ঝুঁকিতে নারীস্বাস্থ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডা. শ্রাবণ্য তৌহিদার সঞ্চালনায় অতিথি ছিলেন স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ অধ্যাপক সামিনা চৌধুরী

বাংলাদেশের নারীরা ঘর-বাহির সামলাতে গিয়ে সবচেয়ে বেশি নিজের শারীরিক স্বাস্থ্যকে অবহেলা করেন। আর করোনাকালে সব বয়সী নারীর স্বাস্থ্য রয়েছে ঝুঁকির মধ্যে। কীভাবে সচেতনতা তৈরি করে এ ঝুঁকি এড়ানো যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হলো এসকেএফ নিবেদিত সাপ্তাহিক স্বাস্থ্যবিষয়ক বিশেষ অনুষ্ঠান ‘করোনাকালে অসুখ-বিসুখ’-এর দশম পর্বে। এবারের বিষয় ছিল: করোনাকালে নারীর স্বাস্থ্য।

অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ অবস অ্যান্ড গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক সমিতির প্রেসিডেন্ট, স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ অধ্যাপক সামিনা চৌধুরী। সঞ্চালনায় ছিলেন ডা. শ্রাবণ্য তৌহিদা। অনুষ্ঠানটি ৯ অক্টোবর প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এবং এসকেএফের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারিত হয়।

করোনার এই সময়ে সব বয়সী নারীদের বিভিন্ন রকমের শারীরিক ও মানসিক সমস্যা দেখা দিচ্ছে। যেমন গ্রামে যেসব পরিবারের আর্থসামাজিক অবস্থা সুসংহত নয়, সেই পরিবারগুলোর কন্যাশিশুরা স্কুলে গেলে ‘মিডডে মিল’ পেত। এতে তাদের পুষ্টির চাহিদা কিছুটা হলেও পূরণ হতো। এখন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সে সুযোগ নেই। এ ছাড়া স্কুল বন্ধ থাকায় মানসিক বিকাশেরও ব্যাঘাত ঘটছে। অন্যদিকে, এ সময়ে আর্থিক সংকটের কারণেই নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো কিশোরীদের বিয়ে দিয়ে দিচ্ছে। আর জন্মনিয়ন্ত্রণ সম্পর্কে সঠিক জ্ঞান না থাকায় মেয়েরা অল্প বয়সে অন্তঃসত্ত্বা হচ্ছে। করোনার জন্য অল্প বয়সী অন্তঃসত্ত্বা মেয়েরা গর্ভকালীন সেবা থেকে বঞ্চিত হচ্ছে এবং বাড়িতে সন্তান প্রসব করতে গিয়ে নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। এতে শিশু ও মাতৃমৃত্যুর অথবা ভবিষ্যতে বড় কোনো রোগের ঝুঁকি বাড়ছে।

মধ্যবয়সী নারীদের মধ্যে টিউমার, অনিয়মিত মাসিকের সমস্যা বেশি হয়। এ জন্য তাঁদের রক্তস্বল্পতা দেখা দিচ্ছে। তাদের ভেতর যাঁরা ক্যানসারে আক্রান্ত হচ্ছেন, দেখা যাচ্ছে করোনার জন্য হাসপাতালে যেতে না পারায় প্রাইমারি লেভেলের ক্যানসার অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছে। এ ছাড়া বয়স্ক নারীদের মধ্যের যাঁদের ডায়বেটিস, উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগের সমস্যা আছে, তাঁরাও ঠিকমতো চিকিৎসা সেবা পাচ্ছেন না।

