মানুষের মৃত্যুর কারণগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হৃদরোগ। ইউজ হার্ট টগ বিট কার্ডিওভাসকুলার ডিজিজ (সিভিডি), অর্থাৎ ‘হৃদয় দিয়ে হৃদরোগ প্রতিরোধ’—এটি এ বছর বিশ্ব হার্ট দিবসের স্লোগান। করোনাকালে এ স্লোগানের যথেষ্ট তাৎপর্য রয়েছে। জীবন ও জীবিকার টানাপোড়েন সত্ত্বেও মানুষ এখন বের হচ্ছে ঘরের বাইরে। বেড়েছে ভাইরাসের চলাচল। এর ফলে বেড়েছে করোনায় হৃদরোগের ঝুঁকি। এমনকি রক্তনালিতে রক্ত জমাট বেঁধে মৃত্যুঝুঁকি বাড়িয়ে দিয়েছে। করোনাযুদ্ধ কবে শেষ হবে, আমরা জানি না। তাই নতুন স্বাভাবিক জীবনে হৃদরোগ প্রতিরোধ একটি বড় চ্যালেঞ্জ
বাংলাদেশেও মানুষের মৃত্যুর এক নম্বর কারণ হলো হৃদরোগ। প্রতিবছর বিশ্বে যে পরিমাণ লোক মারা যায়, তার ৩১ শতাংশ মারা যাচ্ছে হৃদরোগে। এখন যে হারে হৃদরোগ হচ্ছে, তাতে আগামী ২০৩০ সালে বিশ্বে ২৩ মিলিয়ন লোক মারা যাবে
হৃদরোগের বেশি ঝুঁকিতে রয়েছে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলো। ভৌগোলিক কারণে অন্যান্য দেশের তুলনায় বাংলদেশ, ভারতসহ এ অঞ্চলে হৃদরোগের ঝুঁকি বেশি। কারণ, আমাদের দেশের মানুষ অল্প বয়সে ধূমপান করে, চর্বিযুক্ত খাবার বেশি খায়। কোন খাবার স্বাস্থ্যকর আর কোনটা অস্বাস্থ্যকর, সে বিষয়ে আমাদের দেশের অনেকেরই ধারণা কম। আবার ভৌগোলিক কারণে এ দেশের মানুষের উচ্চতা কম। এর ফলে তাদের হার্টের করোনারি আর্টারি (ধমনি) সরু থাকে, যা সাধারণত অল্পতেই কোলেস্টেরলে বন্ধ হয়ে যাওয়ার প্রবণতা দেখা দেয়। তার ওপর করোনায় বেড়েছে হৃদরোগের ঝুঁকি।
করোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সারা বিশ্বের মতো বাংলাদেশও অপেক্ষায় আছে একটি কার্যকর ভ্যাকসিনের জন্য। যদিও যেকোনো বয়সেই এ ভাইরাসের শিকার যে কেউ হতে পারে। তবুও যাদের হৃদরোগ, শ্বাসকষ্টের রোগ, ডায়াবেটিস, কিডনি রোগ ইত্যাদির মতো দীর্ঘমেয়াদি রোগ রয়েছে, তাদের মধ্যে একটু বেশি ভীতির সঞ্চার করেছে করোনা। এর কারণ করোনাভাইরাস সৃষ্ট কোভিড-১৯ রোগে যাঁরা মৃত্যুবরণ করেছেন, তাঁদের অনেকেই আক্রান্ত ছিলেন হৃদরোগ, উচ্চ রক্তচাপ, সিওপিডি, ডায়াবেটিস ইত্যাদির মতো ক্রনিক রোগে। বাংলাদেশেও কোভিড-১৯ রোগে প্রথম মারা যাওয়া রোগীও ছিলেন হৃদরোগী, যাঁর হার্টের করোনারি ধমনিতে রিং পরানো ছিল। এ ছাড়া আরও অনেক কোভিড-১৯ রোগী যাঁরা হার্টের রক্তনালিতে ব্লকজনিত সমস্যায় ভুগছিলেন, তাঁদের পরিণতি খারাপ হয়েছে। নতুন করে অনেকে ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্ত হয়েছেন করোনায় আক্রান্তের পর।
করোনাভাইরাসের কারণে কী ধরনের হৃদরোগ হতে পারে অথবা যাঁরা ইতিমধ্যে হৃদরোগে ভুগছেন, তাঁদের কী কী সমস্যা হতে পারে এবং করণীয় নিয়ে আলোচনা করা যাক।
