কৈশোরে সুস্বাস্থ্যের ভিত মজবুত না হলে এর সুদূরপ্রসারী প্রভাব পড়ে পরবর্তী জীবনে। অথচ এই বয়সে পড়াশোনার চাপ, ব্যস্ততা, অবহেলার কারণে অনেকেই নিজের দিকে খেয়াল করে না।
কৈশোরে শারীরিক-মানসিক বৃদ্ধির চূড়ান্ত পরিণতি ঘটে বলে এ সময় সুষম খাবারের প্রয়োজন। আমিষ, শর্করা, চর্বি, ভিটামিন খনিজের সুষম অনুপাতে না থাকলে বৃদ্ধি সঠিক হবে না। ইদানীং অনেক কিশোরী ফিগার-সচেতন হওয়ায় খাওয়াদাওয়া করে না বললেই চলে। এতে পরবর্তী সময়ে রক্তশূন্যতা, অস্টিওপোরোসিস ইত্যাদির ঝুঁকি বাড়ে। ভিটামিনের অভাব দেখা দেয়। এ ছাড়া বেশির ভাগ কিশোর-কিশোরী আজকাল সারা দিন বাইরের খাবার খেয়েই ব্যস্ত। এতে তেল-চর্বি, ট্রান্সফ্যাট বেশি, কিন্তু প্রয়োজনীয় পুষ্টি উপাদান নেই। ফলে কৈশোরে স্থূলতা বাড়ছে, কিন্তু শরীর ফিট হচ্ছে না।
>সকালের নাশতা দেহের বিপাকক্রিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। রুটি, ডিম বা দুধ, কর্নফ্লেক্স, একটু ফলের রস এগুলো হতে পারে চটজলদি নাশতা
মেয়েদের বেলায় আয়রনের ঘাটতি প্রায়ই হয়ে থাকে, যেহেতু তারা মাসিকের সঙ্গে আয়রন হারায়। কিশোরীদের নিয়মিত ডিম, মাংস, কলিজা, সামুদ্রিক মাছ ইত্যাদি খেতে হবে। এ ছাড়া কিশোরীদের হাড়ে ক্যালসিয়ামের সমস্যাও হয়। তাই ছোট মাছ, দুধ, দই, দুধের তৈরি খাবার খেতে হবে নিয়মিত।
নানা ধরনের ভিটামিনের জন্য কচুশাক, পুঁইশাক, লালশাক, ধনে পাতাসহ বিভিন্ন দেশি ফল—যেমন আমড়া, কলা, পেয়ারা, আমলকী, লেবু, কমলা খেতে হবে। ভিটামিন এ এবং সি রোগপ্রতিরোধের ক্ষমতা বাড়ায়।
এ যুগের অনেক কিশোর-কিশোরীই সকালের ক্লাস ধরার ব্যস্ততায় নাশতা না খেয়েই বেরিয়ে পড়ে। এটি বদভ্যাস। সকালের নাশতা দেহের বিপাকক্রিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। রুটি, ডিম বা দুধ, কর্নফ্লেক্স, একটু ফলের রস এগুলো হতে পারে চটজলদি নাশতা। টিফিনে ক্যানটিনের খাবার না খেয়ে বাড়ি থেকে আনা স্যান্ডউইচ, নুডলস বা ফলমূল খাওয়া যায়।
আখতারুন নাহার, পুষ্টিবিদ