ঘাম থেকে হওয়া দুর্গন্ধ খুবই বিব্রতকর একটি সমস্যা। এ রকম গরমে ঘাম তো হবেই, চলাফেরায় তা ধীরে ধীরে শুকিয়ে গেলেও দুর্গন্ধটা রয়ে যায়। এটা কাজের জায়গাসহ বাইরে নিজের জন্য যেমন বিব্রতকর, তেমনি আশপাশের অন্যদের জন্যও অস্বস্তিকর।
ঘাম আসলে কী? ত্বকে থাকা ব্যাকটেরিয়া ঘর্মগ্রন্থি থেকে নিঃসৃত ঘামকে ভেঙে ফ্যাটি অ্যাসিড ও অ্যামোনিয়া তৈরি করে। এই রাসায়নিক উপাদানগুলোই দুর্গন্ধ তৈরি করে। বয়ঃসন্ধিকালে, বিশেষ করে ছেলেদের ঘর্মগ্রন্থির বিশেষ ধরনের নিঃসরণের কারণে ঘামের দুর্গন্ধ বেড়ে যায়। এসব গ্রন্থির অবস্থান বগল, বুক ও যৌনাঙ্গের ত্বকে। অতিরিক্ত তেল-মসলাসমৃদ্ধ খাবার খেলে ঘামের দুর্গন্ধ বাড়ে। রসুন, অ্যালকোহল ও কিছু ওষুধও এ সমস্যার জন্য দায়ী হতে পারে। এ ছাড়া অতিরিক্ত ওজন, ডায়াবেটিস, থাইরয়েডের সমস্যা, মেনোপজের পর অতিরিক্ত ঘাম হয়। কারও কারও আবার এ সমস্যা বংশগত।
পরিত্রাণের উপায় কী?
* ত্বক শুকনো রাখার চেষ্টা করুন। ঘাম জমার সঙ্গে সঙ্গে মুছে ফেলুন। সম্ভব হলে ঘামে ভেজা কাপড়চোপড় পালটে ফেলুন।
* নিয়মিত গোসল করা জরুরি। সাবান দিয়ে গোসল করলে বগল ও শরীরের নির্দিষ্ট কিছু জায়গার ব্যাকটেরিয়া ধুয়ে যায়। পরে আবার জন্মায়। তাই গরমের দিনে প্রতিদিন একবার তো বটেই, দুবার গোসল করা ভালো।
* আন্ডার আর্ম বা বগল নিয়মিত শেভ করা ভালো। গোসলের সময় বগল, কুঁচকি ইত্যাদি জায়গায় অ্যান্টিমাইক্রোবিয়াল সাবান ঘষতে পারেন। এতে উপকার হয়।
* পায়ের মোজা ও অন্তর্বাস প্রতিদিন পরিবর্তন করবেন। ত্বকে যেকোনো রোগ ও সংক্রমণের সঠিক চিকিৎসা করুন। ডিওডোরেন্ট ব্যবহার করতে পারেন।
এ ছাড়া যদি মাত্রাতিরিক্ত ঘাম নিঃসরণ হয়, চিকিৎসকের পরামর্শ নিন।
ডা. তাহমিনা আক্তার
চর্ম বিভাগ, বারডেম হাসপাতাল