অনেক গবেষণায় দেখা গেছে, করোনাভাইরাসের কারণে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হৃদরোগের নানা জটিলতা হয়ে থাকে। যাদের আগে হৃদরোগ ছিল না, তাদের নতুন করে হৃদরোগ হতে পারে। আবার যাদের আগে থেকেই হৃদরোগ ছিল, তাদের নতুন করে জটিলতা হতে পারে। হৃৎপিণ্ডের সঙ্গে সম্পর্কিত ধমনি ও শিরায় রক্ত জমাট বেঁধে মারাত্মক জটিলতা তৈরি করে, যা থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। তবে সঠিকভাবে চিকিৎসা নিলে এবং সময়মতো হাসপাতালে ভর্তি হলে মৃত্যুঝুঁকি হ্রাস পায়।
করোনাভাইরাসের সংক্রমণে হার্ট অ্যাটাক
হার্ট করোনারি ধমনির মাধ্যমে পুষ্টি পায়। এ করোনারি ধমনিতে মারাত্মক ধরনের চর্বি দিয়ে যদি আংশিক ব্লক থাকে, করোনার প্রভাবে তা শতকরা ১০০ ভাগ ব্লক হয়ে হার্ট অ্যাটাক হতে পারে। এমনকি কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। এই রোগীদের শ্বাসকষ্টের সঙ্গে বুকে ব্যথাও হতে পারে। টাইপ–১ ও টাইপ–২ মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা হার্ট অ্যাটাক সঠিক সময়ে শনাক্ত করতে পারলে চিকিৎসাও সহজ হয়। টাইপ–১ মায়োকার্ডিয়াল ইনফার্কশন এথেরোস্ক্লেরোসিসের সঙ্গে সম্পর্কিত, কিন্তু কোভিড -১৯ টাইপ–২ মায়োকার্ডিয়াল ইনফার্কশন, অর্থাৎ হাইপোক্সিয়া বা অক্সিজেনের অভাবের কারণে হতে পারে, যা সম্প্রতি বিভিন্ন গবেষণায় প্রকাশিত হয়েছে।
মায়োকার্ডাইটিস
মায়োকার্ডাইটিস হলো হৃৎপিণ্ডের মাংসপেশির প্রদাহ। করোনাভাইরাসের কারণে হৃৎপিণ্ডের মাংসপেশিতে আঘাতের কারণে মায়োকার্ডাইটিস হতে পারে। হার্ট ফেইলিউর হয়েও শ্বাসকষ্ট হতে পারে: হার্ট ফেইলিউর হলো হার্টের এমন একটি অবস্থা, যা দুই ধরনের হতে পারে। একটি হলো ক্রনিক হার্ট ফেলিউর, যা আগে থেকেই রোগীর ছিল। এ ধরনের রোগীর হার্টের কার্যক্ষমতা স্বাভাবিকের চেয়ে কম থাকে। অনেক রোগী বলে থাকেন হার্ট দুর্বল। হার্টের ইকোকার্ডিওগ্রাফি, বুকের ইসিজি ও এক্স–রে করেও জানা যেতে পারে। এ ধরনের রোগীদের হার্ট আকারে বড় হয়ে সংকোচন-প্রসারণক্ষমতা কমে যায়। আর অ্যাকিউট হার্ট ফেলিউর হঠাৎ করেই হতে পারে। হার্টের সংকোচন-প্রসারণ কার্যক্ষমতা লোপ পেয়ে রোগীর শ্বাসকষ্ট হতে পারে। গবেষকদের মতে, করোনাভাইরাসের কারণে অ্যাকিউট হার্ট ফেলিউর হতে পারে। অথবা ক্রনিক হার্ট ফেলিউরের রোগীদের হঠাৎ হার্টের মুমূর্ষু অবস্থা, অ্যাকিউট হার্ট ফেলিউর হতে পারে।
করোনার প্রভাবে অনিয়মিত হৃৎস্পন্দন
করোনাভাইরাসের ক্ষতির কারণে হৃৎপিণ্ডের স্বাভাবিক হৃৎস্পন্দন ব্যাহত হতে পারে। হৃৎস্পন্দন দ্রুত হয়ে ট্যাকিকার্ডিয়া হতে পারে। ড্রপ বিটসহ নানা ধরনের নানা নামের অনিয়মিত হৃৎস্পন্দন হতে পারে।
করোনায় হার্ট অ্যাটাক হলে করণীয়
