গলার ডান পাশে টনসিলে ব্যথা অনুভূত হয়, কী করণীয়?

রোগবালাই যেমন আছে, তেমনি আছে উপশমের উপায়। স্বাস্থ্য ও বিভিন্ন রোগ নিয়ে পাঠকদের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
সংগৃহীত

প্রশ্ন

আমার বয়স ৫১ বছর। গত ১০ কি ১২ বছর ধরে আমার গলার ডান পাশে টনসিলে ব্যথা অনুভূত হয়। সব সময় একটা অস্বস্তি অনুভব করি। কিন্তু খাবার খেতে কোনো অসুবিধা হয় না। ঘুম থেকে ওঠার পর ব্যথা বেশি অনুভব করি। মাঝেমধ্যে মাথার পেছন দিকে প্রচণ্ড ব্যথা অনুভব করি। তখন আর কোনো কিছু ভালো লাগে না। এমনকি কোনো কথা বলতেও ইচ্ছা করে না। চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরও কোনো প্রতিকার পাইনি। আমার এখন কী করণীয়?—নিপেশ পাল, সুনামগঞ্জ

পরামর্শ

গলার পেশিতে খিঁচ বা টান ধরলেও এমনটা হতে পারে। জন্মগত কোনো সমস্যার কারণে এ বয়সে এ ধরনের লক্ষণ দেখা যাওয়া মোটেও অস্বাভাবিক নয়। তবে ঠিক কোন কারণে আপনার এমন সমস্যা হচ্ছে, তা জানতে এবং সে অনুযায়ী ব্যবস্থা পেতে অবশ্যই একজন নাক, কান, গলা বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা প্রয়োজন। চিকিৎসক প্রথমে আপনার গলা পরীক্ষা করে দেখবেন, এরপর প্রয়োজনমতো তিনি অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেবেন।

চিকিৎসকের কাছে যাওয়ার আগে বাসায় রোজ তিন থেকে চারবার উষ্ণ কাপড়ের সাহায্যে গলায় সেঁক দিতে পারেন। আবার পেশির আরামের জন্য মাসল রিলাক্সেন্ট ওষুধ খেয়ে দেখতে পারেন। এ চিকিৎসায় ভালো থাকলে মাস দুয়েক চালিয়ে যেতে পারেন। তবে এতে কাজ না হলে চিকিৎসককে দেখানো ছাড়া অন্য কোনো ওষুধ সেবন করা উচিত হবে না।

পরামর্শ দিয়েছেন—ডা. এ এফ মহিউদ্দিন খান, সাবেক বিভাগীয় প্রধান, নাক কান গলা বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ।

প্রশ্ন পাঠানোর ঠিকানা

স্বাস্থ্য জিজ্ঞাসা

ই–মেইল: [email protected]

ফেসবুক: www.facebook.com/ProShastho

ডাকযোগে: প্র স্বাস্থ্য, প্রথম আলো, ১৯ কারওয়ার বাজার, ঢাকা ১২১৫