>

ওজন বৃদ্ধির কারণ যা-ই হোক না কেন, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ, নিয়মিত শরীরচর্চা ও জীবনধারা পরিবর্তনের পাশাপাশি স্থূলতার সঠিক কারণ নির্ণয় ও প্রতিকারের জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে
ওজন বেড়েই চলেছে। মোটা হয়ে যাচ্ছেন দিন দিন। প্রধান কারণ হচ্ছে কায়িক শ্রমের অভাব এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন। বর্তমানে আমরা বেশির ভাগ সময়ই অধিক শর্করা ও চর্বিযুক্ত খাবার খেয়ে থাকি। ফলে ওজন যায় বেড়ে। তবে অনেক সময় অস্বাভাবিক ওজন বৃদ্ধির পেছনে কোনো শারীরিক রোগও থাকতে পারে।
থাইরয়েড গ্রন্থির হরমোন কমে গেলে বা হাইপোথাইরয়েডিজমে ওজন বাড়ে। সেই সঙ্গে ক্লান্তিবোধ, দুর্বলতা, কোষ্ঠকাঠিন্য, পা ফোলা, মাসিকের গোলমালসহ অন্যান্য উপসর্গ দেখা যায়। আবার এড্রেনাল গ্রন্থি থেকে নিঃসৃত কর্টিসোলের পরিমাণ বেড়ে গেলে অথবা স্টেরয়েড-জাতীয় ওষুধ দীর্ঘদিন সেবন করলে ‘কুশিং সিনড্রোম’ নামের রোগ হয়। এর ফলে শরীরের উপরিভাগ ও মধ্যভাগ মোটা হয়ে যায়, মুখাকৃতি গোলাকার এবং গলা ও কাঁধে অতিরিক্ত চর্বি জমা হয় কিন্তু হাত-পা সরু থাকে। ‘মেটাবলিক সিনড্রোম’ নামের বিপাকজনিত সমস্যায় শরীর মুটিয়ে যায়। নারীদের ক্ষেত্রে পলিসিস্টিক ওভারি সিনড্রোম হরমোনের তারতম্যের প্রভাবে ওজন বেড়ে যায়। সেই সঙ্গে মাসিকের জটিলতা, অবাঞ্ছিত লোম, গর্ভধারণের সমস্যা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে।
ওজন বৃদ্ধির কারণ যা-ই হোক না কেন, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ, নিয়মিত শরীরচর্চা ও জীবনধারা পরিবর্তনের পাশাপাশি স্থূলতার সঠিক কারণ নির্ণয় ও প্রতিকারের জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
ডা. এ হাসনাত শাহীন
ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ, বিআইএইচএস জেনারেল হাসপাতাল