আমেরিকান কলেজ অব কার্ডিওলজি ও অন্যান্য হৃদরোগবিষয়ক সোসাইটি অ্যাকিউট হার্ট অ্যাটাক হলে উপসর্গমাফিক চিকিৎসা বা ওষুধের দ্বারা চিকিৎসাকে সমর্থন করেছেন। সাধারণত হার্ট অ্যাটাকের রোগী যদি হার্ট অ্যাটাকের পর দ্রুত হাসপাতালে পৌঁছাতে পারে, তাহলে সরাসরি ক্যাথল্যাবে করোনারি এনজিওগ্রাম করে করোনারি এনজিওপ্লাস্টি করা হয়। এই চিকিৎসাকে বলা হয় প্রাইমারি পিসিআই। অর্থাৎ রক্তনালি ব্লক হলে হার্ট অ্যাটাকের সঙ্গে সঙ্গে করোনারি এনজিওগ্রাম করে ব্লকের চিকিৎসা বা রিং পরিয়ে দেওয়া হয়। তাতে রক্তনালিতে আবার রক্তপ্রবাহ হয়ে হৃৎপিণ্ডের মাংসপেশিকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। এই চিকিৎসাকে সারা বিশ্বে হার্ট অ্যাটাকের আধুনিক চিকিৎসা হিসেবে গণ্য করা হয়। কিন্তু কোভিড-১৯ রোগের সঙ্গে হার্ট অ্যাটাক হলে রক্ত পাতলা করার বিশেষ ওষুধের মাধ্যমে এ চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে করোনা সংক্রমণের ঝুঁকি কমিয়ে যদি কোভিড ডেডিকেটেড ক্যাথল্যাবে চিকিৎসা গ্রহণ করা যায়, সে ক্ষেত্রে প্রাইমারি পিসিআই করে রোগীর জীবন বাঁচানো সম্ভব।
হার্টের নিয়মিত আধুনিক চিকিৎসা করোনারি স্টেনটিংসহ সব ধরনের চিকিৎসার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসা গাইডলাইনও করা হয়েছে।
ধূমপান ও করোনাভাইরাস
ধূমপান ও ধোঁয়াবিহীন তামাক করোনাভাইরাসের জন্য অবশ্যই একটি ঝুঁকি। করোনাভাইরাস ফুসফুসের অ্যালভিওলাকেও ক্ষতি করে। এ ছাড়া ধূমপানে এমনিতে ফুসফুসের প্রান্তিক পর্যায়ে ক্ষতি করে এবং শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা দুর্বল করে দেয়।
চীনের একটি গবেষণায় দেখা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ধূমপায়ীদের ঝুঁকি বেশি পাওয়া গেছে এবং পুরুষের মধ্যে এ ধূমপানের ক্ষতির পরিমাণ বেশি বলে জানা গেছে।
উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও করোনাভাইরাস
যারা উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসের মতো দীর্ঘমেয়াদি রোগে ভুগছে, তাদের ঝুঁকি আছে করোনাভাইরাসে। পর্যবেক্ষণে দেখা গেছে, যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে, তাহলে শরীরের রোগ প্রতিরোধক্ষমতা কম থাকে। সে ক্ষেত্রে করোনাভাইরাসের ঝুঁকি বেশি। রক্তচাপ স্বাভাবিক রাখতে হবে এবং রক্তে শর্করার মাত্রা সুনিয়ন্ত্রিত রাখতে হবে।
স্টেনটিং ও বাইপাস সার্জারি রোগী
বাংলাদেশে যেসব রোগী এর আগে হৃৎপিণ্ডের করোনারি ধমনিতে ব্লকের কারণে স্টেনটিং বা রিং পরিয়েছেন, অথবা বাইপাস সার্জারি করেছেন, তাঁদের মধ্যে ঝুঁকিজনিত আতঙ্ক দেখা যাচ্ছে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া বন্ধ করা উচিত হবে না। এ ছাড়া নিয়মিত ফলোআপে থেকে এই ঝুঁকি কমিয়ে দুশ্চিন্তামুক্ত হতে পারেন। এ ছাড়া করোনায় আক্রান্ত হলে আরও যত্নের সঙ্গে হৃদয়ের সুরক্ষা নিতে পারেন।
হার্ট সতেজ রাখতে করণীয়
হার্ট সতেজ রাখতে প্রয়োজন অভ্যাসে পরিবর্তন আনা। তাহলে হৃদরোগ থেকে আমরা নিজেদের রক্ষা করতে পারব। স্বাস্থ্য গবেষকেরা বলছেন, বেশির ভাগ ক্ষেত্রেই এসব মৃত্যু ঠেকানো সম্ভব প্রতিদিনের খাদ্যাভ্যাসে সামান্য কিছু পরিবর্তন এবং কায়িক পরিশ্রমের অভ্যাস তৈরির মাধ্যমে।
১. বেশি করে আঁশযুক্ত খাবার খাওয়া
