করোনা জিজ্ঞাসা

করোনাভাইরাসের সংক্রমণ এখনো থামেনি। করোনা নিয়ে মানুষের মনে প্রশ্নেরও শেষ নেই। প্র–স্বাস্থ্যের ফেসবুক পেজ থেকে পাঠকের কাছে করোনা–সম্পর্কিত প্রশ্ন আহ্বান করা হয়েছিল। সেখান থেকে বাছাই করা কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

করোনার এ সময়ে লেবু চাসহ ভেষজ চা পানের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন :

দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি কতখানি? ১০ সপ্তাহ আগে পরীক্ষায় আমার করোনা নেগেটিভ এসেছে। কয়েক দিন ধরে আবার জ্বর ও ঠান্ডার সমস্যা শুরু হয়েছে। আমি শরীরে অক্সিজেন স্যাচুরেশন ও হৃৎস্পন্দন (পালস) পরীক্ষা করি। আমার বয়স ২৭ বছর। স্যাচুরেশন ৯৭-৯৯ শতাংশ থাকে। তবে পালস বেশির ভাগ সময় ১০০-এর ওপরে থাকে। কখনো আরও বাড়ে। এ ক্ষেত্রে ঝুঁকি কতটুকু এবং করণীয় কী?—সজীব আহমেদ

যেহেতু কোভিড–১৯ নতুন রোগ, তাই একবার করোনা হলে জীবনে আর কখনো হবে কি না, সে বিষয়ে বলার সময় এখনো আসেনি। তবে গত কয়েক মাসে প্রাপ্ত তথ্য অনুযায়ী করোনা সেরে যাওয়ার পরও বেশ কিছুদিন ঠান্ডা, হালকা জ্বর, কাশি, দুর্বলতা ইত্যাদি থেকে যেতে পারে। পুরোপুরি সেরে উঠতে কারও কারও কয়েক মাস পর্যন্ত লেগে যেতে পারে। আপনার নতুন করে যে জ্বর–ঠান্ডা লেগেছে, তা নতুন করে ফ্লু হতে পারে। কারণ, কোভিড–১৯ হলে শরীরের রোগ প্রতিরোধব্যবস্থায় ধস নামে আর নতুন জীবাণু সংক্রমণের ঝুঁকি বাড়ে। পালস বেশি, শ্বাসের হার বেশি—এসব সমস্যা সারতেও দেরি হতে পারে। আপনি যথেষ্ট বিশ্রাম নিন। পুষ্টিকর খাবার গ্রহণ করুন। কাশি কমাতে সাধারণ অ্যান্টিহিস্টামিন আর জ্বর কমাতে প্যারাসিটামল খান। ফুসফুসের সংক্রমণ নতুন করে হলো কি না, তা এক্স-রে করলে বোঝা যাবে।

পরামর্শ দিয়েছেন—অধ্যাপক ডা. সোহেল মাহমুদ, চেয়ারম্যান, মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।

বাইরে বের হলে মাস্ক ব্যবহার করুন। মডেল: রিমু
সুমন ইউসুফ

প্রশ্ন :

পাঁচ কি ছয় দিন হলো জ্বর জ্বর ভাব। নাপা খাচ্ছি, তবে জ্বর কমছে না। কয়েক দিন আগে হালকা হাঁচি, কাশিও হয়েছে। এখন শুধু দিনের একটা সময়ে শরীরের স্বাভাবিক তাপমাত্রা থেকে বেশি করে গরম হয়ে যায় ধীরে ধীরে। আবার ঘণ্টাখানেক পর শরীরের তাপমাত্রা কিছুটা কমতে থাকে। এভাবে দিনে শরীরের তাপমাত্রা বৃদ্ধি আর হ্রাস পাওয়ার ব্যাপারটা কিছু বুঝতে পরছি না। এ অবস্থায় অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করলাম। এখন আমি কী করব?—সীমান্ত চাকমা

