গয়নায় অ্যালার্জি?
ইমিটেশনের গয়নায় অনেকের অ্যালার্জি হয়। কানের দুল বা চুড়ি বা গলার হার যেখানটাতে পরা হয়, সে জায়গা লাল হয়ে যায়, চুলকায়, অনেক সময় ফুসকুড়ির মতোও দেখা যায়। বেশির ভাগ ক্ষেত্রেই এমন গয়নার সংকর ধাতু নিকেলের জন্য এই অ্যালার্জি হয়।
কিন্তু সোনা বা রুপায়ও অ্যালার্জি হতে পারে। তবে সংখ্যাটা খুবই কম। যাদের নিকেল বা ইমিটেশনে অ্যালার্জি আছে, তাদের দীর্ঘ সময় এ ধরনের গয়না পরে না থাকাই উচিত। গরমে ঘেমে গেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। কেননা ঘাম ও নিকেল মিলে তখন নিকেল লবণ তৈরি করে, যা আরও অ্যালার্জি বাড়াতে পারে। গয়নার নিচে সাবান বা পানি আটকে গেলেও সমস্যা বাড়ে। এ ধরনের সমস্যা থেকে বাঁচতে ইমিটেশনের গয়না পরলেও তা যেন হয় খুব অল্প সময়ের জন্য, বাড়িতে এসেই খুলে ফেলুন। খুব আঁটোসাঁটো গয়না পরবেন না। গয়নার নিচে খানিকটা ট্যালকম পাউডার দিয়ে নিলে উপকার মেলে। কখনো অ্যান্টি-অ্যালার্জিক ওষুধও খেয়ে নিতে পারেন। সূত্র: হেলথ গাইডলাইনস|