যেসব খাবারে প্রচুর পরিমাণে আঁশ আছে, সেসব খাবার খাওয়া প্রয়োজন। কারণ, অধিক আঁশযুক্ত খাবার কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সাহায্য করে।
বেশি আঁশ আছে, এমন সবজি যেমন যেকোন পাতাশাক , ঢ্যাঁড়স, শিম ও মটরশুঁটি, কালাই ও ডালজাতীয় শস্য এবং ফলমূল। এ ছাড়া হোলগ্রেন আটার রুটি এবং বাদামি চাল খাবারেও আঁশ আছে।
২. ট্রান্সফ্যাট, স্যাচুরেটেড ফ্যাট যুক্ত খাবার কমিয়ে ফেলা
মাত্রাতিরিক্ত ট্রান্সফ্যাট গ্রহণ হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ায়। ট্রান্সফ্যাটযুক্ত খাবার রক্তে ‘খারাপ’ কোলেস্টেরল বাড়িয়ে ‘ভালো’কোলেস্টেরল কমিয়ে দেয় এবং মানুষকে অসুস্থ করে ফেলে।
সাধারণত ভাজাপোড়া ও বেকারি খাবারে শিল্পোৎপাদিত ট্রান্সফ্যাট থাকে। ভোজ্যতেলের (পাম, সয়াবিন ইত্যাদি) সঙ্গে হাইড্রোজেন যুক্ত (হাইড্রোজেনেশন) করলে তেল জমে যায় এবং ট্রান্সফ্যাট উৎপন্ন হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, খাবারে ট্রান্সফ্যাটের পরিমাণ মোট ফ্যাটের শতকরা ২ ভাগের কম হতে হবে।
যেসব খাবারে বেশি ট্রান্সফ্যাট, স্যাচুরেটেড ফ্যাট বা জমাট বাঁধা চর্বি থাকে, সেসব খাবার খেলে শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়। এর ফলে বেড়ে যায় হৃদরোগের ঝুঁকিও। ডালডা, চিজ, দুধের সর, লাল মাংস, মাখন, কেক, বিস্কুট ও নারকেল তেলে প্রচুর পরিমাণে ট্রান্সফ্যাট ও স্যাচুরেটেড ফ্যাট আছে।
রান্নায় তেল ব্যবহারে যত্নশীল হতে হবে। তেল ছাড়া রান্না প্রায় অসম্ভব। অলিভ অয়েল, সূর্যমুখী তেল, তিলের তেল, সয়াবিন, রাই শর্ষে, ভুট্টার তেল, ধানের কুঁড়ার তেল বা রাইস ব্রান অয়েল স্বাস্থ্যের পক্ষে উপকারী। তবে একনাগাড়ে ব্যবহার না করে ১৫ দিন পরপর বদলে ব্যবহার করা যেতে পারে। ভাজা বা রান্নায় বেশি তাপমাত্রায় তেল ব্যবহার না করা নিরাপদ। একটি নিরাপদ উপাদান সামান্য জ্বালেই রাসায়নিক ক্রিয়া-বিক্রিয়ায় ক্ষতিকর হয়ে উঠতে পারে। সম্ভব হলে টিস্যু বা শোষক কাগজ দিয়ে ভাজা খাবারের বাইরে সেঁটে থাকা তেল মুছে নিন। একই তেল বারবার ব্যবহার করাও ভালো নয়।
৩. খাবার টেবিল থেকে লবণকে বিদায় করা
লবণ বেশি খেলে শরীরে রক্তচাপ বেড়ে যায়। এর ফলে বেড়ে যায় হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকিও। দিনে সর্বোচ্চ ছয় গ্রাম (এক চা–চামচ পরিমাণ) লবণ খাওয়া যেতে পারে। লবণ কমবেশি খাওয়া একটি অভ্যাসের ব্যাপার। লবণ যত কম খাওয়া হবে, তার চাহিদাও তত কমে যাবে।
এই অভ্যাস বদলাতে মাত্র চার সপ্তাহের মতো সময় লাগে। এ সময়ের পর দেখা যাবে, আপনি যে খাবারের সঙ্গে লবণ খাচ্ছেন না, সেটি আপনি বুঝতেই পারবেন না।
খাদ্য বিশেষজ্ঞরা বলছেন, লবণের পরিবর্তে মশলা দিয়ে খাবার প্রস্তুত করলে তা হৃদরোগের ঝুঁকি কমাবে। খাবারের সময় পাতে আলগা লবণ খাবেন না। লবণ ভাজা হোক বা কাঁচা, গুণাগুণ একই। তাই অভ্যাস বদলে ঝুঁকি কমাতে পারেন।
৪. ভিটামিন ও মিনারেলসমৃদ্ধ খাবার খাওয়া
