আপনি কি ব্যথা, অ্যালার্জি, শ্বাসকষ্ট, চর্মরোগে ভুগতে ভুগতে বিরক্ত হয়ে কথিত হারবাল ওষুধের প্রতি ঝুঁকেছেন? দীর্ঘমেয়াদি রোগের (যেমন: বাতরোগ, হাঁপানি বা চর্মরোগ) কোনো স্থায়ী চিকিৎসা নেই জেনে হতাশ হয়ে বিজ্ঞাপনের ভাষায় ভুলেছেন? রোগ-শোকে আপনি কার সাহায্য নেবেন, কী করবেন—তার এখতিয়ার অবশ্যই আপনার; কিন্তু যা করছেন তা জেনে-বুঝে তারপর করুন।
বিজ্ঞানভিত্তিক চিকিৎসাব্যবস্থায় কোনো লুকোছাপা নেই। ওষুধের সঙ্গেই এর রাসায়নিক নাম, কী দিয়ে তৈরি, পার্শ্বপ্রতিক্রিয়া কী বা কত মাত্রায় খেতে হয়—সবই লেখা থাকে। ইন্টারনেটে ওষুধের নাম লিখে সার্চ করলেই আপনি পেয়ে যাবেন সব তথ্য। তার বাইরে ওষুধসংক্রান্ত যেকোনো তথ্য দিতে আপনার চিকিৎসক বাধ্য। কিন্তু অন্যান্য পদ্ধতিতে এই স্বচ্ছতা নেই। সাদা বা রঙিন বড়ি বা সিরাপের মধ্যে কী আছে তা আপনি জানেন না। অনেক সময় উপকার মিললেও তাতে দীর্ঘমেয়াদি কোনো অপকারিতা আছে কি না জানারও উপায় নেই।
এর একটি অন্যতম উদাহরণ হলো স্টেরয়েড। স্টেরয়েড একধরনের জীবন রক্ষাকারী হরমোন। নানা নামে নানা মাত্রায় এই ওষুধ চিকিৎসকেরা নানা কাজে ব্যবহার করেন। তবে ব্যবহারের সময় এর ঝুঁকিগুলো বিবেচনায় নিতে হবে। পারতপক্ষে প্রয়োজন না থাকলে তিন সপ্তাহের বেশি উচ্চ মাত্রায় স্টেরয়েড ব্যবহার করেন না চিকিৎসকেরা। স্টেরয়েডের গুণ হলো এটি দ্রুত শ্বাসকষ্ট, ব্যথা, চুলকানির মতো লক্ষণকে নিয়ন্ত্রণ করতে পারে এবং অনেক সময় মারাত্মক জটিল অবস্থায় জীবন রক্ষা করে। কিন্তু দীর্ঘ মেয়াদে ব্যবহার করলে ওজন বেড়ে যাওয়া, মাংসপেশির দুর্বলতা, হাড়ের ঘনত্ব হ্রাস, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদ্রোগের ঝুঁকি বৃদ্ধি, অনিয়মিত মাসিক, চোখে ছানি, রোগ প্রতিরোধক্ষমতা হ্রাস, মানসিক সমস্যাসহ নানা জটিলতা দেখা দেয়। টানা অনেক দিন এই ওষুধ খেলে শরীরের নিজস্ব স্টেরয়েড হরমোন নিঃসরণ বন্ধ হয়ে যায়, ফলে হঠাৎ ওষুধ বন্ধ করে দিলে প্রাণহানির ঝুঁকি দেখা দেয়।
ডা. রওশন আরা
মেডিসিন ও বাতরোগ বিশেষজ্ঞ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতাল