
আমাদের পরিপাকতন্ত্র, প্রায় ২৫ ফুট লম্বা অন্ত্র, নানা ধরনের জানা-অজানা রাসায়নিক, উৎসেচক আর হরমোন মিলে এখনো রহস্যময়। তবে এ কথা ঠিক, যুগের পর যুগ ধরে আমাদের খাদ্যাভ্যাস ও জীবনযাপন পদ্ধতির পরিবর্তনের প্রভাব শরীরের সামগ্রিক ব্যবস্থার ওপর পড়েছে। আর পরিপাকতন্ত্র এর বড় উদাহরণ। তাই নিত্যনতুন নানা ধরনের রোগবালাই আক্রমণ করছে মানুষকে। পাল্টে যাচ্ছে রোগের ধরন, প্রকৃতি, আচরণ। আজকের চিকিৎসকেরা তাই বলেন, ভালো থাকতে হলে ভালোভাবে জীবন যাপন করতে হবে।
পেটের ভেতরকার ক্ষুদ্র প্রাণী
মানুষের বৃহদন্ত্রে যত কোষ আছে, তার ১০ গুণ বেশি আছে নানা জাতের শত শত প্রজাতির জীবাণু বা ব্যাকটেরিয়া। এর সব কটি সম্পর্কে এখনো আমরা ওয়াকিবহাল নই। তবে এটুকু জানা গেছে যে এরা আমাদের ভালো থাকা না-থাকাকে যথেষ্ট প্রভাবিত করে। আমরা যেসব খাবার হজম করতে পারি না, যেমন পলিস্যাকারাইড, এরা তা ভেঙে শক্তি জোগায়; যা আমাদের শক্তির চাহিদার ১০ শতাংশের মতো পূরণ করে। তাই এই উপকারী জীবাণুদের ধ্বংস করাটা ঠিক নয়। অ্যান্টিবায়োটিকের অকারণ ও অদূরদর্শী ব্যবহার এদের সঙ্গে মানুষের চমৎকার সহাবস্থানকে বিনষ্ট করে।
আজকাল খাবারের মধ্যে প্রচুর আঁশ খেতে বলা হয়। বলা হয় আঁশযুক্ত খাবার ওজন নিয়ন্ত্রণ করে, হৃদ্রোগ, উচ্চ রক্তচাপ এমনকি ক্যানসারকেও প্রতিহত করে। এই আঁশের সঙ্গেও সম্পর্ক আছে অন্ত্রের জীবাণুদের।
ভালো থাকার জন্য চাই স্বাস্থ্যকর খাবার
প্রাণিজ আমিষ আমাদের জন্য খুব ভালো নয়। তাজা শাকসবজি ও ফলমূল সুস্থ রাখে পরিপাকতন্ত্রকে। অতিরিক্ত প্রাণিজ আমিষ ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। ভোজ্যতেল হিসেবে কর্ন তেল, সানফ্লাওয়ার তেল, সয়াবিন ও জলপাই তেল অপেক্ষাকৃত ভালো। একই তেল বারবার ব্যবহার করলে বা উচ্চ তাপমাত্রায় পরিবর্তিত হয়ে তৈরি করে ট্রান্স ফ্যাট, যা ক্ষতিকর। ভাজা-পোড়া ও ফাস্টফুড তাই বর্জন করাই ভালো। ধূমপান যে কেবল ফুসফুস ও হৃদ্যন্ত্রের ক্ষতি করে তা নয়, এটি পেটের ক্ষত বা আলসার ও ক্যানসারও সৃষ্টি করতে পারে।
ক্ষতিকর রাসায়নিক
ফলমূলে রাসায়নিকের ব্যবহার নিয়ে যত উচ্চবাচ্য করা হয়, আমরা আসলে ততটাই নীরব আরেক ভয়ংকর রাসায়নিকের ব্যবহার সম্পর্কে। আর তা হলো অনিয়ন্ত্রিত সার ও কীটনাশক। যা অচিরেই পরিপাকতন্ত্রসহ দেহের নানা ক্যানসারের প্রাদুর্ভাব বাড়িয়ে দেবে।
চাই স্বাস্থ্যকর অভ্যাসের চর্চা
পরিপাকতন্ত্রের অনেক রোগই অনিরাপদ পানি, খাবার ব্যবহার ও পরিচ্ছন্নতাজ্ঞানের অভাব থেকে সৃষ্ট। এখনো আমাদের দেশে ডায়রিয়া, টাইফয়েড, জন্ডিসের মতো পানিবাহিত রোগের প্রাদুর্ভাব কমেনি। বাড়ি বা রেস্তোরাঁর রান্নাঘরের পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতার অভাব আর অস্বাস্থ্যকর অভ্যাসগুলো এর জন্য দায়ী। ছোটবেলা থেকেই পরিষ্কার-পরিচ্ছন্নতা, খাওয়ার আগে ও টয়লেট ব্যবহারের পর হাত ধোয়ার অভ্যাস এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার প্রশিক্ষণ দিতে হবে শিশুদের।
>

অধ্যাপক মাহমুদ হাসান
সাবেক উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, পরিপাকতন্ত্র, যকৃৎ ও অগ্ন্যাশয় বিশেষজ্ঞ