বাংলাদেশে সব বয়সী নারীদের মধ্যে আয়রনের ঘাটতিজনিত রক্তস্বল্পতার সমস্যা সবচেয়ে বেশি দেখা যায় জানিয়ে অধ্যাপক সামিনা চৌধুরী বলেন, মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণও এর একটি প্রধান কারণ। এ ছাড়া খাদ্যে পর্যাপ্ত আয়রন না থাকলে এ সমস্যা দেখা দেয়। আবার মধ্যবয়সী নারীদের টিউমারের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে থাকে। এ জন্য রক্তস্বল্পতা এড়াতে চিকিৎসকেরা অতিরিক্ত রক্তক্ষরণ কমানোর জন্য ওষুধ দিয়ে থাকেন। এর সঙ্গে আয়রন–জাতীয় খাবার এবং নিয়মিত আয়রন ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

কৃমির জন্যও শরীরে রক্তাল্পতা দেখা দেয়। আমাদের দেশের গ্রামাঞ্চলে কৃমির প্রকটতা আছে। এ জন্য কৃমিনাশক ওষুধ খেতে হবে বলে জানান সামিনা চৌধুরী।
অনুষ্ঠানে মধ্যবয়সী নারীদের টিউমার নিয়েও আলোচনা হয়। কারও টিউমার ধরা পড়লে চিকিৎসকেরা প্রথমে টিউমারের আকার এবং এর জন্য শরীরে কী ধরনের ক্ষতিকারক প্রভাব পড়ছে, তা দেখে সিদ্ধান্ত নেন যে রোগীকে ওষুধ দিয়ে চিকিৎসা হবে, নাকি অপারেশন করা হবে।

অনেক সময় মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণের কোনো কারণ পাওয়া যায় না। এ সমস্যাকে ডিইউবি (ডিসফাংশনাল ইউটেরিন ব্লিডিং) বলে। এ জন্য চিকিৎসকেরা সাধারণত জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেট বা প্রোজেস্টরেন হরমোন বা রক্তক্ষরণ কমানোর ওষুধ সেবনের পরামর্শ। তিন থেকে ছয় মাসের ওষুধ সেবনেই এ ধরনের সমস্যার সমাধান সম্ভব বলে জানান বিশেষজ্ঞরা।

প্রতীক ছবি
ছবি: অ্যানা তেরেজেভিচ, পেকজেলসডটকম

বাংলাদেশে নারীদের মধ্যে স্তন ক্যানসার এবং জরায়ুমুখের ক্যানসারে আক্রান্তের হার অনেক বেশি। এ দুটি ক্যানসারকেই নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে মনে করেন অধ্যাপক সামিনা চৌধুরী। তিনি বলেন, এ জন্য সচেতনতার কোনো বিকল্প নেই। ৩০ বছরের পর সুস্থ নারীদের উচিত প্রতিবছর জরায়ুমুখের পরীক্ষা যেমন, পেপ স্মিয়ার টেস্ট বা স্ক্রিনিং টেস্ট করা। জরায়ুমুখের ক্যানসার হলে কন্টাক্ট ব্লিডিং হয়, দুর্গন্ধ হওয়ার পাশাপাশি রক্ত মেশানো পানি ভাঙতে থাকে। এ ধরনের সমস্যা দেখা দিলে বসে না থেকে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হয়ে বায়োপসি করে নিশ্চিত হতে হবে যে ক্যানসার আছে কি না। এতে প্রাথমিক পর্যায়ে রোগ ধরা পরলে সহজেই রোগীকে চিকিৎসা দিয়ে সুস্থ করা সম্ভব। এ ছাড়া ব্রেস্ট ক্যানসারের পরীক্ষা যেকেউ ঘরে বসে করতে পারে। এ জন্য মাসিক শেষ হয়ে গেলে ডান স্তন বাঁ হাত দিয়ে এবং বাঁ স্তন ডান হাতে চেপে পরীক্ষা করে দেখবেন কোনো গোটা আছে কি না। গোটা বা চাকা ধরা পড়লেই চিকিৎসকের শরণাপন্ন হওয়ার তাগিদ দিয়েছেন অধ্যাপক সামিনা চৌধুরী।

অনুষ্ঠানের শেষ দিকে অধ্যাপক সামিনা চৌধুরী দর্শকদের নারীস্বাস্থ্য–সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব দেন।