গোপন করবেন না শিশুর অটিজম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মস্তিষ্কের বিকাশ হয়তো অন্য সাধারণ শিশুদের মতো হয়নি, কিন্তু সে পিছিয়ে পড়া নয়। আপন মনে ছবি আঁকছে অটিজম–আক্রান্ত এক শিশু। ছবিটি গত রোববার নিষ্পাপ অটিজম ফাউন্ডেশন পরিচালিত বিদ্যালয় থেকে তোলা l জুয়েল শীল
মস্তিষ্কের বিকাশ হয়তো অন্য সাধারণ শিশুদের মতো হয়নি, কিন্তু সে পিছিয়ে পড়া নয়। আপন মনে ছবি আঁকছে অটিজম–আক্রান্ত এক শিশু। ছবিটি গত রোববার নিষ্পাপ অটিজম ফাউন্ডেশন পরিচালিত বিদ্যালয় থেকে তোলা l জুয়েল শীল

অটিজম কোনো রোগ নয়, মস্তিষ্কের স্নায়বিক বিকাশের প্রতিবন্ধকতা মাত্র। যার ফলে শিশু অন্যের সঙ্গে যোগাযোগ ও সামাজিক সম্পর্ক তৈরি করতে পারে না। অটিজমের সূচনা মস্তিষ্কের প্রাথমিক বিকাশকালীন সময়ে। সাধারণত ১২ থেকে ১৮ মাস বয়সে শিশুদের মাঝে লক্ষণ স্পষ্ট হয়। কোনো কোনো শিশু দেড়-দুই বছর বয়স পর্যন্ত স্বাভাবিকভাবে বেড়ে ওঠে। এরপর তাদের মধ্যে অটিজমের লক্ষণ প্রকাশিত হয়।

অটিজমের কারণ হিসেবে বংশগত প্রভাব, পরিবেশের প্রভাব, মায়ের গর্ভকালীন জটিলতা, কম ওজন ইত্যাদির সম্পৃক্ততা আছে বলে বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন। অটিজমের চিকিৎসার জন্য এখন পর্যন্ত কোনো ওষুধ পাওয়া যায়নি। প্রাথমিক পর্যায়ে অটিজম শনাক্ত করে দ্রুত আচরণগত এবং অন্যান্য ব্যবস্থা নিলে এই শিশুরাও অন্য শিশুদের মতো উন্নতি করতে পারে।

অটিজম আক্রান্ত সন্তানকে আড়ালে না রেখে যত দ্রুত সম্ভব চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর কাছে নিয়ে যেতে হবে। পাশাপাশি শিশুকে ভর্তি করাতে হবে বিশেষায়িত বিদ্যালয় কিংবা সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে। বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে তাকে কর্মক্ষম করে তোলা যায় l প্রথম আলো
অটিজম আক্রান্ত সন্তানকে আড়ালে না রেখে যত দ্রুত সম্ভব চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর কাছে নিয়ে যেতে হবে। পাশাপাশি শিশুকে ভর্তি করাতে হবে বিশেষায়িত বিদ্যালয় কিংবা সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে। বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে তাকে কর্মক্ষম করে তোলা যায় l প্রথম আলো

কখন চিকিৎসকের কাছে নিতে হবে: এ ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কোনো শিশু যদি ছয় মাস বয়সের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে না হাসে, নয় মাসের ভেতর তার পরিচিতজনের সঙ্গে কোনো প্রতিক্রিয়ামূলক আচরণ না করে, এক বছর বয়সে মুখে কোনো শব্দ না করে, আঙুল দিয়ে কোনো কিছু না দেখায়, কোনো অঙ্গভঙ্গি না করে, ১৬ মাস বয়সে একটি শব্দও না বলে, দুই বছরের ভেতর দুটি শব্দের বাক্য না বলে, অর্জিত সামাজিক বা যোগাযোগ দক্ষতা যদি হঠাৎ করে হারিয়ে ফেলে, তবে শিশু অটিজমে আক্রান্ত হতে পারে। এমন অবস্থায় দ্রুত নিকটস্থ স্বাস্থ্যসেবাকেন্দ্র বা শিশু চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

