গলা–বুকজ্বলার প্রতিকার

দীর্ঘমেয়াদি জটিলতার মধ্যে খাদ্যনালির নিচের অংশ সরু হওয়া এবং খাদ্যনালির ক্যানসার অন্যতম। ঘন ঘন নিউমোনিয়া ও দীর্ঘমেয়াদি কাশিও হতে পারে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গলা ও বুকজ্বলা পরিপাকতন্ত্রের একটি পরিচিত সমস্যা। এ সমস্যা অনেকেরই হয়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলে রিফ্লাক্স ইসোফেজাইটিস।

যেকোনো খাবার গ্রহণের পর তা খাদ্যনালি দিয়ে পাকস্থলীতে পৌঁছায়। এই খাবার হজমের একটি পর্যায়ে পাকস্থলীতে অ্যাসিড ও পেপসিন নামক উৎসেচক বা এনজাইম নির্গত হয়ে সেগুলো খাবারের সঙ্গে মিশে। এই মিশ্রণ পাকস্থলী থেকে আরও নিচের দিকে ক্ষুদ্রান্ত্রে চলে যাওয়ার কথা। কিন্তু কখনো কখনো খাবার ও এনজাইম-অ্যাসিডের এই মিশ্রণ নিচের দিকে না গিয়ে ওপরের দিকে উঠে আসে এবং আবার পাকস্থলীতে ফিরে যায়। ফলে খাদ্যনালিতে প্রদাহ হয়, কিছু উপসর্গ দেখা দেয়। একেই রিফ্লাক্স ইসোফেজাইটিস বলে।

কেন হয়?

নানা কারণেই খাবারসহ অ্যাসিড ওপরের দিকে উঠে আসতে পারে। খাদ্যনালি ও পাকস্থলীর সংযোগের অংশ যদি কোনো কারণে দুর্বল বা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এমনটা হতে পারে। কোনো কারণে যদি পেটের ভেতরের চাপ বেড়ে যায়, যেমন গর্ভধারণ, অতিরিক্ত মুটিয়ে যাওয়া ইত্যাদি কারণেও এ সমস্যা হতে পারে। ধূমপান এবং কিছু ওষুধও রিফ্লাক্সের কারণ হতে পারে। হায়াটাল হার্নিয়া নামে পাকস্থলীর একটি সমস্যার কারণেও রিফ্লাক্স ইসোফেজাইটিস হতে পারে।

কী ধরনের সমস্যা হতে পারে

রিফ্লাক্স ইসোফেজাইটিস হলে বুকজ্বলা, বুকব্যথা, খাবার গিলতে ব্যথা, ওপরের পেটে ব্যথা, বমিভাব, কাশি, কণ্ঠস্বরে পরিবর্তন, শ্বাসকষ্ট ইত্যাদি সমস্যা হতে পারে। রোগনির্ণয়ের জন্য উপসর্গ বিবেচনায় এন্ডোস্কপি, ম্যানোমেট্রি, পিএইচ মনিটরিংয়ের প্রয়োজন হতে পারে।

চিকিৎসা

জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন এবং অ্যাসিড নিয়ন্ত্রণ করে এমন কিছু ওষুধ ব্যবহার করে রিফ্লাক্স নিয়ন্ত্রণ করা যায়। এ রোগের দীর্ঘমেয়াদি জটিলতার মধ্যে খাদ্যনালির নিচের অংশ সরু হওয়া এবং খাদ্যনালির ক্যানসার অন্যতম। ঘন ঘন নিউমোনিয়া ও দীর্ঘমেয়াদি কাশিও হতে পারে। এ ছাড়া সারাক্ষণ, বিশেষ করে খাবার খাওয়ার পর অস্বস্তি লেগেই থাকে।

জীবনাচরণে পরিবর্তন

জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন এনে রিফ্লাক্স ইসোফেজাইটিস প্রতিরোধ করা যেতে পারে। অতিরিক্ত বা পেট ভরে খাবেন না, অল্প পরিমাণে বারবার খাওয়ার চেষ্টা করুন। খাওয়ার সময় বেশি পানি পান করবেন না, খাওয়ার অন্তত আধা ঘণ্টা পর পানি পান করুন। খাওয়ার পরপরই শুয়ে পড়বেন না। রাতে ঘুমানোর অন্তত দুই থেকে তিন ঘণ্টা আগে খাবার খেতে হবে। শরীরের ওজন বেশি হলে কমাতে হবে। আঁটসাঁট জামাকাপড় পরে খাওয়া চলবে না। ধূমপান, অ্যালকোহল, কফি, চকলেট ইত্যাদি এড়িয়ে চলতে হবে। রাতে সমস্যা হলে বিছানার মাথার দিক একটু উঁচু করে রাখতে হবে। সমস্যা বেশি হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে স্বল্প মেয়াদে কিছু ওষুধ সেবন করতে পারেন।

ডা. মোহাম্মদ জাকির হোসেন : সহযোগী অধ্যাপক, পরিপাকতন্ত্র, লিভার ও প্যানক্রিয়াস রোগ বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, ঢাকা