স্বাস্থ্য জিজ্ঞাসা
এক মাসে আমার স্ত্রীর তিনবার ঋতুস্রাব হয়েছে
রোগবালাই যেমন আছে, তেমনি আছে উপশমের উপায়। স্বাস্থ্য ও বিভিন্ন রোগ নিয়ে পাঠকদের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
মেডিসিন
প্রশ্ন :
আমার মায়ের বয়স ৪৩ বছর। তাঁর উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস আছে। তাঁর ডান পায়ের হাঁটু ভারী বোধ হয়, ব্যথা করে বলেন। তাই হাঁটতে খুব কষ্ট হয়। এর চিকিৎসা কী?—নাম প্রকাশে অনিচ্ছুক।
আপনার মায়ের ওজন কত, তা উল্লেখ করেননি। মনে হচ্ছে তাঁর হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস বা বয়সজনিত সন্ধিক্ষয় হয়েছে। হাঁটু ভাঁজ করে কোনো কাজ করতে বারণ করবেন। ওজন কমাতে হবে। ডায়াবেটিস ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে। ব্যথা বেশি হলে তিনি গরম সেঁক দিতে পারেন বা ব্যথানাশক খেতে পারেন। দরকার হলে একটি হাঁটুর এক্স-রেসহ চিকিৎসকের পরামর্শ নিলে ভালো হয়।
পরামর্শ দিয়েছেন—ডা. আ ফ ম হেলালউদ্দিন, মেডিসিন বিশেষজ্ঞ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা।
স্ত্রীরোগ
প্রশ্ন :
গত ১৬ জুন থেকে ৯ জুলাই—এই সময়ের মধ্যে আমার স্ত্রীর তিনবার ঋতুস্রাব হয়েছে। ওর বয়স ৩৭ বছর। আমাদের বিবাহিত জীবন সাত বছরের। বিভিন্ন কারণে আমাদের বাচ্চা নেওয়া হয়নি। এখন এই সমস্যার সমাধান জানতে পারলে উপকার হতো।—মোহাম্মদ শান্ত
বারবার ঋতুস্রাবে শরীরে রক্তাল্পতা দেখা দিতে পারে। যেহেতু রোগীর বয়স ৩৭ বছর এবং এখনো বাচ্চা নেওয়া হয়নি, তাই বিষয়টিকে কোনোভাবেই অবহেলা করার সুযোগ নেই। নানা কারণেই এটি হতে পারে। যথাযথ কারণ জানার জন্য কিছু পরীক্ষা–নিরীক্ষা করা জরুরি। যেমন তরপেটের আলট্রাসনোগ্রাম, হরমোন পরীক্ষা ইত্যাদি। সঙ্গে বাচ্চা নেওয়ার পরিকল্পনা করা উচিত। একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ দেখালে ভালো হয়।
পরামর্শ দিয়েছেন—ডা. তাছনীম আকতার, ল্যাপারোস্কপিক সার্জন, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কনসালট্যান্ট, ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল, ঢাকা
স্নায়ুরোগ
প্রশ্ন :
আমার বয়স ১৯ বছর। অনেক দিন হলো আমার মাথাব্যথা। নাক, কান, গলাসহ বিভিন্ন জায়গায় কেমন অস্থির বোধ হয়। পড়তে বসলে, কিছু ভাবতে গেলে বা খেতে বসলে মাথা খিঁচুনি শুরু হয়। দিনের অধিকাংশ সময় মাথাব্যথা থাকে। ঘুম থেকে ওঠার পর স্বস্তিবোধ করি। চুল টানলে বা মাথায় মৃদু আঘাত করলে আরাম বোধ হয়। আমি এখন কী করতে পারি?—মো. ফারুক আহমেদ, গাজীপুর।
আপনার সমস্যাটি ‘টেনশন হেডেক’। দুশ্চিন্তামুক্ত জীবন যাপন করুন। নিয়মিত ব্যায়াম করুন। পড়াশোনার বিষয়ে চাপ নেবেন না। অ্যামিট্রিপটিলিন-জাতীয় ওষুধ রাতে একবার করে দীর্ঘ সময় সেবন এই ধরনের মাথাব্যথায় খুবই কার্যকর। প্রয়োজনীয় ক্ষেত্রে স্নায়ুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।
পরামর্শ দিয়েছেন: ডা. নাজমুল হক, সহকারী অধ্যাপক, নিউরোলজি, মুগদা মেডিকেল কলেজ, ঢাকা।
স্বাস্থ্য জিজ্ঞাসা
ই–মেইল: [email protected]
ফেসবুক: www.facebook.com/ProShastho
ডাকযোগে: প্র স্বাস্থ্য, প্রথম আলো, ১৯ কারওয়ার বাজার, ঢাকা ১২১৫