গরম যত বাড়ে, রোগও তত বাড়ে। তবে বেশি যে সমস্যা হয়, তা হলো পানিস্বল্পতা। প্রচুর ঘামের কারণে পানির সঙ্গে শরীর থেকে প্রয়োজনীয় লবণও বেরিয়ে যায়। এর ফলে শরীরের রক্তচাপ কমে যায়, দুর্বল লাগে, মাথা ঝিমঝিম করে। পানিস্বল্পতা গরমের খুব সাধারণ সমস্যা হলেও অবহেলা করলে তা মারাত্মক হয়ে যেতে পারে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তি এবং যাঁরা বাইরে কাজ করেন, প্রয়োজনমতো পানি পান করার সুযোগ পান না, তাঁরাই মারাত্মক পানিস্বল্পতায় আক্রান্ত হন বেশি। এ ক্ষেত্রে অজ্ঞান হয়ে যাওয়া এবং কিডনির সমস্যা হওয়াও বিচিত্র নয়।
অনেকেই গরমে তৃষ্ণা মেটাতে বাইরে বা রাস্তাঘাটে বিক্রেতাদের কাছ থেকে অপরিষ্কার পানি বা শরবত খান, যা অনেক সময় বিশুদ্ধ নয়। ফলে ডায়রিয়া ও বমিতে আক্রান্ত হতে পারেন। একই কারণে এ সময়টায় পানিবাহিত অন্যান্য রোগ যেমন টাইফয়েড, হেপাটাইটিস ইত্যাদি বেশি হয়। গরমে অনেকে প্রচুর পানি পান করেন, কিন্তু তাতে পর্যাপ্ত লবণ থাকে না। ফলে শরীরে লবণের অভাব দেখা দেয়। অতিরিক্ত গরমে অনেক সময় খাবার নষ্ট হয়ে যেতে পারে। এসব খাবার খেলে বদহজমসহ অনেক পেটের পীড়া দেখা দিতে পারে।
যা করতে হবে, তা হলো
সব সময় পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে হবে, যেখানে-সেখানে দূষিত পানি বা অন্যান্য পানীয় খাওয়া বর্জন করতে হবে। পানি ও অন্যান্য তরল পান করুন, অন্য সময়ের চেয়ে একটু বেশি, শুধু যেন হয় বিশুদ্ধ। বিশেষ করে যাঁরা অতিরিক্ত গরম পরিবেশে কাজকর্ম করেন, ঘামের সঙ্গে পানি ও লবণ দুই-ই বের হয়ে যায়, তাঁরা তরল পানীয়র সঙ্গে লবণ মিশিয়ে নেবেন। এমনকি ওরস্যালাইনও খেতে পারেন। অবশ্যই বিশুদ্ধ পানি ব্যবহার করতে হবে।
* তরল-গরম-টাটকা খাবার সব সময়ই ভালো। গরম পানিতে মধু আর গরম লেবু-চা পান করতে পারেন।
* চা ও কফি যথাসম্ভব কম পান করা উচিত।
* গরমের সময় ডায়রিয়া ও বদহজম প্রায়ই হয়, তাই সব সময় ফুটানো পানি পান করতে হবে।
* সব সময় ভালোভাবে হাত ধুতে হবে।
* প্রয়োজনমতো গোসল করতে হবে এবং শরীর ঘাম ও ময়লামুক্ত রাখতে হবে।
* শ্রমসাধ্য কাজ যথাসম্ভব কম করতে হবে। এ ক্ষেত্রে কিছুক্ষণ পরপর বিশ্রাম নিতে হবে ও প্রচুর পানি ও স্যালাইন পান করতে হবে।
* গুরুপাক খাবার এড়িয়ে চলতে হবে। সাধারণ খাবার যেমন ভাত, ডাল, সবজি, মাছ ইত্যাদি খাওয়া ভালো।
* খাবার যেন টাটকা হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। নানা রকম ফল যেমন আম, তরমুজ এবং লেবুর শরবত শরীরের প্রয়োজনীয় পানি ও লবণের ঘাটতি মেটাবে।
* প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না। যথাসম্ভব ঘরের ভেতরে বা ছায়াযুক্ত স্থানে থাকতে চেষ্টা করুন।
* বাইরে বের হলে সরাসরি রোদ যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। প্রয়োজনে টুপি বা ছাতা ব্যবহার করতে হবে। পরনের কাপড় হতে হবে হালকা, ঢিলেঢালা, সুতির। শরীর যতটা সম্ভব ঢেকে রাখতে হবে।
* তবে পেটের পীড়া যদি চলতেই থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। পানিস্বল্পতা হওয়ার আগে প্রয়োজনে হাসপাতালে যান।
অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ : ডিন, মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়