যাসের চুলা জ্বালিয়ে রাখেন। এতে গ্যাসের অপচয় তো হয়ই, সেই সঙ্গে মারাত্মক দুর্ঘটনাও ঘটতে পারে।

বর্ষায় বৃষ্টির পানির সঙ্গে রাস্তার আবর্জনা মিশে থাকে বলে এই পানিতে চর্মরোগ হতে পারে। তাই বাচ্চার পা সাবান দিয়ে ভালো করে ধুয়ে দিন। সম্ভব হলে কুসুম গরম পানি দিয়ে গোসলও করিয়ে দেওয়া যেতে পারে। এ সময় নবজাতককে এক দিন পরপর আর বড় বাচ্চাদের প্রতিদিন গোসল করানো যাবে। বর্ষায় স্যাঁতসেঁতে আবহাওয়ায় হাঁপানি ও অ্যালার্জিজনিত রোগ বেশি হয়। তাই বৃষ্টিহীন দিনগুলোতে ঘরের জানালা খুলে দিয়ে রোদ প্রবেশ করতে দিন। বাচ্চার বিছানার চাদর, পরিধেয় সব কাপড় রোদে শুকাতে দিন।

এ সময় বৃষ্টিতে ঠান্ডা লেগে বাচ্চাদের সর্দিজ্বর হতে পারে। এই জ্বরে বাচ্চাকে প্রচুর তরল খাবার দিন। সেই সঙ্গে লবণ পানির মিশ্রণ দিয়ে নাক পরিষ্কার এবং জ্বরের জন্য প্যারাসিটামল খাওয়ালেই হলো। অবশ্য জ্বর, কাশি বা শ্বাসকষ্ট বেশি হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।

বর্ষায় খাবারের মাধ্যমে ছড়ায় এমন রোগ যেমন ডায়রিয়া, টাইফয়েড, জন্ডিস ইত্যাদি হতে পারে। রাস্তার খাবার এড়িয়ে চললে আর নিয়মিত সাবান দিয়ে হাত ধুলে এসব রোগ কম হয়, আর সেই সঙ্গে পানি তো ফুটিয়ে পান করতেই হবে। আসলে বর্ষায় বৃষ্টি আর ঠান্ডাজনিত রোগের সঙ্গে সঙ্গে গরমের কারণে সৃষ্ট সমস্যাগুলোর ব্যাপারেও যদি আমরা সচেতন থাকি, তবেই এ সময়ে আমাদের সোনামণিরা থাকবে সুস্থ আর ভাবনাহীন।

ডা. আবু সাঈদ

শিশু বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল