স্তন ক্যানসারের বিষয়ে মাসজুড়ে সচেতনতা তৈরির কাজ চলছে চলতি অক্টোবরে। যেকোনো বয়সেই এই ক্যানসার হতে পারে। এমনকি গর্ভকালেও স্তন ক্যানসার হওয়া অস্বাভাবিক নয়। গবেষণায় দেখা গেছে, স্তন ক্যানসারে আক্রান্ত প্রতি এক হাজার নারীর মধ্যে একজনের গর্ভাবস্থায় রোগটি ধরা পড়ে। তবে এ অবস্থায় এ রোগ ধরা পড়লে চিকিৎসাপদ্ধতি কিছুটা জটিল।
প্রথমে আসা যাক রোগ নির্ণয়ের ব্যাপারে। গর্ভাবস্থায় স্তনে যে স্বাভাবিক পরিবর্তন ঘটে, তা অনেক সময় স্তন ক্যানসারের প্রাথমিক নির্ণয়ের ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। চামড়া পুরু হয়ে যাওয়ায় বোঝা যায় না, কোনো ছোট চাকা বা দলা রয়েছে কি না। গর্ভাবস্থায় ম্যামোগ্রাফিও করা যায় না। কারণ এক্স-রে বা তেজস্ক্রিয় রশ্মি মায়ের পেটে থাকা ভ্রূণের ক্ষতি করতে পারে। কাজেই আলট্রাসনোগ্রাফিই ভরসা। এরপর বায়োপসি করে নিশ্চিত হতে হয়। এরপর আসে ক্যানসার কোন পর্যায়ে আছে, তা নির্ণয়ের পালা। কিন্তু রোগের পর্যায় নির্ণয়ে গর্ভাবস্থায় সিটি স্ক্যান বা এক্স-রে করা যায় না ভ্রূণের কথা ভেবে। কাজেই এখানেও আলট্রাসনোগ্রাফিই ভরসা। খুব বেশি প্রয়োজন হলে বিশেষ ব্যবস্থায় এমআরআই করা যেতে পারে।
এবারে আসা যাক চিকিৎসার বিষয়ে। আমরা সবাই কমবেশি জানি যে স্তন ক্যানসারের চিকিৎসা পদ্ধতিগুলো হলো: অস্ত্রোপচার, কেমোথেরাপি, রেডিওথেরাপি, হরমোন থেরাপি ইত্যাদি। গর্ভাবস্থাকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা যায়: প্রথম ৩ মাস, মাঝের ৩ মাস এবং শেষের ৩ মাস। এই তিন ভাগের যেকোনো ভাগেই অস্ত্রোপচার করা সম্ভব। তবে অস্ত্রোপচারের ধরন নিয়ে কথা আছে। বর্তমানে স্তন ক্যানসারে অস্ত্রোপচারের বহুল ব্যবহৃত পদ্ধতি হলো ‘ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি’। অর্থাৎ এ ক্ষেত্রে পুরো স্তন কেটে না ফেলে শুধু টিউমার বা ক্যানসারের অংশটুকু কেটে ফেলা। সাধারণত টিউমারের আকার ছোট হলে এই পদ্ধতিতে অস্ত্রোপচার করানো হয়। কিন্তু এই পদ্ধতিতে অস্ত্রোপচারের পর অবশ্যই রেডিওথেরাপি দিতে হবে। গর্ভাবস্থায় এটাও এক বড় সমস্যা। কারণ, এ সময় রেডিওথেরাপি বা তেজস্ক্রিয়তা গর্ভের ভ্রূণের জন্য ভয়ংকর ক্ষতির কারণ হতে পারে। তাই গর্ভাবস্থায় স্তন ক্যানসার হলে ম্যাসটেকটমি, অর্থাৎ পুরো স্তন কেটে ফেলার অস্ত্রোপচারই সবচেয়ে নিরাপদ।
গর্ভাবস্থার প্রথম ৩ মাসে কেমোথেরাপি দেওয়া যাবে না। কারণ, এতে গর্ভের ভ্রূণের ক্ষতি হতে পারে। তবে মাঝের ৩ মাস ও শেষের ৩ মাসে কেমোথেরাপি দেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসক ঠিক করবেন, কোন কোন ওষুধ দিয়ে কেমোথেরাপি দেওয়া যাবে। গর্ভাবস্থায় কোনো ধরনের হরমোন থেরাপিই নিরাপদ নয়।
সবচেয়ে বেশি মনে রাখা জরুরি, গর্ভাবস্থায়ও স্তনে কোনো চাকা বা গোটা দেখা দিলে অবশ্যই দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। কিছুতেই অবহেলা করা চলবে না। এ সময় স্তনে স্বাভাবিক কিছু পরিবর্তন হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। যেকোনো অবস্থায়ই শরীরে ক্যানসার দানা বাঁধলে, তা যত দ্রুত নির্ণয় হয়, ততই ভালো।
ডা. আরমান রেজা চৌধুরী: ক্যানসার বিশেষজ্ঞ, কনসালট্যান্ট, অনকোলজি বিভাগ, ডেলটা হাসপাতাল লিমিটেড, মিরপুর-১, ঢাকা