তৈরি পোশাক কারখানা থেকে শুরু করে করপোরেট অফিস—প্রায় সবখানেই কর্মজীবী নারীরা গর্ভাবস্থায় বেশ কিছু বাড়তি সমস্যার মুখোমুখি হন। এগুলো কাটিয়ে উঠতে তাঁদের সচেতন থাকতে হবে। যেমন:
লজ্জা বা সংকোচ নিজেকেই কাটিয়ে উঠতে হবে। গর্ভধারণ একটি স্বাভাবিক প্রক্রিয়া, এটি কোনো লজ্জার বিষয় নয়। নারী ও পুরুষ সহকর্মীদের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে একটু আলাদাভাবে নিজের ব্যক্তিগত বিষয়গুলো ঠিক করে নিন।
মর্নিং সিকনেস, বমির জন্য সকালে হালকা খাবার খেয়ে বের হওয়া ভালো, বেশি খাবার না খেয়ে অল্প অল্প করে বারবার খাবেন। বাড়িতে তৈরি খাবার খাওয়া ভালো।
যাতায়াতের জন্য আরামদায়ক যেকোনো যানবাহন ব্যবহার করা যায়। খেয়াল রাখবেন, অতিরিক্ত ঝাঁকুনি যেন না খেতে হয়। প্রয়োজনে খারাপ রাস্তাটুকু হেঁটে পার হবেন।
ঢিলেঢালা পোশাক এবং সমান স্যান্ডেল পরবেন।
যত কাজই থাকুক, পর্যাপ্ত বিশ্রাম নিন। দুপুরে এক থেকে দেড় ঘণ্টা একটু চোখ বন্ধ করে চিন্তাহীনভাবে হালকা বিশ্রাম নিন।
অনেকের সারা দিন বসে থাকার কারণে পা ফুলে যায়। সে ক্ষেত্রে পা রাখার একটি টুলের ব্যবস্থা করতে হবে।
কাজ করতে করতে অনেকের কোমর ও পিঠে ব্যথা হয়। সে ক্ষেত্রে আরামদায়ক বসার ব্যবস্থা করতে হবে। গরম ও ঘাম বেশি হলে ঠান্ডা জায়গায় বসুন এবং প্রচুর পানি পান করুন। বাথরুম পেলে আটকে রাখবেন না।
যাঁদের বদলির চাকরি, তাঁরা পরিবার থেকে দূরে থাকেন। এ সময়টা যদি পরিবারের কাছাকাছি থাকার ব্যবস্থা করা যায়, তাহলে ভালো।
কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে যত তাড়াতাড়ি সম্ভব প্রয়োজনীয় কাজগুলো সেরে বিশ্রাম নিতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে সব সমস্যা শেয়ার করুন, কথা বলুন।
সময় থাকতে সন্তান প্রসবের পরিকল্পনাও আপনাকে করে ফেলতে হবে। কবে থেকে মাতৃত্বকালীন ছুটি নেবেন, আগেই ভেবে রাখুন।
ডা. শারমিন আব্বাসি
সহকারী অধ্যাপক, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল