করোনা থেকে পরিত্রাণ কি মিলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস সম্প্রতি বলছেন, শিগগিরই করোনার পেনডেমিক থেকে এনডেমিকে পরিণত হতে যাচ্ছে। তবে সংস্থাটি আবার বলছে, দ্রুত অমিক্রনের চার–চারটি উপধরন এসেছে। তাই এখনই করোনার বিরুদ্ধে যুদ্ধে জয় ঘোষণা দেওয়া অহমিকামাত্র।

আশার কথা, অমিক্রনের উপধরন বিএ.২–কে প্রাথমিকভাবে বিএ.১–এর চেয়ে বেশি প্রাণঘাতী মনে হলেও পর্যবেক্ষণে এটা উঠে এসেছে, বিএ.২ উপধরন বিএ.১–এর চেয়ে ১.৫ গুণ সংক্রামক। সংক্রমণক্ষমতা বেশি হওয়ার কারণে বিএ.২ উপধরন বেশি আধিপত্য বিস্তার করছে। তবে এ উপধরনের ঢেউ দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা কম। কারণ, ভাইরাল সংক্রমণ ঢেউয়ের চরিত্রই হলো, তা যত দ্রুত উঠবে, তত দ্রুত অ্যান্টিবডি তৈরি হওয়ায় এর সংক্রমণের হার কমবে।

অমিক্রন ধরনের চারটি দিক উদ্বেগজনক। এগুলো হলো, দ্রুততম সময়ে ছড়িয়ে পড়া, দ্রুততম সময়ে নতুন কয়েকটি উপধরনের উৎপত্তি, উপধরনের উৎপত্তির কারণে যেকোনো সময়ে প্রাণঘাতী রূপ ধারণ করা ও অ্যান্টিবডিকে ফাঁকি দিতে সক্ষম, এমন উপধরনের আবির্ভাবের আশঙ্কা। এ জন্য বেশ কিছু বিষয়ে নজর রাখতে হবে। এগুলো হলো—

  • করোনার ধরন যত দ্রুত উপধরনে রূপান্তরিত হবে, পর্যবেক্ষণ তত জটিল হবে। পর্যবেক্ষণ যত জটিল হবে, তত এর নিয়ন্ত্রণ ও এসব উপধরনের বিরুদ্ধে টিকার কার্যকারিতা নিরীক্ষণ কঠিন হবে। এতে সুনির্দিষ্ট ধরনের জন্য টিকা আবিষ্কারও দুষ্কর হবে।

  • অনেকে মনে করছেন, করোনার বর্তমান ঢেউ পুরোটাই অমিক্রনের কারণে। প্রকৃত ব্যাপার কিন্তু তা নয়। বর্তমান সংক্রমণের ঢেউ মূলত ডেলটা ও অমিক্রনের সংমিশ্রণের ফল। ডেলটা মোটেও মৃদু কোনো ধরন নয়।

  • সাধারণ সর্দি-কাশি থেকে একে আলাদা করতে না পারার কারণে দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা বেশি। তাই সাবধান থাকতে হবে।

সব মিলিয়ে বলা যায়, করোনা এখনো নিয়ন্ত্রণে আসেনি। আশা করা যায়, নতুন অধিক সংক্রমণশীল ধরনের উদ্ভব না হলে মধ্য ফেব্রুয়ারির পর করোনার প্রকোপ কমবে।

আগামীকাল পড়ুন: উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে শরীরচর্চা