প্রথম কথা হলো জ্বর মেপে দেখতে হবে তা ১০০ ডিগ্রি ফারেনহাইটের ওপর যাচ্ছে কি না বা দিনে কয়বার যাচ্ছে। জ্বর জ্বর ভাব আর জ্বর এক কথা নয়। এ সময় হাঁচি, কাশি, জ্বর হলে কোভিড টেস্ট তো করাই উচিত। তবে এটি সাধারণ মৌসুমি ফ্লুও হতে পারে। আর কোনো রোগ শনাক্ত না করে শুধু এটুকু উপসর্গের ভিত্তিতে অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলার কোনো যুক্তি নেই।

পরামর্শ দিয়েছেন—অধ্যাপক ডা. সোহেল মাহমুদ, চেয়ারম্যান, মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।

প্রশ্ন :

আমার বয়স ২৪ বছর। আমার করোনা পজিটিভ রিপোর্ট এসেছিল ২ আগস্ট। এর ১৪ দিন পর নমুনা দিলে আবার পজিটিভ আসে। দ্বিতীয়বার নমুনা দেওয়ার সময় আমার শুধু কাশি ছিল। দ্বিতীয়বার পজিটিভ আসার সাত দিন পর আবার নমুনা দিই। নেগেটিভ এসেছে। কিন্তু আমার কাশি এই ২১ দিন পরও আছে। আমি শুনেছি করোনার কাশি অনেক দিন থাকতে পারে।—মো. আলী

কিছুসংখ্যক মানুষের ১৪ দিন পার হওয়ার পরও করোনা পজিটিভ আসছে। তবে এতে ভয় পাওয়ার কিছু নেই। ধারণা করা হচ্ছে, ভাইরাসের কিছু দেহাবশেষ শরীরে রয়ে যাওয়ার কারণে এটি পজিটিভ আসে। এই পজিটিভের অর্থ এই নয় যে এটা কোভিড বা সংক্রমণ সারেনি। আপনি ঠিকই শুনেছেন যে কাশি, শ্বাসের সমস্যা দীর্ঘদিন রয়ে যেতে পারে। এমনকি ফুসফুসের কিছু স্থায়ী ক্ষতিও হতে পারে যার জন্য ইনহেলার, কাশির ওষুধ ইত্যাদি ভবিষ্যতে প্রয়োজন হতে পারে। তবে একজন চিকিৎসক দেখিয়ে এগুলো নিশ্চিত হয়ে নেবেন। আপাতত আপনি বিশ্রাম নিন, পুষ্টিকর খাবার খান, কাশি কমাতে অ্যান্টিহিস্টামিন গ্রহণ করুন আর শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম করুন।

পরামর্শ দিয়েছেন—অধ্যাপক ডা. সোহেল মাহমুদ, চেয়ারম্যান, মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।

প্রশ্ন :

গত মাসে আমি করোনায় আক্রান্ত হয়েছিলাম। এখন সুস্থ। কিন্তু ক্লান্তি কাটে না। বাসায় সামান্য কাজ করতেও হাঁপিয়ে উঠি। এমনকি গোসল করতেও ক্লান্ত বোধ হয়। আমি কী করতে পারি?—নুসরাত জাহান, মাগুরা।

করোনাভাইরাসের সংক্রমণ থেকে সেরে ওঠার পর পুরোপুরি স্বাভাবিক ফিটনেস ফিরে পেতে অনেক দিন সময় লেগে যেতে পারে। এমনকি কয়েক মাস পর্যন্ত থেকে যেতে পারে ক্লান্তিবোধ, অল্পতেই হাঁপিয়ে ওঠা, সামান্য শ্বাসের সমস্যা। এ জন্য সেরে ওঠার পরও যথেষ্ট বিশ্রাম নিতে হবে। পুষ্টিকর, ভিটামিন ও খনিজযুক্ত খাবার খেতে হবে। প্রচুর পানি পান করতে হবে আর জলীয় উপাদান বেশি খেতে হবে। প্রথমেই আগের মতো সব ধরনের পরিশ্রম করতে যাবেন না। ধাপে ধাপে এগোবেন। রাতে যথেষ্ট ঘুম দরকার। প্রতিদিনই কয়েকবার শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম (ব্রিদিং এক্সারসাইজ) করবেন। সঙ্গে ধাপে ধাপে গ্রেডেড এক্সারসাইজও করবেন। কীভাবে এটা করতে হয়, সে বিষয়ে প্র স্বাস্থ্যের ১৩ আগস্ট সংখ্যায় বিস্তারিত নির্দেশনা ছাপা হয়েছে।

