জরায়ুমুখ ক্যানসার সচেতনতায় আমাদের করণীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জরায়ুমুখ ক্যানসার সচেতনতা নিয়ে একটি ওয়েবিনারের আয়োজন করে ইনসেপ্​টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ২৯ জানুয়ারি এই ওয়েবিনারে জরায়ুমুখ ক্যানসার নিয়ে মতামত তুলে ধরেন বেশ কয়েকজন চিকিৎসক।

অধ্যাপক রোকেয়া আনোয়ার

অধ্যাপক রোকেয়া আনোয়ার

বিভাগীয় প্রধান, গাইনোকোলজিক্যাল অনকোলজি, এনআইসিআরএইচ


নারীর সুস্বাস্থ্য রক্ষায় জরায়ুমুখের ক্যানসার শনাক্তকরণ পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে মাত্র ১৫ শতাংশ নারী শনাক্তকরণ প্রক্রিয়ার আওতায় এসেছেন।

ভায়া প্রক্রিয়ার অংশ হিসেবে জরায়ুমুখের ক্যানসার শনাক্তকরণ পরীক্ষা করালে ৯০ শতাংশ রোগীর ক্ষেত্রে জটিল পরিস্থিতিতে পড়ার আশঙ্কা থাকে না। চিকিৎসার প্রাথমিক পর্যায়েই তাঁদের রোগ নিরাময় করা যায়। বাকি ১০ শতাংশ রোগীকে হয়তো পরবর্তী সময়ে চিকিৎসা দিতে হয়। কিন্তু এই প্রক্রিয়ায় পুরো চিকিৎসাব্যবস্থার ওপর চাপ কমে যায়।

অধ্যাপক ফেরদৌসী বেগম

অধ্যাপক ফেরদৌসী বেগম

প্রেসিডেন্ট, ওজিএসবি, সাবেক প্রেসিডেন্ট, এসএএফওজি


জরায়ুমুখের ক্যানসার কেন গুরুত্বপূর্ণ—এই বিষয়টির অনেকগুলো দিক রয়েছে। প্রথমত, এটি একটি ক্যানসার, যা মানুষের দুর্ভোগের কারণ। সময়মতো চিকিৎসা না পেলে খুব যন্ত্রণা নিয়ে মানুষ মারা যায়। পরিসংখ্যান বলছে, প্রতিবছর আট থেকে দশ হাজার নারী জরায়ুমুখের ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান।

দ্বিতীয়ত, এ ধরনের ক্যানসার মূলত ওই দু-একটি ক্যানসারের মধ্যে একটি, যার সুনির্দিষ্ট কারণ জানা গেছে। আমাদের সৌভাগ্য যে এই ক্যানসারের টিকা রয়েছে, যা ৯০ শতাংশের বেশি কার্যকর। বিশ্বে এখন জরায়ুমুখের ক্যানসার নির্মূল করার জন্য ২০৩০ সালের মধ্যে ৯০ শতাংশ নারীকে এইচপিভি টিকা, ৯০ শতাংশ নারীকে স্ত্রিনিং করা এবং ৯০ শতাংশ নারীকে যথাযথ চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অধ্যাপক সাবেরা খাতুন

অধ্যাপক সাবেরা খাতুন

সেক্রেটারি জেনারেল, জিওএসবি


এই রোগের ক্ষেত্রে কেবল টিকা প্রদান কার্যক্রমের মাধ্যমেই দীর্ঘস্থায়ী সুফল পাওয়া সম্ভব। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সত্য

কথা।

যত দূর জানতে পেরেছি, ইনসেপ্​টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড গুণগত মান অক্ষুণ্ন রেখে সুলভ মূল্যে এই টিকা দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে নিয়ে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে। এটা আমাদের জন্য খুবই আশাব্যঞ্জক খবর।

অধ্যাপক টি এ চৌধুরী

অধ্যাপক টি এ চৌধুরী

প্রেসিডেন্ট, গাইনোকোলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ (জিওএসবি),

সাবেক প্রেসিডেন্ট, ওজিএসবি


জরায়ুমুখের ক্যানসারের চিকিৎসার ক্ষেত্রে আমরা মাঝামাঝি পর্যায়ে আছি। টিকা প্রদান কার্যক্রম আমরা শুরু করেছিলাম। কিছু কারণে সেটা ধারাবাহিকতা হারিয়েছে। আমরা স্ক্রিনিং প্রোগ্রাম নিয়মিত করছি। এ ক্ষেত্রে আমরা অনেকটা সফল। তবে এখনো আমাদের অনেক দূর যেতে হবে।

এত কিছুর সত্ত্বেও কিছু রোগীর মৃত্যু হবে। কিছু রোগী একদম মুমূর্ষু অবস্থায় আসবে। তাদের চিকিৎসার ক্ষেত্রে আমাদের উন্নতি করতে হবে। সেটার জন্য যন্ত্রপাতি ছাড়াও লোকবল বৃদ্ধি করতে হবে। সর্বশেষ যাঁরা এত সব ব্যবস্থা গ্রহণ করেও ক্যানসারে আক্রান্ত হয়ে যান, তাঁদের রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করতে হবে।

