এন্ডোমেট্রিওসিস চিকিৎসা নিয়ে ওয়েবিনার অনুষ্ঠিত
বর্তমান সময়ে এন্ডোমেট্রিওসিস চিকিৎসাব্যবস্থা, এ চিকিৎসায় করণীয় ও বর্জনীয় বিষয়ে একটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। এন্ডোমেট্রিওসিস সচেতনতা মাস উপলক্ষে গতকাল মঙ্গলবার অনলাইনভিত্তিক মেডিকেল প্ল্যাটফর্ম বিডি ফিজিশিয়ান ও দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সার্বিক সহযোগিতায় এ ওয়েবিনার অনুষ্ঠিত হয়।
সায়েন্টিফিক ওয়েবিনারে মূল বক্তা হিসেবে ছিলেন স্ত্রী, প্রসূতি ও বন্ধ্যত্ব রোগ বিশেষজ্ঞ, ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার লিমিটেডের চিফ কনসালট্যান্ট, ওজিএসবির সহসভাপতি অধ্যাপক রাশিদা বেগম। চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন ওজিএসবির সাবেক সভাপতি, ওজিএসবি হাসপাতাল ও আইআরসিএইচের চেয়ারম্যান অধ্যাপক সামিনা চৌধুরী এবং ওজিএসবির সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারা বেগম।
ওয়েবিনারে প্যানেলিস্ট আলোচক হিসেবে বক্তব্য দেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক কোহিনূর বেগম, অধ্যাপক ফাতেমা রহমান ও অধ্যাপক শাহী ফারজানা তাসনিম।
ওয়েবিনারের সার্বিক উপস্থাপন ও সঞ্চালনায় ছিলেন স্ত্রীরোগ ও ইনফার্টিলিটি বিশেষজ্ঞ শারমিন আব্বাসি। ওয়েবিনারটি এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডে ও বিডি ফিজিশিয়ানের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়েছে। এতে বিডি ফিজিশিয়ানের অন্যতম অ্যাডমিন এহসান খানসহ দুই শতাধিক চিকিৎসক ভার্চ্যুয়ালি যোগ দেন।
এন্ডোমেট্রিওসিস সচেতনতা মাসে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘এন্ডোমেট্রিওসিস থামাও’। তাই পুরো আয়োজনে এন্ডোমেট্রিওসিস–সম্পর্কিত বিভিন্ন মৌলিক তথ্য, রোগশয্যা–সম্পর্কিত সাধারণ দৃষ্টিভঙ্গি ও বর্তমান সময়ের চিকিৎসাব্যবস্থার আপডেট, এন্ডোমেট্রিওসিস চিকিৎসায় করণীয়, বর্জনীয়সহ নানাবিধ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মেডিকেল শিক্ষার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ওয়েবিনারটিতে আরও যুক্ত হয়েছিলেন দেশের খ্যাতনামা স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক রওশন আরা বেগম। তাঁর মতে, এ রকম আয়োজন চিকিৎসকদের জ্ঞানের পরিধি আরও বাড়াতে সাহায্য করবে।
ওয়েবিনারে সায়েন্টিফিক পার্টনার হিসেবে ছিল এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের দ্রুতগতির ব্যথানাশক ইটোরিক্স ও অ্যান্টিবায়োটিক ফ্লুক্লক্সিন।