যেসব খাবারে ভিটামিন ও খনিজ পদার্থ বেশি থাকে, সেগুলো আমাদের সুস্থ রাখতে সাহায্য করে। শুধু তাই নয়, এসব খাবার হৃদরোগের ঝুঁকিও কমিয়ে দেয়।
ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও পটাশিয়ামের মতো খনিজ উচ্চ রক্তচাপ প্রতিরোধ করে। হৃদরোগের যেসব কারণ আছে, সেগুলো ঠেকাতেও এসব খনিজ ইতিবাচক প্রভাব রাখতে পারে।
অনেক খাদ্য বিশেষজ্ঞ মনে করেন, স্বাস্থ্যকর ও ভারসাম্যপূর্ণ ডায়েটের মাধ্যমেই এসব ভিটামিন ও খনিজ পাওয়া সম্ভব। এসবের জন্যে ট্যাবলেটের ওপর নির্ভর করতে হবে না। তবে তার মধ্যে ব্যতিক্রম হচ্ছে ভিটামিন ডি। কারও শরীরে ভিটামিন ও মিনারেলের অভাব থাকলে প্রতিদিন খাবারের তালিকায় অবশ্যই আঁশযুক্ত শাকসবজি ও ফল রাখতে হবে।
৫. শরীরের ওজন বেশি হলে ক্যালরি কমানো
হৃদরোগের ঝুঁকি কমাতে উপরের চারটি ধাপ অনুসরণ করা একান্ত জরুরি। তাহলেই আপনি ভালো থাকবেন।
কারণ আপনি যদি চিনি, লবণ, ট্রান্সফ্যাট চর্বিযুক্ত খাবার কম খান; ভিটামিন ও মিনারেল আছে, এ রকম খাবার বেশি খান, তাহলে মোটা হয়ে যাওয়ার সম্ভাবনাও কমে যাবে। মনে রাখতে হবে, ওজন বাড়লে তা হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়, বিশেষ করে কোমরে চর্বি জমা হলে। পুরুষের কোমর যদি ৩৭ ইঞ্চি আর নারীর কোমর ৩১ দশমিক ৫ ইঞ্চির বেশি হয়, তাহলে ওজন কমাতে হবে। ক্যালরি গ্রহণের পরিমাণ কমিয়ে ওজন নিয়ন্ত্রণ করা সম্ভব।
৬. পর্যাপ্ত মানের ঘুম নিশ্চিত করা
অপর্যাপ্ত ঘুম আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। যাদের পর্যাপ্ত ঘুম হয় না, তাদের স্থূলতা, উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক, ডায়াবেটিস ও হতাশার ঝুঁকি বেশি থাকে। কিছু লোক অস্বাস্থ্যকর উপায়ে স্ট্রেস সহ্য করে যেমন অতিরিক্ত খাওয়া, মদ্যপান বা ধূমপান। শারীরিক ক্রিয়াকলাপ, শিথিল করার অনুশীলন বা ধ্যানের মতো চাপকে পরিচালনা করার বিকল্প উপায়গুলো সন্ধান করা আপনার স্বাস্থ্যের উন্নতিতে সহায়তা করতে পারে। চিকিৎসক কর্তৃক নির্ধারিত পরামর্শ গ্রহণ করে স্ট্রেস কমিয়ে ঘুম নিশ্চিত করুন এবং একটি স্বাস্থ্যকর জীবনধারার পরিকল্পনা অনুসরণ করুন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে দেখা গেছে, ইসকেমিক হার্ট ডিজিজ এবং সেরিব্রোভাসকুলার ডিজিজসহ কার্ডিওভাসকুলার ডিজিজ বাংলাদেশে মৃত্যুর অন্যতম কারণ।
অস্বাস্থ্যকর ডায়েট, তামাকের ব্যবহার ও শারীরিক ক্রিয়াকলাপের অভাবের মতো আচরণগত ঝুঁকির কারণগুলো সমাধান করে রোগ প্রতিরোধ করুন। তবে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখুন।
৭. ব্যায়াম বা কায়িক পরিশ্রম
