চেনা রোগ প্রতিরোধে করণীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক নজরুল ইসলাম সাবেক প্রধান, ভাইরোলজি বিভাগ ও সাবেক উপাচার্য, বিএসএমএমইউ
অধ্যাপক নজরুল ইসলাম সাবেক প্রধান, ভাইরোলজি বিভাগ ও সাবেক উপাচার্য, বিএসএমএমইউ

ফ্লু, ডেঙ্গুজ্বর, হেপাটাইটিসসহ আমাদের পরিচিত অনেক রোগই ভাইরাসজনিত। ভাইরাসের স্বতন্ত্র কোনো অস্তিত্ব নেই। অন্যের দেহে বা কোষে এর বিস্তার ঘটে। অনুকূল পরিবেশ না পেলে এরা শরীরে সংক্রমণ ঘটাতে পারে না। আবার কিছু নির্দোষ ভাইরাসও আছে। যেমন কিছু ভাইরাস শ্বাসনালিতে বসবাস করে, কিন্তু কোনো সমস্যা তৈরি করে না। কিন্তু ঠান্ডা লাগলে, হঠাৎ বৃষ্টিতে ভিজলে বা অনুকূল পরিবেশ পেলে এসব ভাইরাস শ্বাসনালিতে সংক্রমণ ঘটায় এবং সর্দি-কাশি, জ্বর, গলাব্যথার কারণ হয়ে ওঠে। কিছু ভাইরাস খাবারের সাহায্যে খাদ্যনালিতে সংক্রমণ ঘটায় এবং ডায়রিয়া, কলেরা হয়। আবার কিছু ভাইরাস খাদ্যনালি হয়ে যকৃতে গিয়ে হেপাটাইটিসের সংক্রমণ ঘটায়। কিছু ভাইরাস সরাসরি রক্তে সংক্রমণ করে।
ভাইরাস সংক্রমণ পরিবেশ পরিস্থিতি, আবহাওয়ার পরিবর্তন ও আমাদের পরিচ্ছন্নতাবোধের ওপর অনেকটাই নির্ভর করে। আবহাওয়ার পরিবর্তনে সাধারণত শ্বাসনালির ভাইরাসগুলোর বৃদ্ধি ঘটে। এতে জ্বর, সর্দি-কাশি, মাথাব্যথা, গলাব্যথা, অনেক সময় শরীরব্যথাও হয়ে থাকে। বেশির ভাগ শ্বাসতন্ত্র আক্রমণকারী ভাইরাস ৭ থেকে ১০ দিনের মধ্যে এমনিতেই ভালো হয়ে যায়। তবে কিছু ক্ষেত্রে জটিলতাও সৃষ্টি করতে পারে। বিশেষ করে শিশু, অন্তঃসত্ত্বা নারী ও বয়োবৃদ্ধদের।
আবহাওয়ার সঙ্গে সম্পর্কিত আরেকটি গুরুত্বপূর্ণ ভাইরাস ডেঙ্গু। বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা যায়। বৃষ্টির পানি বিভিন্ন জায়গায় জমা হয়। সেখানে এডিস মশার বৃদ্ধি ঘটে। সঠিক চিকিৎসা ও সচেতনতার মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব।

.
.


হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই ইত্যাদি ভাইরাস যকৃতে সংক্রমণ করে। এর মধ্যে এ, ই দূষিত খাবারের সঙ্গে এবং বি, সি দূষিত রক্তের মাধ্যমে দেহে প্রবেশ করে। একটু সচেতন হলেই এসব ভাইরাস থেকে মুক্ত থাকা যায়।
চাই সচেতনতা ও প্রতিরোধ: আবহাওয়া পরিবর্তনের সময় যেন ঠান্ডা না লাগে। হঠাৎ বৃষ্টিতে ভেজা বা খুব ঘামে ভেজা খারাপ। ফ্লু একজন থেকে আরেকজনে দ্রুত ছড়ায়। সবার সামনে হাঁচি-কাশি না দিয়ে টিস্যু বা রুমাল ব্যবহার, সর্দি-কাশি হলে নোংরা হাত বারবার ধোয়া ও হাত দিয়ে অন্যের ব্যবহার্য জিনিস না ধরা জরুরি। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার অভ্যাস রপ্ত করতে হবে শৈশব থেকেই।
বাইরের নোংরা ও দূষিত খাবার–পানি এড়িয়ে চলুন। শরীরে রক্ত গ্রহণের সময় চেনাজানা দাতার কাছ থেকে নিন। ব্যবহৃত সুচ, ব্লেড, সিরিঞ্জ কখনোই ব্যবহার করা নয়।
কিছু ভাইরাসের বিপক্ষে ভ্যাকসিন আছে, তা গ্রহণ করে নিরাপদ থাকা যায়। শিশুদের পোলিওসহ ভাইরাসজনিত অনেক রোগ টিকার মাধ্যমে সাফল্যের সঙ্গে নির্মূল করা গেছে। এ ছাড়া কিছু আছে, যেগুলো বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নেওয়া উচিত। যেমন সারভাইকেল ক্যানসার ভ্যাকসিন। হেপাটাইটিস বি ভ্যাকসিন এখন ইপিআই অন্তর্ভুক্ত। হেপাটাইটিস ই ভ্যাকসিন বাজারে পাওয়া যায়। সুখবর হলো, এখন প্রাণঘাতী হেপাটাইটিস সিও ওষুধ দিয়ে নিরাময় করা সম্ভব।
অধ্যাপক নজরুল ইসলাম
সাবেক প্রধান, ভাইরোলজি বিভাগ ও সাবেক উপাচার্য, বিএসএমএমইউ