
কৈশোরের পরিচিত সমস্যা ব্রণের সব সময় চিকিৎসার প্রয়োজন না-ও হতে পারে। অনেক ক্ষেত্রে স্বাভাবিকভাবেই ব্রণ ভালো হয়ে যায় এবং এর দাগ নিয়ে দুশ্চিন্তারও কিছু নেই। তবে যেসব ব্রণ শুকিয়ে যাওয়ার পর ত্বকে গর্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, সেগুলোর চিকিৎসা প্রয়োজন। আর যাঁদের খুব বেশি ব্রণ হয়, তাঁদেরও টোটকা না নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
ব্রণের চিকিৎসায় রোজকার অভ্যাস
—ত্বক পরিষ্কার রাখতে হবে। বাইরে থেকে ফিরে অবশ্যই সাবান বা ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে ফেলতে হবে। কিছু কিছু সাবান ব্রণ রোধে সহায়ক। চিকিৎসকের পরামর্শ নিয়ে এ ধরনের সাবান ব্যবহার করতে পারেন।
—কখনোই ব্রণে নখ দিয়ে খোঁচাখুঁচি করবেন না। এমন করলে দাগ পড়ে যাওয়ার আশঙ্কা বেশি।
—প্রচুর পরিমাণ শাকসবজি ও ফলমূল খান।
—পর্যাপ্ত পানি পান করুন।
—নিয়মিত পর্যাপ্ত ঘুম প্রয়োজন। অনিদ্রায় যেমন ব্রণের প্রবণতা বাড়ে, তেমনি অতিরিক্ত ঘুমের কারণেও ব্রণ হতে পারে।
—দুশ্চিন্তামুক্ত জীবন যাপন করতে চেষ্টা করুন।
আরও যা চিকিৎসা
ব্রণ সারাতে যেকোনো ওষুধ সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নিন। ব্যবস্থাপত্র অনুযায়ী দু-তিন মাস পর্যন্ত ওষুধ সেবন করতে হতে পারে। পাশাপাশি ক্রিম, জেল বা লোশন ব্যবহার করা যায়। এ ছাড়া সন্ধ্যার পর বা রাতে ব্যবহার করার জন্য আলাদা কিছু ক্রিম পাওয়া যায়। তবে এসব ক্রিম অতিমাত্রায় ব্যবহার করার ফলে নানান পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।
চর্মরোগ বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল