
দৈনন্দিন কাজকর্মে দেহভঙ্গির নানা ভুলের কারণে ঘাড় ব্যথা, কোমর ব্যথাসহ নানা সমস্যা হতে পারে। টানা কাজ না করে মাঝে মাঝে বিরতি নিন। বাড়িতে কাজ করার সময় সঠিক দেহভঙ্গি সম্পর্কে সচেতনতা জরুরি:
১. দীর্ঘক্ষণ মেরুদণ্ড বাঁকিয়ে বসে বঁটিতে কাটাকাটি করলে ঘাড়ে ব্যথা হতে পারে। বঁটির পরিবর্তে ছুরি দিয়ে একটি বোর্ডের (চপিং বোর্ড) ওপরে সবজি বা মাংস কাটার অভ্যাস করুন। বোর্ডটি সুবিধাজনক উচ্চতায় রাখুন। বাড়তি টেবিল রাখার জায়গা না পেলে ভাঁজ করে রাখা যায় এমন টেবিল (ফোল্ডিং টেবিল) কিনতে পারেন। টেবিলে সব সরঞ্জাম রেখে চেয়ারে বসে কাজ করতে পারেন।
২. টেবিলে বেলন-পিঁড়ি রেখে রুটি তৈরি করতে পারেন। তাহলে ঘাড় ও কোমর বেশি বাঁকাতে হয় না।
৩. দাঁড়িয়ে রান্না করা ভালো। সুবিধাজনক উচ্চতায় চুলা রাখলে মেরুদণ্ড না বাঁকিয়েই রান্না করা যাবে।
৪. রান্নাঘরে সিঙ্ক থাকলে দাঁড়িয়ে বাসন-কোসন পরিষ্কার করতে পারবেন। সারা দিনের বাসন-কোসন জমিয়ে রেখে একবারে পরিষ্কার করতে গেলে ঘাড়ে ব্যথা হতে পারে। তাই অল্প অল্প করে কাজ করতে হবে।
৫. দীর্ঘ সময় ধরে উপুড় হয়ে কাপড় পরিষ্কার করতে গেলে কোমর বা ঘাড়ে ব্যথা হতে পারে। পানিতে কার্যকর কোনো পরিষ্কারক মিশিয়ে নিয়ে বেশ খানিকটা সময় কাপড় ভিজিয়ে রাখার পর অল্প সময়েই তা ধোয়া শেষ করে ফেলতে পারেন।
৬. দাঁড়িয়ে ঘর মোছা ভালো। ঘর মোছার জন্য কাপড়ের পরিবর্তে স্ট্যান্ডসহ মপ ব্যবহার করা ভালো।
৭. গোসলের সময় বালতি থেকে পানি নিতে গিয়ে বারবার ঘাড় বাঁকাতে হয় বলে অসুবিধায় পড়তে পারেন। এ ক্ষেত্রে গোসলখানায় টুল ব্যবহার করতে পারেন। যাঁরা শাওয়ার ব্যবহার করেন, তাঁদের অবশ্য এসব ঝক্কি নেই।
৮. ভারী বালতি বা অন্য যেকোনো ভারী বস্তু তুলতে গেলেও কোমর বাঁকানো যাবে না। ভারী কোনো জিনিস একবারে তোলার চেয়ে পুরো ওজনটাকে কয়েক ভাগে ভাগ করে তোলা এবং বহন করা ভালো।
অধ্যাপক সোহেলী রহমান
বিভাগীয় প্রধান, ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল
>আমাদের দৈনন্দিন জীবনে রয়েছে নানা রকম স্বাস্থ্যসমস্যা। অনেক সময় ঘরে বসেই কিংবা জীবনধারা পরিবর্তনের মাধ্যমে এসব সমস্যার সমাধান সম্ভব। আপনার সমস্যা নিয়ে প্রশ্ন পাঠান। উত্তর দেবেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। বয়স লিখতে ভুলবেন না।
স্বাস্থ্যসমস্যা নিয়ে প্রশ্ন পাঠাতে পারেন এই ঠিকানায়: ভালো থাকুন
প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ই-মেইল: bhalothakun @prothom-alo.info