পরামর্শ দিয়েছেন—ডা. রাশেদুল হাসান, মেডিসিনবিশেষজ্ঞ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ, ঢাকা।

প্রশ্ন :

পুকুরে অসংখ্য মানুষ গোসল করে, পানিতে থুতু ও কফ ফেলে। পুকুরে গোসল করলে আক্রান্ত হওয়া আশঙ্কা আছে কি? আরেকটি প্রশ্ন হলো, বস্তু থেকে করোনায় সংক্রমণের আশঙ্কা কতটুকু? কাপড়, প্লাস্টিক এবং মোবাইল ফোনসেটে করোনাভাইরাস কতক্ষণ জীবিত থাকে?—মো. উমর ও মুরাদ হাসান, ময়মনসিংহ।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) মতে, পানি থেকে করোনাভাইরাস ছড়ায় না। পুকুর, নদী, সুইমিংপুল ইত্যাদি ব্যবহারে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি তেমন নেই। কিন্তু সেই সঙ্গে এসব জায়গায় সঠিক হাইজিন মেনে চলার নির্দেশ দিয়েছে তারা। যেমন কারও জ্বর, কাশি বা উপসর্গ থাকলে তিনি এসব গণজলাধার ব্যবহার করবেন না। চোখে গগলস ও মুখে আবরণী পরলে ভালো। পানিতে কফ ফেলা যাবে না। পানিতে নামার আগে হাত সাবান দিয়ে ধুতে হবে। এমনকি বলা হয়েছে যে অসুস্থ বা জ্বরাক্রান্ত ব্যক্তি ব্যবহার করলে তা ২৪ ঘণ্টার জন্য ব্যবহারের অযোগ্য ঘোষণা করে সেই পানি জীবাণুমুক্ত করতে হবে।

কোনো বস্তুর তল যখন করোনায় আক্রান্ত ব্যক্তির কাশি বা হাঁচি বা ড্রপলেটসের সংস্পর্শে আসে তখন সেটি ভাইরাসে দূষিত হয়ে পড়ে। ওই বস্তু বা তল একজন সুস্থ ব্যক্তি যদি স্পর্শ করেন তবে তাঁর হাতে জীবাণু লেগে যাবে আর তিনি আবার যখন হাত দিয়ে নিজের মুখ, নাক, চোখ স্পর্শ করবেন, তখন আক্রান্ত হবেন।

বস্তু বা তলে ঠিক কতক্ষণ এই ভাইরাস জীবিত থাকে, তা নিয়ে নানা বিতর্ক আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এটি নির্ভর করে সেটা কী ধরনের বস্তু আর পরিবেশের তাপমাত্রার ওপর। এটি কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত হতে পারে। বিজ্ঞানীরা বলছেন, প্লাস্টিক বা ইস্পাতের তৈরি জিনিস, দরজার হাতল, সুইচ, ফোন ইত্যাদিতে ৩ থেকে ৯ দিন থাকাও বিচিত্র নয়। বিভিন্ন কাজে অন্যের সংস্পর্শে আসা নানা বস্তু আমাদের তো স্পর্শ করতেই হবে, সে ক্ষেত্রে দুটি বিষয়ে লক্ষ রাখবেন। বাইরের বা অনেকের স্পর্শ লেগেছে এমন বস্তু ধরার পর কিছুতেই নিজের নাকে, মুখে হাত দেওয়া চলবে না আর কাজ হয়ে গেলেই হাত সাবান দিয়ে ধুয়ে ফেলবেন।

