জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জরায়ুমুখের ক্যানসার নারীদের জন্য একটি ভয়াবহ ব্যাধি। প্রতি বছর নতুন করে প্রায় বাংলাদেশে ১২ হাজারের মতো নারীর শরীরে এই ক্যানসার শনাক্ত হচ্ছে।

রোগের লক্ষণ

প্রাথমিক পর্যায়ে রোগের লক্ষণ নাও থাকতে পারে। স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্কের সময় রক্ত যাওয়া, যোনীপথে বাদামি অথবা রক্তমিশ্রিত দুর্গন্ধযুক্ত স্রাবের আধিক্য, অনিয়মিত রক্তপাত এগুলো জরায়ুমুখের কানসারের সাধারণ লক্ষণ। অগ্রবর্তী পর্যায়ে তলপেটে ব্যথা, কোমরের নিচের অংশে ব্যথা, মূত্রথলিতে ও মলত্যাগের রাস্তায় সমস্যা দেখা দেয়।

যে কারণে বাড়ছে জরায়ু ক্যানসার

বাংলাদেশে মেয়েদের খুব অল্প বয়সে বিয়ে আর ঘন ঘন সন্তান জন্মদানকেই এর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া রয়েছে স্বাস্থ্য সম্পর্কে উদাসীনতা, যৌনাঙ্গের পরিচ্ছন্নতা সম্পর্কে শিক্ষার মারাত্মক অভাব এবং বহুগামিতা। যে ভাইরাসের কারণে জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত হয় তার নাম হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস।

জরায়ুমুখের ক্যানসার নির্ণয় পদ্ধতি

যেকোনো রোগের ক্ষেত্রে প্রতিরোধ প্রতিকারের তুলনায় উত্তম। সব রোগের ক্ষেত্রে প্রতিরোধ সম্ভব না হলেও জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধ করা সম্ভব। কারণ, জীবাণু প্রবেশের পর জরায়ুমুখে ক্যানসার হতে ১৫ থেকে ২০ বছরের মতো সময় লাগে। সুতরাং ক্যানসার হওয়ার আগেই নির্ণয়ে অনেক সময় পাওয়া যায়। জরায়ুমুখের ক্যানসার নির্ণয়ের প্রাথমিক ধাপটি অত্যন্ত সহজ।

 এ ছাড়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী খুব সহজেই জরায়ুমুখ দেখতে এবং পরীক্ষা করতে পারেন। ক্যানসার আগে ধরা পড়লে সামান্য চিকিৎসার মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। এ ক্ষেত্রে জরায়ু ফেলে দেওয়ার প্রয়োজন হয় না এবং চিকিৎসার পরও সন্তান ধারণ সম্ভব। দেশের সরকারি হাসপাতাল, এমনকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও এটি নির্ণয়ের প্রাথমিক ধাপ বা ভায়া টেস্ট বিনা মূল্যে করা হয়। ক্যানসার হওয়ার আগে খালি চোখে যখন জরায়ুমুখে কোনো রকম ক্ষত বা চাকা দেখা যায় না, তখন কোনো যন্ত্রপাতি ছাড়াই ভিজ্যুয়াল ইন্সপেকশন অব সারভিক্স উইথ অ্যাসিটিক অ্যাসিড পদ্ধতির মাধ্যমে জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধ সম্ভব৷ কোনো লক্ষণ না থাকলে প্রতি তিন বছর পর পর এই পরীক্ষা করতে বলা হয়। এ ছাড়া প্যাপসমেয়ার এবং কলকোস্কোপি পরীক্ষাও রয়েছে। একটু ব্যয়বহুল পরীক্ষার মধ্যে রয়েছে এইচপিভি ডিএনএ পরীক্ষা যার মাধ্যমে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটি শনাক্ত করা যায় এবং জরায়ুমুখে ক্যানসার হবে কি না সেটাও আগে থেকে জানতে পারা যায়।

জরায়ুমুখের ক্যানসারের চিকিৎসা

জরায়ুমুখে ক্যানসার ধরা পড়লে তা ছড়িয়ে পড়ার আগেই সাধারণত অপারেশনের মাধ্যমে জরায়ু কেটে বাদ দেওয়া হয়৷ কিন্তু দেরি হয়ে গেলে রোগ ছড়িয়ে পড়ে৷ কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দিয়েও চিকিৎসা দেওয়া যায়। যদি কেউ আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে আসেন তাহলে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা নিলে শতভাগ মুক্তি লাভ করা সম্ভব।

জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধক ভ্যাকসিন

জরায়ুমুখের ক্যানসারের জন্য দায়ী এইচপিভি ভাইরাসের অনেকগুলো প্রকারের মধ্যে নয়টি রয়েছে যেগুলো ক্যানসার তৈরি করবেই। এই নয়টির মধ্যে দুটির বিরুদ্ধে সারভারিক্স নামে বাইভ্যালেন্ট ভ্যাকসিন রয়েছে। আরেকটি রয়েছে কোয়াড্রিভেলেন্ট ভ্যাকসিন। ৬, ১১, ১৬, ১৮ এই চারটি ভাইরাসের বিরুদ্ধে কার্যকর এটি। সারভারিক্স ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকার মধ্যে পাওয়া যায়। আর কোয়াড্রিভেলেন্টের দাম একটু বেশি। ৪ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত।

ভ্যাকসিনগুলোর তিনটি ডোজ। প্রথম ডোজের এক মাস পরে দ্বিতীয় ডোজ এবং প্রথম ডোজের ছয় মাস পরে তৃতীয় ডোজ টিকা নিতে হয়। ভ্যাকসিন নেওয়ার সবচেয়ে উপযুক্ত সময় হলো বিবাহিতজীবন বা যৌনজীবন শুরুর আগে। সাধারণত ৯ বছর থেকে হলো উপযুক্ত সময়। এ ছাড়া যেকোনো সময়েই দিতে পারে। স্ক্রিনিং পরীক্ষার জন্য একটি সময় বেঁধে দেওয়া হয়। মেনোপজের আগ পর্যন্ত মহিলারা স্ক্রিনিং করবেন এবং যদি ৫০ বছর হয়ে যায়, তাঁর আর ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন নেই। গর্ভাবস্থায় এ টিকা প্রদানের অনুমোদন নেই। আক্রান্ত হয়ে ক্যানসার সংঘটনের পর এই টিকা আর কোনো কাজে আসে না।

সুতরাং জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে দেশব্যাপী ভায়া পদ্ধতির বিস্তারের পাশাপাশি প্রয়োজন ভ্যাকসিন সুবিধা নেওয়ার জন্য ব্যাপক জনসচেতনতা। আর এ জন্য দেশের গণমাধ্যমগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

লেখক: আবাসিক চিকিৎসক, প্যাথলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।