করোনাকালে ঈদের প্রস্তুতি
কোভিড-১৯ অতিমারির মধ্যে আবার এসে গেল পবিত্র ঈদুল ফিতর। এ বছর ঈদের ঠিক আগে আগে আমরা সংক্রমণের নতুন পিক বা দ্বিতীয় ঢেউয়ের সম্মুখীন হয়েছি আর তাই দেশকে আবারও লকডাউনে যেতে হয়েছে। লকডাউনের কারণেই হোক বা অন্য কারণেই হোক, সংক্রমণের মাত্রা একটু একটু করে নামতে শুরু করেছে। কিন্তু তাই বলে নিশ্চিন্ত হওয়ার কিছু নেই। করোনা মহামারি চলে যায়নি। বরং ভারত, নেপালসহ প্রতিবেশী দেশগুলোতে বর্তমানে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে। সীমান্ত বন্ধ করা সত্ত্বেও এই ধাক্কা থেকে বাংলাদেশ পুরোপুরি রক্ষা পাবে বলে আশা করা যায় না।
আগেও প্রমাণিত হয়েছে যে বড় ধরনের উৎসব, জনসমাগম, গণচলাচলের পরই আবার সংক্রমণের হার বাড়তে শুরু করে। বিষয়টা মাথায় রেখেই আমাদের এ বছর ঈদ করতে হবে।
ঈদে বাড়িতে থাকুন
ঈদ উপলক্ষে শহরের হাজার হাজার মানুষ গ্রামে বা মফস্বলে পরিবারের কাছে ফিরে যান—এটাই রীতি। কিন্তু মনে রাখবেন আপনার এই বাড়ি ফিরে যাওয়ার কারণে আপনার মা-বাবা বা স্বজনদের ঝুঁকিতে ফেলে দিতে পারেন। গত বছর এমন অনেক ঘটনা ঘটতে আমরা দেখেছি। গণপরিবহনে, ট্রেন–বাস, লঞ্চ বা উড়োজাহাজে যেভাবেই হোক, এ সময় চলাচল করা বিপজ্জনক। নিজের ও পরিবারের জন্য তো বটেই, যাঁদের কাছে যাচ্ছেন তাঁদের জন্যও। তাই এবারও চিকিৎসকদের পরামর্শ, যে যেখানে আছেন সেখানেই সীমিত পরিসরে ঈদ করুন। এখনো করোনার মূল প্রাদুর্ভাব ও মৃত্যুহার রাজধানী ঢাকায় সবচেয়ে বেশি, একে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার কোনো মানে হয় না।
ঈদের নামাজ
যাঁরা বয়স্ক, নানা ধরনের রোগবালাই আছে, তাঁরা বাড়িতেই থাকুন। আর যাঁরা ঈদের জামাতে যেতে চান তাঁরা বাড়ির কাছে মসজিদে, সব রকমের স্বাস্থ্যবিধি মেনে নামাজ পড়ুন। এক জায়গায় সবাই ভিড় করবেন না। বাড়ি থেকে অজু করে যান, নিজের জায়নামাজটা সঙ্গে নিন। মুখে মাস্ক পরে নিন। কারও সঙ্গে কোলাকুলি করা যাবে না বা হাত মেলানো যাবে না।
মসজিদ কর্তৃপক্ষ মসজিদের প্রবেশপথ, মেঝে ও অজুর জায়গার নিরাপত্তা নিশ্চিত করবেন। প্রতি জামাতের আগে পুরোটা জীবাণুমুক্ত করে রাখবেন। ভিড় না করে সারিবদ্ধভাবে দূরত্ব বজায় রেখে প্রবেশ করুন ও বের হন। যতটা কম সময় থাকা যায় তার চেষ্টা করুন।
ঈদ উৎসব
ঈদ আমাদের প্রধানতম উৎসব। এ উপলক্ষে আত্মীয়স্বজন-বন্ধু একত্র হয়ে থাকেন। তবে করোনা অতিক্রান্ত না হওয়া পর্যন্ত সবার ভালোর জন্যই এই জমায়েত, নেমন্তন্ন, আসা–যাওয়া নিয়ন্ত্রণ করতে হবে। পরিবারে, বাড়িতে ঈদ উদ্যাপন করুন, স্বজন ও বন্ধুবান্ধবের সঙ্গে টেলিফোন বা ভিডিও কলে শুভেচ্ছা বিনিময় করুন। কাউকে এ সময় দাওয়াত করবেন না, কারও দাওয়াতেও না যাওয়া উচিত। সবাই সুস্থ থাকলে ভবিষ্যতে আরও ভালোভাবে ঈদ উদ্যাপন করার জন্য এটুকু ত্যাগ স্বীকার করুন।
ঈদের কেনাকাটা
ঈদ উপলক্ষে দোকানে, বিপণিবিতানে ভিড় বাড়ছে। এই জনসমাগম মহাবিপর্যয় ডেকে আনতে পারে। শুধু অত্যাবশকীয় জিনিস ছাড়া কোনো কিছু কেনাকাটা থেকে বিরত থাকুন। অনলাইন কেনাকাটার ওপর নির্ভর করতে পারেন। সবচেয়ে ভালো হলো আপনার এবারকার ঈদ বাজেট লকডাউনের কারণে বিপদগ্রস্ত দুস্থ দরিদ্র মানুষের জন্য ব্যয় করুন। তবে লক্ষ রাখবেন দান–খয়রাত বা জাকাত দেওয়ার সময় যেন জনসমাগম না হয়। কোনো রকম ভিড় না করে কাজটা করুন।
সংক্রমণের হার কমতে শুরু করায় অনেকেই যে স্বস্তিতে আছেন, তা একেবারেই অমূলক। কারণ, লোকসমাগম ও চলাচল বাড়লে এই হার আবার বাড়তে শুরু করবে। অপর দিকে আমরা যদি আরও কিছুদিন স্বাস্থ্যবিধি মেনে চলি আর দূরত্ব বজায় রাখি তবে সংক্রমণকে পরাস্ত করতে পারব। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন তৃতীয় ঢেউ আসতে পারে আর তা আরও মারাত্মক হতে পারে। তাই কোনোভাবেই সব ছেড়ে দেওয়া যাবে না। আর যারা এখনো টিকা নেননি তাঁরা প্রথম সুযোগেই টিকা নিয়ে নেবেন যখন সরবরাহ নিশ্চিত হয়।