পরামর্শ দিয়েছেন—ডা. রোমেন রায়হান, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।

করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে নিয়মিত হাত পরিষ্কার করুন

প্রশ্ন :

শুধু মাস্ক পরলেই কি আমরা নিরাপদ?—নিরঞ্জন সাহা, নোয়াখালী

করোনাভাইরাসের সংক্রমণ এখনো কমেনি। তবে জীবন-জীবিকার তাগিদে মানুষ বাইরে বের হচ্ছে, কর্মক্ষেত্রে যেতে শুরু করেছে। কিন্তু এসবই করতে বলা হয়েছে সীমিত আকারে ও স্বাস্থ্যবিধি মেনে।

বাইরে বের হলে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার। ভাববেন না কেবল মাস্ক পরলেই আপনি করোনাভাইরাস থেকে নিরাপদ। ভাইরাসের বিস্তার প্রতিরোধ করার জন্য স্বাস্থ্যবিধির সব অনুষঙ্গই মেনে চলা জরুরি। মাস্ক পরছেন বলে নিয়মিত হাত পরিষ্কার করা বা নিরাপদ সামাজিক দূরত্ব মেনে চলার মতো বিষয়গুলো গুরুত্ব হারালে চলবে না।

বিজ্ঞানীরা বলছেন, করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক পরা, হাত পরিষ্কার ও জীবাণুমুক্ত করা এবং নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখা—তিনটা বিষয়ই মেনে চলা সমান গুরুত্বপূর্ণ। ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর মতো কল্পনা করা যায়। ত্রিভুজের তিন শীর্ষবিন্দুর যেকোনো একটিই অনুপস্থিত থাকলে যেমন ত্রিভুজটি গঠিত হওয়া সম্ভব নয়, তেমনি যথাযথ স্বাস্থ্যবিধির এই তিন স্তম্ভের যেকোনো একটি পালনে অবহেলা করলে কার্যকরভাবে করোনাভাইরাসের বিস্তার ঠেকানোও সম্ভব নয়।

উদাহরণ হিসেবে বলা যায়, কেউ যদি শুধু মাস্ক পরেন, কিন্তু নির্দিষ্ট সময় পরপর হাত পরিষ্কার না করেন অথবা জনসমাগমপূর্ণ স্থানে সামাজিক দূরত্ব বজায় না রেখে যথেচ্ছ চলাফেরা করেন, তাহলে তাঁর নিজের অজান্তেই হাতে করোনাভাইরাস আশ্রয় নিতে পারে। এই অপরিষ্কার হাত দিয়ে মাস্ক খুললে সেই মাস্কেও ভাইরাস লেগে যাবে এবং মাস্ক খোলার সময় নাকে-মুখে হাত দিলে সহজেই ভাইরাস শ্বাসযন্ত্রে প্রবেশ করতে পারে। অনুরূপভাবে কেউ যদি নিয়মমতো মাস্ক পরেন এবং হাত পরিষ্কারও রাখেন কিন্তু জনাকীর্ণ স্থানে নিরাপদ সামাজিক দূরত্ব ন্যূনতম ছয় ফুট বজায় না রাখেন, তাহলেও কিন্তু আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকেই যায়। তাই মাস্ক পরার সঙ্গে বারবার হাত ধোয়া, ভিড় এড়িয়ে চলা, অন্যের সঙ্গে ৩ বা ৬ ফুট দূরত্ব বজায় রাখা, জনসমাগমের মধ্যে ১৫ মিনিটের বেশি না থাকা—এসব নিয়ম মেনে চলুন।

পরামর্শ দিয়েছেন—ডা. হিমেল ঘোষ, চিকিৎসা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, ডুমুরিয়া, খুলনা।