করোনাকালে স্ট্রোকের ঝুঁকি কমাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্রোক হলে মানুষের মস্তিষ্কের কোষগুলোয় বেঁচে থাকার মতো অক্সিজেনসহ প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ বন্ধ হয়ে যায়। অর্থাৎ মস্তিষ্কের স্বাভাবিক রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। মস্তিষ্কে রক্ত সরবরাহ দুই থেকে পাঁচ মিনিটের বেশি বন্ধ থাকলে স্নায়ুকোষ স্থায়ীভাবে ধ্বংস হয়।

স্ট্রোক যেকোনো সময় ঘটতে পারে। তবে করোনাকালে স্ট্রোকের রোগী বাড়ছে। এর কারণ করোনায় জীবনযাপনে হতাশা, বাড়ছে মানসিক চাপ, তার ওপর বাড়ি বসে অনেকেরই উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে। কমে গেছে ব্যায়াম ও হাঁটাহাঁটির সুযোগ, ওজন বাড়ছে। শৃঙ্খলা নষ্ট হয়েছে। অনেকেই দীর্ঘদিন রুটিন চেকআপের জন্য চিকিৎসকের কাছে যাচ্ছেন না।

স্ট্রোকের আলামত দেখা দিলে তাৎক্ষণিক চিকিৎসা নিতে হয়। দেরিতে চিকিৎসা নিলে জটিলতা বাড়ে এবং অনেক ক্ষেত্রে প্রাণহানিও ঘটে।

স্ট্রোকের উপসর্গ

শরীরের কোনো এক দিকে দুর্বল বোধ করা বা নাড়াতে না পারা, হাত-পা অবশ অবশ ভাব, মুখ একদিকে বেঁকে যাওয়া, প্রচণ্ড মাথাব্যথা, কথা জড়িয়ে যাওয়া, বমি বা বমি বমি ভাব, দৃষ্টিশক্তি কমে যাওয়া, মুখের অসাড়তা, বেসামাল হাঁটাচলা, হঠাৎ খিঁচুনি বা ধপ করে পড়ে যাওয়ার মতো অবস্থা হওয়া হতে পারে স্ট্রোকের লক্ষণ।

তাৎক্ষণিক করণীয়

স্ট্রোকের উপসর্গ দেখা দিলে বুঝতে হবে মস্তিষ্কে কোনো সমস্যা ঘটেছে। এমন হলে রোগীকে কাত করে শুইয়ে দিতে হবে। এ অবস্থায় কোনো খাবার বা ওষুধ মুখে জোর করে গুঁজে দেওয়া যাবে না। কারণ, এগুলো শ্বাসনালিতে ঢুকে আরও ক্ষতি করতে পারে। মুখে জমে থাকা লালা, বমি পরিষ্কার করে দিতে হবে। গায়ে থাকা জামাকাপড় ঢিলা করে দিতে হবে।

রোগীকে অতিদ্রুত নিকটবর্তী হাসপাতালে নিতে হবে এবং হাসপাতালে যাওয়ার সময় খেয়াল করে রোগীর আগের চিকিৎসার ফাইলপত্র নিতে হবে।

কেউ স্ট্রোকে আক্রান্ত হলে জরুরি ভিত্তিতে মস্তিষ্কের রেডিওলজিক টেস্ট, সিটিস্ক্যান, এমআরআই করা হয়। পরে ঘাড়ের রক্তনালির ডপলার, হার্টের সমস্যা নির্ণয়ের জন্য ইকো পরীক্ষা করা উচিত। রক্ত জমাট বাঁধার প্রবণতাও পরীক্ষা করে নিতে হবে। রক্তের সুগার, চর্বি ইত্যাদি তো দেখতেই হবে।

চিকিৎসা

স্ট্রোক হলে যেহেতু মস্তিষ্কে রক্ত চলাচল কমে যায় এবং কম রক্তপ্রবাহ নিয়ে স্নায়ুকোষ বেশিক্ষণ টিকতে পারে না, তাই তাৎক্ষণিক চিকিৎসা শুরু করতে হয়। ওষুধ প্রয়োগ করে রক্তের চাপ, রক্ত চলাচল স্বাভাবিক রাখতে হবে। রক্তের জমাট বাঁধা অবস্থা কাটিয়ে ওঠার জন্য তাৎক্ষণিক চিকিৎসা শুরু করতে হবে। প্রাথমিক ধাপ কাটিয়ে ওঠার পর দীর্ঘদিন ফিজিওথেরাপির প্রয়োজন হতে পারে। তাই স্ট্রোক হয়েছে বুঝতে পারার সঙ্গে সঙ্গেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিলম্বে চিকিৎসা নিলে জটিলতা বাড়ে এবং রোগী মারাও যেতে পারে।

করোনাকালে সতর্ক হোন

নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন। উচ্চ রক্তচাপের রোগী হলে চিকিৎসকের পরামর্শে নিয়মিত ওষুধ খান এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করবেন না।

ধূমপান ও মদ্যপান ত্যাগ করুন। বাড়িতে বা ছাদে করিডরে নিয়ম করে হাঁটা ভালো। ওজন বাড়তে দেবেন না। দৈনন্দিন খাদ্যাভ্যাসে প্রয়োজনীয় পরিবর্তন আনার চেষ্টা করুন। চর্বি ও চিনিযুক্ত খাবার এড়িয়ে প্রচুর শাকসবজি খান। মানসিক চাপ পরিহার করে চিন্তামুক্ত থাকুন।

মনে রাখতে হবে, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারলে স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে কমে যাবে। করোনা ও লকডাউনে নিয়মিত সরাসরি চিকিৎসকের পরামর্শ নেওয়া সম্ভব না হলে, অনলাইনে বা ফোনে পরামর্শ করুন।