চুল পড়তে পড়তে মাথার চুল প্রায় অর্ধেক হয়ে গেছে, কী করব?

রোগবালাই যেমন আছে, তেমনি আছে উপশমের উপায়। স্বাস্থ্য ও বিভিন্ন রোগ নিয়ে পাঠকদের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: ১

আমার ছেলের বয়স ১০ বছর। ছোটবেলা থেকে হাত ও পায়ের পাতা ঘামে। আবার একটু দৌড়াদৌড়ি করলেই পুরো শরীর ঘেমে যায়। বিশেষ করে মাথা বেশি ঘামে। দেখা যাচ্ছে মুঠোফোন বা কিছু হাতে নিয়ে খেললেও হাত ও পায়ের তালু ঘেমে যায়। চিকিৎসক দেখানো হলে তিনি ড্রাই কেয়ার লোশন তিন মাস ব্যবহার করতে বলেন। কিন্তু লোশনটি ব্যবহার করার পরও অবস্থার কোনো উন্নতি হয়নি। এ ক্ষেত্রে করণীয় কী?

আব্দুল্লাহ আল-আমিন চৌধুরী, কাজীপুর, সিরাজগঞ্জ

পরামর্শ: ১

ছোট শিশুদের ঘাম একটু বেশি হতেই পারে, এ নিয়ে উদ্বেগের কিছু নেই। তার ওজন কমছে কি না জানাননি। যদি কমে, তবে থাইরয়েড হরমোন পরীক্ষা করে নিন। অতিরিক্ত ঘামে যেন পানিশূন্যতা না হয়, সেদিকে নজর রাখবেন। এটা এমনিতেই কমে যাবে।

পরামর্শ দিয়েছেন—অধ্যাপক ডা. মো. আসিফুজ্জামান, বিভাগীয় প্রধান, গ্রিন লাইফ মেডিকেল কলেজ, ঢাকা

চুল পড়ার সমস্যায় ভুগছেন অনেকেই
ছবি: প্রথম আলো, মডেল: অহনা

প্রশ্ন:২

আমি একজন মেয়ে। বয়স ১৬, ওজন ৬৫ কেজি, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। দু-তিন বছর ধরে চুল পড়ার সমস্যায় ভুগছি। চুল পড়তে পড়তে মাথার চুল প্রায় অর্ধেক হয়ে গেছে। মাথার ত্বকে প্রচুর খুশকি হয়। নিয়মিত কিটোকোনাজল শ্যাম্পু ব্যবহার করলে খুশকির মাত্রা কমে যায়। পিরিয়ড অনিয়মিত। কখনো কখনো দু-তিন মাস পরপর পিরিয়ড হয়। এসব সমস্যা সমাধানের জন্য কী করতে পারি?

মারিয়া হোসেন

পরামর্শ: ২

অনিয়মিত মাসিক বা পিরিয়ডের জন্য অবশ্যই আপনাকে একজন হরমোন রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে, সেটার কারণ নির্ণয় করতে হবে এবং সঠিক চিকিৎসা গ্রহণ করতে হবে। এ অবস্থায় চুলের চিকিৎসা করে খুব একটা ফল পাওয়া যাবে না। মাথার খুশকির জন্য কিটোকোনাজল শ্যাম্পু ব্যবহার করতে পারেন এবং এটা হয়তো আপনাকে সপ্তাহে এক দিন বা দুই দিন চালিয়ে যেতে হবে। আপনার মাথার ত্বকে অন্য কোনো ধরনের অসুখ বা সমস্যা আছে কি না, সেটা নির্ণয়ের জন্য অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া প্রয়োজন।

পরামর্শ দিয়েছেন—ডা. মো. কামরুল হাসান চৌধুরী, চর্ম, যৌন, অ্যালার্জি, লেজার অ্যান্ড হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সার্জন ও কনসালট্যান্ট, ল্যাবএইড হাসপাতাল, ঢাকা