জান্নাতুল ফেরদৌস জোনাকি

জান্নাতুল ফেরদৌস জোনাকি

অধ্যাপক, গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগ, িবএসএমএমইউ


উন্নত চিকিৎসা মূলত ঢাকাকেন্দ্রিক। উন্নত চিকিৎসার বিকেন্দ্রীকরণ অর্থাৎ ঢাকার বাইরেও তৃণমূল পর্যায়ে অস্ত্রোপচার সুবিধা বিস্তৃত করতে হবে।

আমরা যদি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে কর্মশালার মাধ্যমে খুব অল্প সময়ে কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি, তাহলে মেডিকেল কলেজ হাসপাতাল এবং ক্রমান্বয়ে জেলা পর্যায়ে যদি পৌঁছানো যায়, তাহলে আমাদের রোগীরা সঠিক চিকিৎসাসেবা পাবে।

বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে, অনেক রোগী জানার পরও টাকার অভাবে ক্যানসারের চিকিৎসা করাতে পারছে না।

অধ্যাপক শাহলা খাতুন

অধ্যাপক শাহলা খাতুন

জাতীয় অধ্যাপক, সাবেক প্রেসিডেন্ট, ওজিএসবি


ক্যানসার চিকিৎসা সম্বন্ধে আমরা অনেকগুলো প্রোগ্রাম করেছি। সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি করার জন্য নানা ধরনের কার্যক্রম চালিয়ে যেতে হবে।

ক্যানসার চিকিৎসা সম্পর্কে যদি বলি—আমার মনে হয় না যে আমরা খুব বেশি পেছনে পড়ে আছি। বাংলাদেশে এখন ক্যানসারের প্রতিটি স্তরে রোগনির্ণয় এবং চিকিৎসা দেওয়ার সক্ষমতা আছে। যেখানে আমাদের ক্ষমতা নেই, একদম শেষ স্তরে গিয়েও আমরা প্যালিয়াটিক সেবা দিয়ে সাহায্য করতে পারি। এ ক্ষেত্রে দু-একটি বেসরকারি হাসপাতাল খুবই ভালো করছে।

অধ্যাপক ফৌজিয়া হোসেন

অধ্যাপক ফৌজিয়া হোসেন

অধ্যাপক, গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগ, িবএসএমএমইউ

জরায়ুমুখের ক্যানসারের আধুনিক চিকিৎসা প্রদানের জন্য প্রচুর পরিমাণে দক্ষ মানবসম্পদ প্রয়োজন। এই রোগ নিরাময়ে ২০১০ সাল থেকে অভিজ্ঞ চিকিৎসকমণ্ডলী দ্বারা পরিচালিত ‘See and Treat’ চিকিৎসা পদ্ধতি প্রচলিত আছে। এ পদ্ধতিতে রোগীর ক্যানসারপূর্ব অবস্থা শনাক্ত করে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

জরায়ুমুখের ক্যানসার নিরাময়ে বাংলাদেশের চিকিৎসা পদ্ধতি দক্ষিণ–পূর্ব এশিয়ায় একটি মাইলফলক। দেশের ১৪ দশমিক ৩ শতাংশ নারীকে চিকিৎসার আওতায় নিয়ে আসা গেছে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার লক্ষ্যমাত্রা পূরণে এই পরিসংখ্যানকে অন্তত ৭০ শতাংশে উন্নীত করতে হবে।

অধ্যাপক রওশন আরা বেগম

অধ্যাপক রওশন আরা বেগম

সাবেক প্রেসিডেন্ট, ওজিএসবি
জরায়ুমুখের ক্যানসার একটি প্রতিরোধযোগ্য ক্যানসার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের বারবার শিক্ষা দিচ্ছে যে তোমরা ইচ্ছে করলেই পারো, তোমরা করো।

আমার মতে, মসজিদের ইমাম, কাজি—এমন প্রভাবশালী ব্যক্তিদেরও এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত করতে হবে। কাজির প্রতি অনুরোধ থাকবে যেন ১৮ বছরের নিচে কারোর বিয়ে না পড়ান।

জরায়ুমুখের ক্যানসার সম্বন্ধে বলতে চাই, আমাদের ৯০ শতাংশের টিকা দেওয়া উচিত। একজন নারীকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া যাবে না। অথচ ৯০ শতাংশ ক্ষেত্রে আমরা ইচ্ছা করলেই এটি প্রতিরোধ করতে পারি।

অধ্যাপক রোবেদ আমিন

অধ্যাপক রোবেদ আমিন

লাইন ডিরেক্টর, এনসিডিসি, ডিজিএইচএস


আন্তর্জাতিক পর্যায়ে দেশগুলো যেভাবে ক্যানসার প্রোগ্রামকে এগিয়ে নিয়ে গেছে, বাংলাদেশ কিন্তু সেই গতিতে এগোতে পারেনি। গত এক বছরে দেখেছি, কিছুতেই আমরা কারও সঙ্গে একীভূত হয়ে ক্যানসারের কোনো রেজিস্ট্রি প্রোগ্রাম শুরু করতে পারলাম না।