প্রতিদিন ৩০ মিনিট হাঁটুন। প্রতিদিন নিয়মিত কিছু ব্যায়াম করা আপনার হৃদরোগের ঝুঁকি কমাতে পারে। শারীরিক ক্রিয়াকলাপ আপনার ওজন নিয়ন্ত্রণ করতে এবং আপনার উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল এবং ডায়াবেটিসের মতো পরিস্থিতি তৈরির সম্ভাবনা কমাতে সহায়তা করে। অনুশীলন রক্তে শর্করার মাত্রা কমায়, ক্যালরি পোড়ায় এবং কোলেস্টেরলের জটিলতা রোধ করতে সহায়তা করে। নিয়মিত শারীরিক কার্যকলাপ স্ট্রেস থেকে মুক্তিও দেয় এবং মানসিক স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলে।
এবারের বিশ্ব হার্ট দিবসের প্রতিপাদ্য বিষয়ের আলোকে করোনাকালে নতুন বাস্তবতায় হৃদরোগের ঝুঁকি কমানো এবং ইমিউনিটি বাড়াতে সবার প্রতি আমার নিম্নলিখিত পরামর্শগুলো মেনে চলার জন্য বিনীত অনুরোধ করছি—
* যেকোন নতুন উপসর্গ যেমন জ্বর, শ্বাসকষ্ট শরীরব্যাথা অথবা ঘ্রাণশক্তি কমে যাওয়া ইত্যাদি হলে চিকিৎসকের পরামর্শ নিন।
* কিছু রুটিন পরীক্ষা করে নিজের শরীরের আপডেট অবস্থা জেনে নিন।
* বুকে ব্যাথা, চাপ অথবা শ্বাসকষ্ট হলে অবহেলা করবেন না।
* চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করবেন না। এ ছাড়া নতুন কোনো ওষুধ গ্রহণের ক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ নিন।
* ডায়াবেটিস থাকলে রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখুন। বাড়িতে গ্লুকোমিটার দিয়ে নিয়মিত পরীক্ষা করুন।
* উচ্চ রক্তচাপ থাকলে ওষুধ সেবন করতে ভুল করবেন না। রক্তের চাপ নিয়ন্ত্রণে রাখুন। মাঝেমধ্যে রক্তের চাপ কত আছে, তা জেনে নিন।
* নিয়মিত হাঁটাহাঁটি বা ব্যায়ামের অভ্যাস চালিয়ে যেতে হবে। বাড়িতে ট্রেডমিল থাকলে সেটিও ব্যবহার করতে পারেন।
* কোষ্ঠকাঠিন্য এড়িয়ে চলুন।
* হার্টের কার্যক্ষমতা ভালো থাকলে পরিমিত পানি পান করবেন। হার্ট দুর্বল হলে বা এলভিইএফ কম হলে চিকিৎসকের পরামর্শ মেনে তরল গ্রহণ করুন।
* শাকসবজি, কাঁচা ফলমূল ভালো করে ধুয়ে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন।
* চিনি ও লবণ এড়িয়ে চলুন।
* শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য ভিটামিন সি–সমৃদ্ধ খাবার এবং অ্যান্টি–অক্সিডেন্টসমৃদ্ধ খাবার গ্রহণ করুন।
* ধূমপান করবেন না। এ ছাড়া সব রকমের তামাকজাতীয় দ্রব্য বর্জন করুন।
* করোনা প্রতিরোধক সব স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে। হার্ট দুর্বল হলে বা এলভিইএফ কম হলে চিকিৎসকের পরামর্শ মেনে তরল গ্রহণ করুন।
অনেক হৃদরোগী যারা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন, তাদের অনেকের শরীর ও মনের ওপর নেতিবাচক নানা প্রতিক্রিয়া হওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। তাদের বলছি, চিকিৎসকের পরামর্শ মেনে চললে যাপিত জীবনে ছন্দপতন হবে না। ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করুন। জীবনকে জয়ী করতে হলে করোনাকে হারাতে হবে।
লেখক: অধ্যাপক, কার্ডিওলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং কনসালট্যান্ট, কার্ডিওলজি, ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতাল , ধানমন্ডি, প্রেসিডেন্ট, বাংলাদেশ কার্ডিওভাসকুলার রিসার্চ ফাউন্ডেশন