গর্ভাবস্থায় রোজা পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গর্ভাবস্থায় রোজা পালন করা যাবে কি না, তা নিয়ে অন্তঃসত্ত্বা নারী ও তাঁর পরিবার-পরিজনদের মনে নানা প্রশ্ন থাকে। কোনো জটিলতা না থাকলে এবং চিকিৎসকের নির্দেশমতো চললে গর্ভাবস্থায় রোজা পালন করলে দুশ্চিন্তার কিছু নেই।
গর্ভাবস্থায় একজন নারীর খাবারে অরুচি দেখা দেয়। অনেক সময় বমি ভাব হয় বা বমিও হয়। এতে তিনি দুর্বল হয়ে পড়তে পারেন। তাঁর শরীরে পানিশূন্যতাও দেখা দিতে পারে। এ সময় তাঁকে নিজের প্রতি যত্নশীল হতে হবে।
সাহরিতে আঁশজাতীয় খাবার, পরিমিত শর্করা ও প্রোটিনসমৃদ্ধ খাবার খাওয়া উচিত। প্রচুর পরিমাণে পানি ও অন্যান্য তরল খাবার গ্রহণ করতে হবে। চাইলে তাজা ফল, মিষ্টি এবং এক গ্লাস দুধও খেতে পারেন।
ইফতারে খেজুর, ফলের রস, দুধ, দই-চিড়া, মুড়ি, স্যুপ, হালিম ইত্যাদি খেতে পারেন। ছোলা প্রচুর প্রোটিনসমৃদ্ধ খাবার। ইফতারে বেশি ভাজা-পোড়া, কাবাব, তন্দুর ইত্যাদি খেলে বদহজম ও পেটে গ্যাস হতে পারে। নানা রকম অস্বস্তিও হতে পারে। এমন খাবার বেছে নিন, যা পুষ্টিকর কিন্তু কম তেল-চর্বিযুক্ত।
রোজার সময় ঘুমের ব্যাঘাত ঘটে, তাই দিন-রাত মিলিয়ে যথেষ্ট বিশ্রাম নিন। রাতে আট ঘণ্টা এবং দিনে কমপক্ষে দুই ঘণ্টা বিশ্রাম নেওয়া ভালো। স্বাভাবিক সব কাজকর্মই করতে পারবেন। তবে ভারী কাজকর্ম এবং অতিরিক্ত শক্তি প্রয়োগ করতে হয়—এমন কাজ এড়িয়ে চলুন। এ সময় ব্যায়াম না করাই ভালো।
অন্তঃসত্ত্বার জন্য কয়েকটি পরামর্শ:
* চিকিৎসকের পরামর্শমতো ওষুধ সেবন করবেন।
* গর্ভকালীন ডায়াবেটিস অথবা উচ্চ রক্তচাপ থাকলে চিকিৎসকের পরামর্শ নিন।
* গর্ভাবস্থায় রোজা রাখতে গিয়ে তীব্র মাথাব্যথা, মাথা ঘোরা, শারীরিক দুর্বলতা, গর্ভের সন্তানের স্বাভাবিকের চেয়ে কম নড়াচড়া ইত্যাদি উপসর্গ হলে দ্রুত চিকিৎসক দেখান।
* প্রচুর পরিমাণে তরল খাবার ও পানি পান করুন।
* আয়রন, ক্যালসিয়াম ও ভিটামিন সি-যুক্ত খাবার খান।
ডা. ফাহমিদা তুলি
স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল

>

প্রশ্নোত্তর
আমাদের দৈনন্দিন জীবনে রয়েছে নানা রকম স্বাস্থ্যসমস্যা। অনেক সময় ঘরে বসেই কিংবা জীবনধারা পরিবর্তনের মাধ্যমে এসব সমস্যার সমাধান সম্ভব। আপনার সমস্যা নিয়ে প্রশ্ন পাঠান। উত্তর দেবেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। বয়স লিখতে ভুলবেন না।
স্বাস্থ্যসমস্যা নিয়ে প্রশ্ন পাঠাতে পারেন এই ঠিকানায়:
ভালো থাকুন, প্রথম আলো, সিএ ভবন
১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার ঢাকা-১২১৫
ই-মেইল:[email protected]