তারপরও আমি চেষ্টা করেছি এটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। কারণ, যখনই একটি ন্যাশনাল ক্যানসার রেজিস্ট্রি প্রোগ্রাম করতে চাওয়া হবে, তখনই কিন্তু সংশ্লিষ্ট সবাইকে একীভূত হতে হবে। আমাদের ওজিএসবি, ক্যানসার সোসাইটি, ইনস্টিটিউট কিংবা ব্যক্তি পর্যায়েও সবাই এক হলে এবং সরকারের সঙ্গে বসে একীভূত হতে পারলে কাজ করতে সুবিধা হবে।

ডা. মো. আজিজুল আলিম

ডা. মো. আজিজুল আলিম

প্রোগ্রাম ম্যানেজার, মাতৃস্বাস্থ্য, ডিজিএইচএস


জরায়ুমুখের ক্যানসারে আক্রান্ত হওয়ার ১০ থেকে ১৫ বছর সময়ের মধ্যে রোগী মৃত্যুবরণ করেন। আর এই রোগ যদি বাংলাদেশের নারীদের জন্য দ্বিতীয় বৃহত্তম রোগ হয়, তা আমাদের জন্য অবশ্যই দুঃখজনক।

এই ক্যানসার প্রতিরোধের জন্য আমাদের প্রথমেই স্ক্রিনিং দরকার। আমরা একটা প্ল্যানিংয়ের পর্যায়ে আছি। সবকিছু ঠিক থাকলে আমরা আশা করছি আগামী সেপ্টেম্বর থেকে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করতে পারব।

প্রান্তিক পর্যায়ে কাজ করার ক্ষেত্রে কিছু বাধা থাকে। এ ক্ষেত্রে আমাদের সম্মিলিত প্রয়াস দরকার।

অধ্যাপক ফারহানা দেওয়ান

অধ্যাপক ফারহানা দেওয়ান

প্রেসিডেন্ট ইলেক্ট, ওজিএসবি

সারা বিশ্বে অনেক উন্নত চিকিৎসার ফলে এই রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। কিন্তু কিছু দেশ আছে (যেমন বাংলাদেশ) যেখানে এখনো সময়মতো রোগনির্ণয় ও চিকিৎসার অভাবে নারীরা মারা যাচ্ছে।

জরায়ুমুখের ক্যানসার নির্মূলের লক্ষ্যে ২০২০ সালে তিনটি স্তম্ভ ঘোষণা করেছে; এর মধ্যে বাংলাদেশ একটি স্বাক্ষরকারী দেশ। স্তম্ভ তিনটি হলো:

১. ৯০ শতাংশ কিশোরীকে ভ্যাকসিনেশনের আওতায় আনতে হবে;

২. ৭০ ভাগ নারীকে স্ক্রিনিংয়ের ব্যবস্থা করতে হবে;

৩. ৯০ ভাগ জরায়ুমুখের ক্যানসারে আক্রান্ত নারীদের চিকিৎসার আওতায় আনতে হবে।

অধ্যাপক স্বপন কুমার বন্দ্যোপাধ্যায়

অধ্যাপক স্বপন কুমার বন্দ্যোপাধ্যায়

পরিচালক, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল (এনআইসিআরএইচ)

জরায়ুমুখের ক্যানসারে সচেতনতা, টিকা প্রদান এবং মৃত্যুর সংখ্যা কমানোর কথা প্রথম বলেছে ওজিএসবি। ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ অ্যান্ড হসপিটাল ওজিএসবির কার্যক্রমের সঙ্গে জড়িত। আমাদের মনোযোগ সাধারণত রাজধানীকেন্দ্রিক হয়ে থাকে। কিন্তু এটি একটি জনস্বাস্থ্যের বিষয় এবং এ ধরনের কাজ দেশের প্রান্তিক পর্যায় থেকে শুরু হওয়া উচিত।

এখন বিনা মূল্যে জরায়ুমুখের ক্যানসার নির্ণয় করা যায়। আমরা ওপরের পর্যায় থেকে যে কাজগুলো করার চেষ্টা করি, সেগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের তত্ত্বাবধানে সেখানকার সেবাদানকারীরা যদি প্রান্তিক পর্যায় থেকে করতে পারেন, সেটি সবচেয়ে ভালো হবে।

অধ্যাপক গুলশান আরা

অধ্যাপক গুলশান আরা

সেক্রেটারি জেনারেল, ওজিএসবি


ওজিএসবি আয়োজিত গোলটেবিল আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিশ্বব্যাপী জরায়ুমুখের ক্যানসার সচেতনতার বিষয়টি আলোচিত হচ্ছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদ্​যাপনকালে বাংলাদেশ সরকার জরায়ুমুখের ক্যানসার নির্মূলের নিমিত্তে বিভিন্ন প্রোগ্রাম হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই গোলটেবিল আলোচনার আয়োজন করেছি।