অটিজমের লক্ষণ: অটিজমের লক্ষণ সব আক্রান্ত শিশুর মধ্যে একই রকম নয়। তবে অন্যতম লক্ষণ হলো এরা একা থাকতে পছন্দ করে, নাম ধরে ডাকলে সাড়া দেয় না, শুনলেও চোখে চোখ রেখে তাকায় না, কোনো বিশেষ জিনিসের প্রতি অস্বাভাবিক আসক্তি, বড়দের হাত টেনে প্রয়োজন বোঝায়, অতিমাত্রায় অস্থির অথবা নিষ্ক্রিয়, যা শুনে হুবহু সেটাই বলে, ভয়ের বা বিপদের অনুভূতি নেই, অর্থহীন শারীরিক বিভিন্ন অঙ্গভঙ্গি করে, ব্যথা পেলে অনুভব করতে পারে না, সব স্বাভাবিক খাবার খেতে পারে না, একই নিয়মে চলতে পছন্দ করে।

প্রয়োজন সচেতনতা: অটিজম আক্রান্ত ব্যক্তির সংখ্যা অন্যান্য দেশের মতো আমাদের দেশেও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় পরিচালিত জরিপ অনুযায়ী ২ লাখ ৪৭ হাজার ৩৬ জন প্রতিবন্ধীর মধ্যে ৪৬ হাজার ৫৬৯ জন অটিজম আক্রান্ত। বাস্তবে এ সংখ্যা আরও অনেক বেশি। অনেক মা–বাবা না বুঝে অথবা লজ্জায় কিংবা বিভিন্ন কুসংস্কারের জন্য অটিজম–আক্রান্ত সন্তানকে লোকচক্ষুর অন্তরালে রাখছেন। এ ক্ষেত্রে তাই সামাজিক সচেতনতা প্রয়োজন।

কোথায় মিলবে সেবা: সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিকাশকেন্দ্র, ঢাকা শিশু হাসপাতাল, শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট মাতুয়াইল, চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সিআরপি, সুইড-বাংলাদেশ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এবং ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিস–অর্ডার অ্যান্ড অটিজম ইন চিলড্রেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা এবং ঢাকা ও চট্টগ্রাম শহরে অভিভাবকদের প্রচেষ্টায় গড়ে ওঠা অটিজম শিক্ষা ও প্রশিক্ষণকেন্দ্রে এ–সংক্রান্ত সেবা মিলবে।

নিবিড় প্রশিক্ষণ: বহুমুখী প্রশিক্ষণের মাধ্যমে আক্রান্ত রোগীদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনা সম্ভব। প্রশিক্ষণ নিতে হবে অভিভাবকদেরও। এ জন্য বিশেষ প্রশিক্ষক, শিশু মনস্তাত্ত্বিক, অকুপেশনাল থেরাপিস্ট, বিহেভিয়র থেরাপিস্ট ও স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের তত্ত্বাবধানে রাখতে হবে শিশুকে। পাশাপাশি শিশুকে বিশেষায়িত বিদ্যালয় কিংবা সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করাতে হবে। লক্ষ্য থাকবে একটাই বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে শিশুকে কর্মক্ষম করে তোলা।

সরকারের উদ্যোগ: বাংলাদেশ সরকার সব প্রতিবন্ধীর মতো অটিজমকেও সমান গুরুত্ব দিচ্ছে। অটিজম এবং অন্যান্য নিউরো-ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার–বিষয়ক জাতীয় কমিটির চেয়ারপারসন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা হোসেনের নেতৃত্বে এ ক্ষেত্রে নানা কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

‘আমার সন্তান অটিজম–আক্রান্ত এটা লজ্জার বা পাপের বিষয় নয়। আসুন সবাই সচেতন হই, অটিজম–আক্রান্ত সন্তানকে লুকিয়ে না রেখে যত দ্রুত সম্ভব চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর কাছে নিয়ে যাই। শিশুকে সঠিক পরামর্শ নিয়ে সমাজের মূলধারায় ফিরিয়ে আনার চেষ্টা করি।’

বাসনা মুহুরী

সহযোগী অধ্যাপক শিশুস্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও অটিজমে আক্রান্ত সন্তানের মা